হোম > বিনোদন > সিনেমা

বাক্‌প্রতিবন্ধীর চরিত্রে মৌসুমী হামিদ

বিনোদন প্রতিবেদক, ঢাকা

‘জ্বীনের বাচ্চা’ ওয়েব ফিল্মে সহশিল্পী আজাদ আবুল কালামের সঙ্গে মৌসুমী হামিদ। ছবি: সংগৃহীত

বাকপ্রতিবন্ধী নারীর চরিত্রে একটি ওয়েব ফিল্মে অভিনয় করেছেন মৌসুমী হামিদ। ফিল্মের নাম ‘জ্বীনের বাচ্চা’। সিনেমার গল্প গ্রামের এক বাক্‌প্রতিবন্ধী নারীকে ঘিরে। একে তো বাক্‌প্রতিবন্ধী, তার ওপর নিঃসন্তান সে। ফলে সংসার জীবনে নেমে আসে অশান্তির ছায়া। স্বামী ও শ্বশুরবাড়ির অবহেলা, প্রতিবেশীদের কটূক্তি—সব মিলিয়ে সে নিঃসঙ্গ, একা এক সামাজিক লড়াইয়ের মুখোমুখি। এমন গল্পে তৈরি হয়েছে জ্বীনের বাচ্চা। আগামীকাল ১৮ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টায় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে ওয়েব ফিল্মটি।

জ্বীনের বাচ্চা পরিচালনা করেছেন অভিনেতা মোস্তাফিজুর নূর ইমরান। এই ওয়েব ফিল্ম দিয়ে সিনেমার পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন মোস্তাফিজুর নূর ইমরান। গত রোববার রাতে প্রকাশ পেয়েছে জ্বীনের বাচ্চার ট্রেলার। ১ মিনিট ১৩ সেকেন্ডের ট্রেলারের একপর্যায়ে গ্রামবাংলার প্রচলিত জিন তাড়ানোর কবিরাজি বা আচার-অনুষ্ঠানের দৃশ্যও দেখা গেছে।

জ্বীনের বাচ্চায় অভিনীত চরিত্রটি নিয়ে মৌসুমী হামিদ বলেন, ‘এটি শুধু মাতৃত্বের গল্প নয় বরং গভীর বেদনার গল্প। চরিত্রটিতে দুঃখ ছাড়া কিছু নেই। তবে তার কষ্ট কিছুটা লাঘব হয়, যখন সে নিজেকে কোনো এক শিশুর মা হিসেবে কল্পনা করতে শুরু করে।’

বাক্‌প্রতিবন্ধীর চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা জানিয়ে মৌসুমী হামিদ বলেন, ‘কথা না বলে শুধু অভিব্যক্তির মাধ্যমে অভিনয় করাটা ভীষণ কঠিন। চরিত্রের প্রস্তুতির জন্য নির্মাতা আমাকে টানা তিন দিন সেটে কথা বলতে দেননি। সেই নীরবতার কষ্টই হয়তো চরিত্রে বাস্তব বেদনার ছাপ এনে দিয়েছে।’

নিজের প্রথম নির্মাণ নিয়ে নূর ইমরান বলেন, ‘এটি মূলত মাতৃত্বের গল্প। আমার বিশ্বাস এই জগতে হোক বা অন্য কোনো জগতে, মাতৃত্বের ভাষা একই। সেই সর্বজনীন অনুভূতিকেই আমি পর্দায় তুলে ধরতে চেয়েছি। পাশাপাশি সমাজে লুকিয়ে থাকা এক অদৃশ্য অস্বস্তিকে রূপকভাবে উপস্থাপনের চেষ্টা করেছি। দেখতে দেখতে দর্শক হয়তো কোনো গল্প বা জগৎকে এক্সপ্লোর করতে পারবে।’

জ্বীনের বাচ্চা ওয়েব ফিল্মের গল্প লিখেছেন স্বাক্ষর কুন্ডু দীপ। চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন রাজীব হোসেন। মৌসুমী হামিদ ছাড়া এতে আরও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, সরকার রওনক রিপন, অদ্রিজিৎ মন্ডল, আনোয়ারুল হক, রিবন খন্দকার প্রমুখ।

বৈশাখী সাজে শোবিজ তারকারা

বিনা মূল্যে দেখা যাবে প্রীতম-জেফারের ওয়েব ফিল্ম

ঈদে ‘রইদ’ মুক্তির ঘোষণা, নতুন গান প্রকাশ

মস্কো থেকে যাত্রা শুরু হচ্ছে ‘কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’ সিনেমার

‘অতল’ নিয়ে মস্কো চলচ্চিত্র উৎসবে যাচ্ছেন যুবরাজ শামীম

শুভশ্রী ও অনির্বাণকে নিয়ে পরিচালনায় আসছেন দেব

শাকিব খানের আইডিয়ায় নির্মিত হচ্ছে ‘রকস্টার’

কলকাতার আরও এক সিনেমায় চঞ্চল চৌধুরী

কান উৎসবের লাইনআপ ঘোষণা, এবার স্বাধীন ধারার নির্মাতাদের প্রাধান্য

শুরু হচ্ছে আমীরুল আরহাম ডকুমেন্টারি ফিল্ম রেট্রোস্পেকটিভ