বেড়েই চলেছে ‘ডন থ্রি’ সিনেমা নিয়ে বিতর্ক। ফারহান আখতারের এই মেগা প্রজেক্ট থেকে রণবীর সিংয়ের সরে দাঁড়ানোর পর থেকে যার সূত্রপাত। সবশেষ এফডব্লিউআইসিই (ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ) থেকে রণবীরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। তাদের অনুরোধ, বলিউডের কেউ যেন রণবীরের সঙ্গে কাজ না করেন।
এবার এই ব্যান বিতর্ক নিয়ে মুখ খুলেছে রণবীর সিংয়ের টিম। তাদের দাবি, রণবীর ইচ্ছাকৃতভাবে এত দিন চুপ ছিলেন। তিনি বিশ্বাস করেন, এমন বিষয় প্রকাশ্যে নয়, বরং পারস্পরিক আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত।
ডন থ্রি থেকে শেষ মুহূর্তে রণবীর সিং সরে দাঁড়ানোর পর প্রযোজনা প্রতিষ্ঠান এবং নির্মাতারা আর্থিক ক্ষতি ও চুক্তিভঙ্গের অভিযোগ তোলেন। গত এপ্রিলে ফরহান আখতার ফেডারশনের কাছে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়, ফরহানের প্রযোজনা সংস্থা এক্সেল এন্টারটেইনমেন্টের সঙ্গে রণবীর তিনটি সিনেমার চুক্তি করেছিলেন। এর মধ্যে একটি প্রি-প্রোডাকশনে ছিল। কিন্তু শুটিং শুরুর মাত্র তিন সপ্তাহ আগে রণবীর সেই প্রজেক্ট ছেড়ে দেন। যার ফলে প্রযোজনা সংস্থার প্রায় ৪৫ কোটি রুপির ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়। সেই ক্ষতিপূরণও চাওয়া হয়েছে রণবীরের কাছে।
এরপরই এফডব্লিউআইসিই বিষয়টি নিয়ে রণবীর সিংয়ের সঙ্গে যোগাযোগ করে। গত সোমবার ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজের পক্ষ থেকে জানানো হয়, একাধিকবার নোটিশ পাঠানো এবং রিমাইন্ডার দেওয়া সত্ত্বেও রণবীর সিং সশরীর হাজির হয়ে এই বিষয়ে কোনো আলোচনা করতে রাজি হননি। তাই তাঁকে ব্যান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ফেডারেশনের এমন কঠিন সিদ্ধান্তের এক দিন পর রণবীরের টিম বিবৃতি দিয়ে অভিনেতার অবস্থান স্পষ্ট করল। রণবীর সিংয়ের মুখপাত্রের পক্ষ থেকে জানানো হয়েছে, রণবীর সিং চলচ্চিত্র জগৎ এবং ‘ডন’ ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত প্রত্যেককে সম্মান করেন। ডন থ্রি ঘিরে বিতর্ক চলাকালে তিনি সচেতনভাবেই নীরব ছিলেন। কারণ, তাঁর বিশ্বাস পেশাগত আলোচনা ও ব্যক্তিগত সম্পর্ক মর্যাদা, পরিপক্বতা এবং পারস্পরিক সম্মানের সঙ্গে সামলানো উচিত। সময়ের সঙ্গে নানা জল্পনা ও আলোচনা সামনে এলেও রণবীর কখনো প্রকাশ্যে প্রতিক্রিয়া জানানো বা বিতর্ক আরও বাড়ানো প্রয়োজন মনে করেননি। বর্তমানে তাঁর সম্পূর্ণ মনোযোগ নিজের কাজ ও আসন্ন প্রজেক্টগুলোতে।
এ ছাড়া আরও জানানো হয়েছে, ডন ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত সকলের প্রতি রণবীর শ্রদ্ধাশীল এবং সিনেমার সাফল্য কামনা করেন। এই পরিস্থিতিতেও ধৈর্য ও শান্তি বজায় রাখা তাঁর সিদ্ধান্ত।