এ বছরের শুরুতে নেদারল্যান্ডসের ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারডাম (আইএফএফআর) দিয়ে যাত্রা শুরু হয় মেজবাউর রহমান সুমনের ‘রইদ’ সিনেমার। গত ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তির পরও বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিচ্ছে সিনেমাটি। এবার কানাডার মোজাইক ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কৃত হলো রইদ। তিনটি পুরস্কার জিতে নিয়েছে সিনেমাটি।
এবার অনুষ্ঠিত হয়েছে মোজাইক ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের ১২তম আসর। উৎসবে রইদ সিনেমার জন্য সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন নাজিফা তুষি। সাদুর বউ চরিত্রে তাঁর অনবদ্য ও প্রাণবন্ত অভিনয় আন্তর্জাতিক বিচারকদের নজর কেড়েছে।
সাদুর বউ হয়ে ওঠার জন্য দীর্ঘদিনের প্রস্তুতি নিয়েছেন তুষি। চরিত্রটি খানিকটা বিকারগ্রস্ত, রহস্যময়। তাই অভিনেত্রী ছয় মাসের বেশি সময় ঢাকার জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল, মানসিক আরোগ্য পরিষেবা (ডিএমএইচ) ও পাবনা মানসিক হাসপাতালে নিয়মিত আসা-যাওয়া করেছেন। কথা বলেছেন মানসিক চিকিৎসকদের সঙ্গে। শুটিংয়ে পরেছেন অন্যের ব্যবহৃত পোশাক, ব্যবহার করেননি সৌন্দর্যবর্ধক প্রসাধনী। মিশে গেছেন স্থানীয় গ্রামের মানুষের সঙ্গে। পুরস্কার প্রাপ্তিতে অনুভূতি ব্যক্ত করে নাজিফা তুষি বলেন, ‘এই পুরস্কার আমার জন্য খুব আনন্দের এবং একই সঙ্গে আবেগের। রইদ আমার কাছে শুধু একটি সিনেমা নয়, এটি এমন একটি কাজ, যার সঙ্গে অনেক মানুষের শ্রম, ভালোবাসা ও স্বপ্ন জড়িয়ে আছে। সাদুর বউ চরিত্রটি আমার জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল।’
নাজিফা তুষির পাশাপাশি সিনেমাটোগ্রাফিতে জোহায়ের মুসাভবির জ্যোতি এবং সেরা সংগীতের পুরস্কার জিতেছেন রশীদ শরীফ শোয়াইব। এই উৎসবে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে নেপালের ‘এলিফ্যান্টস ইন দ্য ফগ’। এ বছর কান চলচ্চিত্র উৎসবে ‘আঁ সার্তে রিগা’ বিভাগে জুরি পুরস্কার অর্জন করেছিল সিনেমাটি।
রইদ সিনেমার গল্পে উঠে এসেছে সাদু ও তার স্ত্রী পাগলির সম্পর্কের এক সরল অথচ গভীর আখ্যান। প্রেম ও নীরবতার মধ্য দিয়ে মানবজীবনের চিরন্তন এক জীবনবোধ তুলে ধরা হয়েছে এতে। তুষির বিপরীতে সাদু চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান। আগামী বছরের মার্চে অনুষ্ঠেয় অস্কারের ৯৯তম আসরে ‘বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ বিভাগে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবে রইদ।