মারা গেছেন চলচ্চিত্র অভিনেত্রী নাসিমা খান। গতকাল সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মৃত্যু হয় তাঁর। নাসিমা খানের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক সনি রহমান।
জানা গেছে, বেশ কয়েক দিন ধরে অসুস্থ ছিলেন নাসিমা খান। গতকাল শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে আর ফেরা হলো না তাঁর। অভিনেত্রী নাসিমা খানের মৃত্যুতে চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
ষাটের দশক থেকে আশির দশক পর্যন্ত বাংলা ও উর্দু ভাষার সিনেমায় জনপ্রিয় মুখ ছিলেন নাসিমা খান। ১৯৫৯ সালে ‘জাগো হুয়া সাভেরা’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয় তাঁর। প্রথম নায়িকা চরিত্রে অভিনয় করেন ১৯৬১ সালে মুক্তি পাওয়া ‘যে নদী মরু পথে’ সিনেমায়। এই সিনেমা দিয়ে দর্শক মহলে পরিচিতি ও জনপ্রিয়তা পান এই অভিনেত্রী। সর্বশেষ ২০১১ সালে ইমপ্রেস টেলিফিল্মের ‘কুসুম কুসুম প্রেম’ সিনেমায় দেখা যায় তাঁকে।