ব্যয় সংকোচনের ধারাবাহিকতায় চলতি বছরে তৃতীয়বারের মতো কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটল দ্য ওয়াল্ট ডিজনি। নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জশ ডি’আমারোর নেতৃত্বে এবার আরও কয়েক শ কর্মীকে চাকরিচ্যুত করা হয়েছে। সংবাদমাধ্যম ডেডলাইন জানিয়েছে এ খবর।
প্রতিবেদনে বলা হয়, এবারের কর্মী ছাঁটাইয়ের বড় ধাক্কা লেগেছে মূলত প্রযুক্তি ও মানবসম্পদ বিভাগে। তবে ডিজনির টেলিভিশন বিভাগ এবং চলচ্চিত্র প্রযোজনা স্টুডিও এই দফায় ছাঁটাইয়ের বাইরে রয়েছে।
এর আগে ৫০ বছর বা তার বেশি বয়সী এবং অন্তত এক দশক প্রতিষ্ঠানটিতে কাজ করেছেন এমন শীর্ষস্থানীয় কর্মকর্তাদের ‘ঐচ্ছিক আগাম অবসর’ নেওয়ার সুযোগ দিয়েছিল ডিজনি। সেই প্রক্রিয়া শেষ হওয়ার পরপরই নতুন করে কর্মী ছাঁটাইয়ের এই পদক্ষেপ নিল প্রতিষ্ঠানটি। তা ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে প্রাতিষ্ঠানিক কাজের অটোমেশন বাড়ানোর ইঙ্গিতও আগেই দিয়ে রেখেছিলেন ডিজনির শীর্ষ নীতিনির্ধারকেরা।
গত মার্চে বব আইগারের স্থলাভিষিক্ত হয়ে সিইওর দায়িত্ব নেওয়ার পর থেকেই দফায় দফায় কর্মী ছাঁটাই করছেন জশ ডি’আমারো। গত এপ্রিলে প্রথম দফায় প্রায় এক হাজার কর্মী এবং জুলাই মাসে পিক্সার ও ন্যাশনাল জিওগ্রাফিকের আরও কয়েক শ কর্মীকে অব্যাহতি দেওয়া হয়।
তবে আগের তুলনায় এবারের ছাঁটাইয়ের মাত্রা কিছুটা কম। ২০২২ সালে বব আইগার দায়িত্বে ফেরার পর ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে ডিজনি প্রায় ৮ হাজার কর্মী ছাঁটাই করেছিল, যার মাধ্যমে ব্যয় সাশ্রয় হয়েছিল প্রায় ৭৫০ কোটি ডলার। বিশ্বজুড়ে বর্তমানে প্রতিষ্ঠানটিতে প্রায় ২ লাখ ৩১ হাজার কর্মী কাজ করছেন।