হোম > বিনোদন > বলিউড

বক্স অফিসে ‘রামায়ণ’ ঝড়: আয় ১০০০ কোটি রুপি ছাড়িয়ে ভাঙল ২২টি রেকর্ড

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

মুক্তির প্রথম সপ্তাহেই ভারতীয় বক্স অফিসে নজিরবিহীন সাফল্য অর্জন করেছে নিতীশ তিওয়ারি পরিচালিত মহাকাব্যিক চলচ্চিত্র ‘রামায়ণ: রাইজ অব অ্যা লিজেন্ড’। রণবীর কাপুর, সাই পল্লবী এবং যশ অভিনীত এই চলচ্চিত্রটি মুক্তির মাত্র আট দিনের মধ্যেই বিশ্বব্যাপী ১ হাজার কোটি রুপির মাইলফলক অতিক্রম করেছে। এখন পর্যন্ত বক্স অফিসের ২২টি নতুন রেকর্ড গড়েছে এই চলচ্চিত্র।

গত ৫ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ছবিটি টিকিট বিক্রি, আইম্যাক্স আয় এবং সপ্তাহের কার্যদিবসগুলোতে (সোম, মঙ্গল ও বুধবার) সর্বোচ্চ আয়ের ক্ষেত্রে হিন্দি সিনেমার ইতিহাসে নতুন মানদণ্ড স্থাপন করেছে।

বাণিজ্য বিশ্লেষকদের তথ্য অনুযায়ী, মুক্তির অষ্টম দিনে বিশ্বব্যাপী ছবিটির মোট আয় দাঁড়িয়েছে ১ হাজার ৩৩ দশমিক ৫৫ কোটি রুপিতে। এর ফলে ‘পুষ্পা ২: দ্য রুল’ এবং ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’-এর পর তৃতীয় দ্রুততম ভারতীয় চলচ্চিত্র হিসেবে ১ হাজার কোটির ক্লাবে প্রবেশ করল ‘রামায়ণ’।

টিকিট বিক্রি ও আইম্যাক্সে বিশ্ব রেকর্ড

বক্স অফিস পরিসংখ্যান অনুযায়ী, অনলাইন টিকিট প্ল্যাটফর্ম ‘বুকমাইশো’-তে একদিনে ১৬ লাখ ৬০ হাজার টিকিট বিক্রি হয়ে বলিউড সিনেমার ইতিহাসে সর্বোচ্চ একদিনের টিকিট বিক্রির রেকর্ড গড়েছে ছবিটি। এ ছাড়া মাত্র এক ঘণ্টায় ১ লাখ ৪০ হাজারের বেশি টিকিট বিক্রি হয়ে ঘণ্টাপ্রতি সর্বোচ্চ বিক্রির রেকর্ডও নিজের দখলে নিয়েছে ‘রামায়ণ’।

টানা চার দিন বুকমাইশো-তে ১০ লাখের বেশি টিকিট বিক্রি হওয়া ষষ্ঠ ভারতীয় চলচ্চিত্র এটি। অগ্রিম বুকিংসহ প্রথম সপ্তাহান্তে ৫৪ লাখ ৭৬ হাজার টিকিট বিক্রি হয়ে হিন্দি সিনেমার ইতিহাসে তৃতীয় বৃহত্তম ওপেনিং উইকএন্ডের রেকর্ড গড়েছে ছবিটি।

অন্যদিকে, বড় পর্দার প্রিমিয়াম ফরম্যাট ‘আইম্যাক্স’-এ ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে বড় ওপেনিং পেয়েছে ‘রামায়ণ’। বিশ্বব্যাপী আইম্যাক্স থেকে ছবিটি উদ্বোধনী আয় করেছে প্রায় ৬ মিলিয়ন ডলার (প্রায় ৫৬.২৫ কোটি রুপি), যার মধ্যে কেবল ভারতেই আয় হয়েছে ২ মিলিয়ন ডলার (প্রায় ১৮.৭৫ কোটি রুপি)।

কার্যদিবসে টানা তিন দিনের সর্বকালীন রেকর্ড

‘রামায়ণ’-এর অন্যতম বড় সাফল্য হলো মুক্তির পর সপ্তাহের সাধারণ কর্মদিবসগুলোতে দর্শকদের উপচে পড়া ভিড়। হিন্দি সিনেমার ইতিহাসে প্রথমবারের মতো কোনো চলচ্চিত্র টানা তিন কার্যদিবসে—সোমবার, মঙ্গলবার এবং বুধবার—সর্বোচ্চ আয়ের রেকর্ড ভেঙেছে:

সোমবার (পঞ্চম দিন) : ভারতে নিট আয় ৯৫ কোটি রুপি (আগের রেকর্ড ছিল প্রায় ৬০ কোটি রুপি)। এ ছাড়া পঞ্চম দিনে সব ভাষা মিলিয়ে একদিনে ১০০ কোটি রুপি আয়ের মাইলফলক স্পর্শ করে বলিউডের দ্বিতীয় সিনেমা হিসেবে ইতিহাসে নাম লেখায় ছবিটি।

মঙ্গলবার (ষষ্ঠ দিন) : ভারতে নিট আয় ৭৮.২১ কোটি রুপি (সানি দেওলের ‘গদর ২ ’-এর প্রায় ৫৫ কোটি রুপির রেকর্ড ভেঙে)।

বুধবার (সপ্তম দিন) : ভারতে নিট আয় ৬১.১০ কোটি রুপি (শাহরুখ খানের ‘পাঠান’-এর প্রায় ৫৫ কোটি রুপির রেকর্ড ভেঙে)।

প্রথম সাত দিনে কেবল হিন্দি সংস্করণ থেকেই ছবিটির ভারতে নিট আয় দাঁড়িয়েছে ৪০৯ দশমিক ৫৬ কোটি রুপি। আর সব ভাষা মিলিয়ে প্রথম সপ্তাহেই দেশের বাজারে ৫০০ কোটি রুপির গণ্ডি পার করে দ্বিতীয় দ্রুততম হিন্দি সিনেমা হিসেবে জায়গা করে নিয়েছে ‘রামায়ণ’।

রণবীর, সাই পল্লবী ও নিতীশ তিওয়ারির ক্যারিয়ারসেরা ওপেনিং

ব্যক্তিগত অর্জনের দিক থেকেও ছবিটি সংশ্লিষ্ট কলাকুশলীদের ক্যারিয়ারের সবচেয়ে বড় মাইলফলক এনে দিয়েছে:

রণবীর কাপুর: প্রথম দিনে ভারতে আনুমানিক ৬৪ দশমিক ৮৫ কোটি রুপি নিট আয় করে এটি রণবীরের ক্যারিয়ারের সবচেয়ে বড় ওপেনিং। এর আগে ২০২৩ সালে তাঁর ‘অ্যানিমেল’ ছবিটি প্রথম দিনে ৬৩ দশমিক ৮০ কোটি রুপি আয় করেছিল।

সাই পল্লবী: সীতা চরিত্রে অভিনয় করা সাই পল্লবীর ক্যারিয়ারেও এটি বৃহত্তম ওপেনিং। এর আগে তাঁর অভিনীত ‘অমরন’ প্রথম দিনে প্রায় ২১.৪০ কোটি রুপি আয় করেছিল।

নিতীশ তিওয়ারি: পরিচালক নিতীশ তিওয়ারির ক্যারিয়ারেও এটি সবচেয়ে বড় সাফল্য। ২০১৬ সালে তাঁর পরিচালিত আমির খান অভিনীত ‘দঙ্গল’ প্রথম দিনে ২৯.৭৮ কোটি রুপি আয় করেছিল, যা ‘রামায়ণ’ দ্বিগুণেরও বেশি ব্যবধানে ছাড়িয়ে গেছে।

যশ: রাবণ চরিত্রে অভিনয় করা দক্ষিণী তারকা যশের ক্যারিয়ারে এটি তৃতীয় বৃহত্তম ওপেনিং (‘কেজিএফ: চ্যাপ্টার ২’ এবং ‘টক্সিক’-এর পর)।

উল্লেখ্য, প্রাক-দীপাবলি সময়ে মুক্তি পাওয়া হিন্দি সিনেমাগুলোর মধ্যেও ‘রামায়ণ’ আমির খান ও অমিতাভ বচ্চন অভিনীত ‘থাগস অব হিন্দুস্তান’-এর (৫০.৭৫ কোটি রুপি) রেকর্ড ভেঙে শীর্ষস্থান দখল করেছে।