হোম > বিনোদন > সিনেমা

প্রপিতামহকে নিয়ে গর্ব করে বিপাকে কোরিয়ান অভিনেত্রী

বিনোদন ডেস্ক

হা ইয়োং। ছবি: সংগৃহীত

প্রপিতামহকে নিয়ে গর্ব করে বিপাকে পড়েছেন দক্ষিণ কোরিয়ান অভিনেত্রী হা ইয়োং। প্রপিতামহ আন সাং হোর ‘জাপানপন্থী কর্মকাণ্ডের’ কথা না জেনে সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁকে নিয়ে গর্ব করে ক্যারিয়ারের সবচেয়ে বড় সংকটে পড়েছেন অভিনেত্রী। ক্ষমা চেয়েও শেষরক্ষা হচ্ছে না। বিতর্কের জেরে একে একে বন্ধ হয়ে যাচ্ছে হা ইয়োংয়ের বিভিন্ন বিজ্ঞাপন ও অনুষ্ঠানের প্রচার।

এ বিতর্কের সূচনা হয় ৭ আগস্ট কেবিএস ২ টিভি চ্যানেলে প্রচারিত এক অনুষ্ঠানে। সেখানে হা ইয়োং বেশ গর্ব করে বলেন, ‘আমাদের পরিবারে চার প্রজন্ম ধরে ডাক্তার হওয়ার ঐতিহ্য রয়েছে।’ তিনি জানান, তাঁর প্রপিতামহ জাপানে চিকিৎসাশাস্ত্রে পড়াশোনা করে সিউলে প্রথম পশ্চিমা ধাঁচের হাসপাতাল গড়ে তোলেন। তৎকালীন রাজাকেও চিকিৎসাসেবা দিয়েছিলেন।

অনুষ্ঠানটি প্রচারের পর দক্ষিণ কোরিয়ার নেটিজেনরা অনুসন্ধান করে জানতে পারেন, অভিনেত্রী হা ইয়োংয়ের প্রপিতামহ আন সাং হো জাপানি ঔপনিবেশিক শাসনের পক্ষে কাজ করতেন। ১৯১০ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত কোরিয়াকে জোরপূর্বক দখল করে রেখেছিল জাপান, যা কোরিয়ানদের ইতিহাসে সবচেয়ে যন্ত্রণাদায়ক অধ্যায়।

আন সাং হো ১৯১৬ সালে এমন এক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন, যা জাপানি শাসনকে সমর্থন করত। তিনি জাপানি স্টাইলে জীবন যাপন করতেন এবং জাপানের পক্ষে প্রচারণা চালাতেন। কোরিয়ার স্বাধীনতা দিবসের ঠিক কয়েক দিন আগে একজন তারকার মুখে এমন প্রপিতামহকে নিয়ে গর্ব করার বিষয়টি দর্শকদের ক্ষুব্ধ করে তোলে।

অভিনেত্রী হা ইয়োংয়ের এজেন্সির পক্ষ থেকে শুরুতে এসব অভিযোগকে ভিত্তিহীন দাবি করা হলে দক্ষিণ কোরিয়ায় তীব্র জনরোষ তৈরি হয়। বিতর্ক চূড়ান্ত রূপ নিলে ১২ আগস্ট ইনস্টাগ্রামে হাতে লেখা চিঠি পোস্ট করে ক্ষমা চান অভিনেত্রী।

চিঠিতে হা ইয়োং লেখেন, ‘পরিবারের মুখে শোনা গল্প থেকে আমি আমার প্রপিতামহের জীবন সম্পর্কে আংশিক জানতাম। না জেনে সেই ইতিহাসকে গর্বের সঙ্গে বিভিন্ন জায়গায় তুলে ধরার জন্য আমি লজ্জিত। আমার প্রপিতামহের এই কর্মকাণ্ড সম্পর্কে আমি অবগত ছিলাম না। ঔপনিবেশিক আমলের যন্ত্রণাদায়ক ইতিহাস না জেনে পরিবারের ঐতিহ্য নিয়ে কথা বলা আমার ভুল ছিল।’

ক্ষমা চাওয়ার পরও অভিনেত্রী হা ইয়োংয়ের প্রতি কোরিয়ান দর্শকদের নেতিবাচক প্রতিক্রিয়া কমছে না। বিতর্কের মুখে এরই মধ্যে সাক্ষাৎকারটি পাবলিক প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেওয়া হয়েছে। টেলিযোগাযোগ প্রতিষ্ঠান এলজি ইউ প্লাসের জন্য করা হা ইয়োংয়ের একটি বিজ্ঞাপন প্রাইভেট করে দিয়েছে কর্তৃপক্ষ। এর আগে স্যামসাং ইলেকট্রনিকস, নেভার, পোশাকের ব্র্যান্ড আর্টিড, প্রজেক্ট এম এবং কোরিয়ার স্বাস্থ্য ও কল্যাণ মন্ত্রণালয়ের জন্য করা একাধিক বিজ্ঞাপনের প্রচার বন্ধ করা হয়েছে। তাঁর হাতে থাকা একাধিক সিরিজের ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

২০১৯ সালে মেডিকেল থ্রিলার সিরিজ ‘ডক্টর প্রিজনার’ দিয়ে অভিনয় শুরু করেন হা ইয়োং। এরপর ‘চকলেট’, ‘সোল ম্যানিয়াক’, ‘প্রাইভেট লাইভস’, ‘রয়েল সিক্রেট এজেন্ট’, ‘নাউ উই আর ব্রেকিং আপ’, ‘লেট মি বি ইয়োর নাইট’, ‘দ্য গুড ডিটেকটিভ’, ‘বয়ফ্রেন্ড অন ডিমান্ড’সহ অনেক সিরিজে মার্জিত উপস্থিতি ও অভিনয় দক্ষতার কারণে তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন হা ইয়োং। সর্বশেষ ৭ আগস্ট নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে তাঁর নতুন সিরিজ ‘আওয়ার স্টিকি লাভ’।