মাদককাণ্ডে দোষী সাব্যস্ত হওয়ার কারণে দীর্ঘদিন অভিনয় থেকে দূরে ছিলেন দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেতা ইউ আ ইন। অবশেষে তিন বছর পর ক্যামেরার সামনে ফিরছেন তিনি। পরিচালক জাং জে হিয়োনের থ্রিলার সিনেমা ‘ভ্যাম্পায়ার’-এ অভিনয় করতে যাচ্ছেন তিনি।
গতকাল প্রযোজনা প্রতিষ্ঠান নিউ জানিয়েছে, ইতিমধ্যে ভ্যাম্পায়ার সিনেমার কাস্টিং চূড়ান্ত করা হয়েছে। এ মাসেই শুরু হবে শুটিং। সিনেমাটি ২০২৮ সালে বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তির লক্ষ্য নিয়ে নির্মিত হচ্ছে।
ভ্যাম্পায়ার সিনেমার গল্প গড়ে উঠেছে একজন পেশাদার খুনিকে ঘিরে। এক ধর্মযাজকের নির্দেশে সে একটি রহস্যময় পৌত্তলিক বা অপধর্মীয় গোষ্ঠীর পিছু নেয়। ঘটনাচক্রে অদ্ভুত সব পরিস্থিতির মুখোমুখি হয়ে ধীরে ধীরে বদলে যেতে থাকে সে। যেকোনো পরিস্থিতিতে শান্ত ও নির্ভীক থাকা এই কিলারের চরিত্রেই দেখা যাবে ইউ আ ইনকে।
এ সিনেমায় আরও অভিনয় করছেন লি সং মিন, লি জুন হিয়োক, ইয়োন খিয়োং হো, ছোই হিয়োন উক, কে-পপ গার্লগ্রুপ হাইপ প্রিন্সেসের সদস্য দোউই। সম্প্রতি অভিনয়শিল্পীদের নিয়ে স্ক্রিপ্ট রিডিং সেশন সম্পন্ন হয়েছে।
উল্লেখ্য, ২০১০ সালে ‘সংকিয়োনকোয়ান স্ক্যান্ডাল’ সিরিজ দিয়ে পরিচিতি পান ইউ আ ইন। আলোচিত অনেক সিরিজ ছাড়াও ‘ভেটেরান’, ‘দ্য থ্রোন’, ‘বার্নিং’, ‘অ্যালাইভ’সহ অনেক সিনেমায় অভিনয় করেছেন তিনি। তবে মাদক সেবনের অভিযোগে ২০২৩ সালে ইউ আ ইনের বিরুদ্ধে আইনি তদন্ত শুরু হলে থমকে যায় তাঁর ক্যারিয়ার।
আদালতে ইউ আ ইনের বিরুদ্ধে ১৮১ বার প্রোপোফোল সেবনের অভিযোগ প্রমাণিত হয়। এ ছাড়া অন্যের নামে ঘুমের ওষুধ কেনা এবং গাঁজা, কেটামিন ও মিডাজোলাম সেবনেরও প্রমাণ পায় পুলিশ। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে সিউল ডিস্ট্রিক্ট কোর্ট ইউ আ ইনকে এক বছরের কারাদণ্ড ও দুই মিলিয়ন ওন জরিমানা করেন। পরবর্তী সময়ে সুপ্রিম কোর্ট আপিল ট্রাইব্যুনালের রায় বহাল রেখে দুই বছরের জন্য কারাদণ্ড স্থগিত ঘোষণা করেন।
এই কেলেঙ্কারির কারণে ইউ আ ইনের ক্যারিয়ারে বড় ধাক্কা আসে। নেটফ্লিক্সের ‘হেলবাউন্ড’ সিরিজের দ্বিতীয় সিজন থেকে তাঁকে বাদ দেওয়া হয়। একাধিক বড় ব্র্যান্ড তাঁর সঙ্গে চুক্তি বাতিল করে। পিছিয়ে যায় আরও বেশ কিছু কাজ। অবশেষে ক্যারিয়ারের এই বিতর্কিত অধ্যায় পেরিয়ে আবারও অভিনয়ে ফেরার সুযোগ পেলেন তিনি।