এই সময়ের চলচ্চিত্র ইন্ডাস্ট্রির খ্যাতিমান দুই নির্মাতা আবদুল্লাহ মোহাম্মাদ সাদ ও রায়হান রাফী। ‘রেহানা মরিয়ম নূর’ দিয়ে কান চলচ্চিত্র উৎসবের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পরিচিতি পেয়েছেন সাদ। অন্যদিকে বাণিজ্যিক সিনেমায় সুখ্যাতি আছে রাফীর। ‘পরাণ’, ‘তুফান’, ‘সুড়ঙ্গ’ কিংবা ‘তাণ্ডব’—তাঁর নির্মিত বেশির ভাগ সিনেমা পেয়েছে ব্যবসায়িক সাফল্য।
এবার এই দুই নির্মাতা এক হচ্ছেন সিনেমায়। আবদুল্লাহ মোহাম্মাদ সাদের লেখা গল্পে সিনেমা বানাবেন রাফী। নাম রাখা হয়েছে ‘আইজ’। সিনেমাটি প্রযোজনা করছেন তানভীর হোসেন। নির্মাতা রাফী জানিয়েছেন, প্রজেক্টিট ইতিমধ্যে যৌথ প্রযোজনার জন্য জায়গা করে নিয়েছে কোপ্রো-অ্যাকসেস ল্যাবে।
রাফী মনে করেন, দীর্ঘদিন ধরে শিল্পধর্মী ও বাণিজ্যিক চলচ্চিত্রের মধ্যে একটি কৃত্রিম বিভাজন তৈরি করা হয়েছে। কিন্তু তিনি বিশ্বাস করেন, একটি চলচ্চিত্র একই সঙ্গে আবেগপূর্ণ, বিনোদনমূলক, চিন্তাশীল এবং দর্শকের কাছে গভীরভাবে পৌঁছাতে পারে। সেই বিশ্বাস থেকে আইজ সিনেমার যাত্রা।
ফেসবুকে রাফী লেখেন, ‘আইজ একটি বিশেষ প্রজেক্ট। যেখানে আমাকে, আবদুল্লাহ মোহাম্মদ সাদ ও তানভীর হোসেনকে একই সুতোয় বেঁধেছে। আমরা তিনজন সম্পূর্ণ ভিন্ন তিনটি যাত্রাপথ, ভিন্ন সহজাত প্রবৃত্তি এবং চলচ্চিত্রকে দেখার ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে এসেছি। আর এই ভিন্নতাই আমার কাছে এই যৌথ প্রয়াসকে এত রোমাঞ্চকর করে তুলেছে।’
তিনজনের সমন্বয়ে দারুণ একটি সিনেমা হতে চলেছে বলে আশাবাদ ব্যক্ত করে নির্মাতা আরও লেখেন, ‘সাদ সিনেমায় মনস্তাত্ত্বিক গভীরতা, নীরবতা, নৈতিক টানাপোড়েন এবং মানুষের ভঙ্গুর সত্যকে ফুটিয়ে তোলেন। তানভীর একজন প্রযোজক হিসেবে তাঁর গভীর বিশ্বাস, অধ্যবসায় এবং দূরদর্শী চিন্তাভাবনা দিয়ে এই মেলবন্ধনকে বাস্তবে রূপ দেন। আর আমি নিজের সহজাত দক্ষতা দিয়ে সিনেমার গতি, স্কেল, আবেগ এবং দর্শক সংযোগের জায়গাটি দেখে থাকি। আমি বিশ্বাস করি এই শক্তিগুলোর সমন্বয়ে আইজ তার নিজস্ব ভাষা খুঁজে পাবে।’
সাম্প্রতিক সময় ব্যস্ত সময় পার করছেন রাফী। ইতিমধ্যে শেষ করেছেন ভৌতিক গল্পের সিনেমা ‘আন্ধার’-এর কাজ। শিগগির শুরু করবেন ‘সুড়ঙ্গ ২’ সিনেমার শুটিং। দুটি সিনেমাই এ বছর মুক্তির কথা রয়েছে।
এদিকে, রেহানা মরিয়ম নূর নির্মাণের পাঁচ বছর পর ‘অ্যানি’ নামের মিনি সিরিজ নিয়ে আসছেন আবদুল্লাহ মোহাম্মাদ সাদ। গত মাসে জার্মানির সেরিয়েনক্যাম্প ফেস্টিভ্যালে প্রিমিয়ার হয়েছে সিরিজটির। শিগগির আসবে আনুষ্ঠানিক মুক্তির ঘোষণা।