রায়হান রাফীর ‘আন্ধার’ সিনেমায় জুটি হয়েছেন সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। প্রথম কোনো সিনেমায় একসঙ্গে অভিনয় করলেন তাঁরা। গত অক্টোবরে মুক্তির কথা ছিল সিনেমাটির। কিন্তু শেষ মুহূর্তে পিছিয়ে যায়। ঘোষণা দেওয়া হয় নতুন তারিখ, আগামী বছর ২৬ মার্চ মুক্তি পাবে সিনেমাটি। এরই মাঝে নতুন এক সিনেমায় একসঙ্গে অভিনয় শুরু করেছেন সিয়াম-তুষি। এবার ঘোষণা এল সেই সিনেমার মুক্তির তারিখ।
আগামী রোজার ঈদে অর্থাৎ মার্চের প্রথম সপ্তাহেই মুক্তি পাবে সিনেমাটি। শঙ্খ দাশগুপ্ত পরিচালিত সিনেমাটির নাম ‘আবার দেখা হলে’। ফলে সিয়াম-তুষি জুটির আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে তাঁদের অভিনীত দ্বিতীয় সিনেমা দিয়ে।
শঙ্খ দাশগুপ্তের সিনেমায় সিয়াম ও তুষির অভিনয়ের কথা এ মাসের শুরু থেকেই শোনা যাচ্ছিল। তবে নির্মাতা ও অভিনয়শিল্পীরা ছিলেন চুপ। অবশেষে গতকাল আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হলো আবার দেখা হলে সিনেমার। এতে সিয়াম-তুষির সঙ্গে আরও থাকছেন চঞ্চল চৌধুরী। এই জুটির প্রথম সিনেমা আন্ধারেও অভিনয় করেছেন চঞ্চল। আবার দেখা হলে সিনেমার অন্যান্য চরিত্রে অভিনয় করছেন দীপা খন্দকার, আজিজুল হাকিম, বিজরী বরকতুল্লাহ, রেজওয়ান পারভেজ প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করছে ফিল্মি ফিচারস, সহপ্রযোজক এবং অফিশিয়াল ডিজিটাল পার্টনার হিসেবে যুক্ত হয়েছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি।
শঙ্খ দাশগুপ্ত জানান, আবার দেখা হলে সিনেমার গল্প সমাজের মধ্যবিত্ত শ্রেণিকে ঘিরে। আবেগ, পারিবারিক মূল্যবোধ ও পারিবারিক আবহের বিষয় রয়েছে সিনেমাটিতে, রয়েছে বাস্তব জীবনের দ্বন্দ্ব এবং নাটকীয়তা। মূল আবেগকে ঘিরে সিনেমায় হাস্যরসও রয়েছে।
শঙ্খ দাশগুপ্ত আরও বলেন, ‘এটা মূলত নিজেকে ফিরে পাবার গল্প। এই ফিরে পাবার মধ্যে এত কিছু রয়েছে, যেটা একটা একটা করে বলা মুশকিল। সহজ হবে যদি কেউ তাঁর নিজেকে চিন্তা করেন। নিজের ফেলে আসা সময়কে ফিরে পেতে, খুঁজে দেখতে, প্রশ্ন করতে বা কারণ জানতে চাইলে যে যে অনুভূতি ও পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হবে, এই সিনেমার গল্পও সেভাবে সাজানোর চেষ্টা করা হয়েছে। আমার কাছে মনে হয়েছে, প্রতিটি দর্শকই এটা নিজের সঙ্গে মেলাতে পারবেন।’
আবার দেখা হলে শঙ্খ দাশগুপ্তের দ্বিতীয় সিনেমা। এর আগে তিনি বানিয়েছেন ‘প্রিয় মালতী’। এ ছাড়া ওটিটির জন্য তাঁর বানানো ‘চা গরম’ প্রশংসিত হয়েছে। নির্মাতা জানান, আবার দেখা হলে ড্রামা ঘরানার সিনেমা, যা প্রেক্ষাগৃহে উপভোগ করা যাবে পরিবারের সব বয়সী সদস্যদের নিয়ে। সিনেমাটির চিত্রনাট্য রচনা করেছেন মো. সাইফুল্লাহ রিয়াদ।