সাক্ষাৎকার

নিজেকে কখনো নায়ক মনে করি না

মুক্তির অপেক্ষায় আছে ইয়াশ রোহানের দুই ওয়েব সিরিজ ‘অ্যানি’ ও ‘হেডলাইন’। ক্যামেরার সামনে স্বতঃস্ফূর্ত থাকলেও সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে তেমন স্বস্তিবোধ করেন না ইয়াশ। সেই অস্বস্তি কাটিয়ে নতুন কাজ নিয়ে আজকের পত্রিকার সঙ্গে কথা বললেন অভিনেতা। ইয়াশ রোহানের সাক্ষাৎকার নিয়েছেন শিহাব আহমেদ

সম্প্রতি ‘অ্যানি’ ও ‘হেডলাইন’ সিরিজের প্রথম ঝলক সামনে এসেছে। কেমন সাড়া পাচ্ছেন?

দর্শকের প্রতিক্রিয়ায় আমি খুব খুশি। প্রত্যাশা আছে, সিরিজ দুটি সবার ভালো লাগবে। কারণ কাজগুলো যখন করছিলাম বুঝতে পারছিলাম, ভালো কিছু হতে যাচ্ছে। মুক্তির পর সবার কতটা পছন্দ হবে, সেটা দেখার অপেক্ষায়।

অ্যানি ও হেডলাইনের গল্প কী নিয়ে?

একেবারে ভিন্ন দুটি গল্প দেখা যাবে দুই সিরিজে। রিলিজের আগে বিস্তারিত বললে দর্শকের আগ্রহ নষ্ট হয়ে যাবে। অল্প কথায় বলতে গেলে, একধরনের ভাইরাসের থাবায় অবরুদ্ধ একটি সমাজের গল্প দেখা যাবে অ্যানিতে (পরিচালনা আবদুল্লাহ মোহাম্মাদ সাদ)। আর দুই সাংবাদিকের সত্য উদ্‌ঘাটনের মিশন নিয়ে তৈরি হয়েছে হেডলাইন (পরিচালনা সালেহ সোবহান অনীম)।

অ্যানিতে কি আপনি নেতিবাচক চরিত্রে অভিনয় করেছেন?

এতে আমার চরিত্রের নাম পাভেল। সে ভালো নাকি মন্দ, তা জানা যাবে মুক্তির পর। আমি কখনো নিজেকে নায়ক মনে করি না। সব সময় নিজেকে অভিনেতা হিসেবেই ভেবেছি। ওই জায়গা থেকে নিজের লুক ভেঙে অন্য ধরনের কোনো চরিত্রে অভিনয় করতে ইচ্ছা করে। কিন্তু আমাদের ইন্ডাস্ট্রি আসলে অত বড় না। তাই ওই সময়টুকু আমরা পাই না। লুক চেঞ্জ করতে হলে আমাকে অন্য সব কাজ বন্ধ করে দিতে হবে। কাজ শেষে আবার আগের লুকে ফিরে যেতেও সময় লাগে। তবে আমি খুব খুশি যে অ্যানিতে এই সময়টা আমাকে দেওয়া হয়েছিল। এ কাজটির জন্য চার মাসের বিরতি নিয়েছিলাম।

আপনি ছোট পর্দার নিয়মিত অভিনয়শিল্পী। একটি সিরিজের জন্য চার মাস অন্য সব কাজ বন্ধ রাখা কতটা চ্যালেঞ্জিং ছিল?

চ্যালেঞ্জ নয়, উপভোগ করেছি। স্বভাবে আমি খুব অলস একজন মানুষ। যদি টানা ১০ দিন বাসায় ঘুমাতে পারি, তাহলে খুব খুশি হই। তাই চার মাস অন্য কোনো কাজ করতে পারিনি, এ কারণে খারাপ লেগেছে, বিষয়টি মোটেই এ রকম না। তবে যেহেতু নাটকে নিয়মিত অভিনয় করি, তাই অনেক কিছু নতুন করে পরিকল্পনা করতে হয়েছে, নতুন করে শিডিউল সাজাতে হয়েছে। পরিচালকদের বোঝাতে হয়েছে, একটি বিশেষ কাজের জন্য বিরতি নিচ্ছি।

শুনেছি, অ্যানি সিরিজের ইংরেজি সাবটাইটেল আপনি করেছেন। এ ধরনের কাজ কি এবারই প্রথম?

পুরো সাবটাইটেল নয়, প্রথম দুই পর্বের সাবটাইটেল করেছি। এবারই প্রথম এমন কাজ করলাম। খুব উপভোগ করেছি। সামনে সুযোগ পেলে আরও করতে চাই।

৯ জুন জার্মানির সেরিয়েনক্যাম্প ফেস্টিভ্যালে অ্যানির প্রিমিয়ার হয়ে গেল। কিন্তু আপনারা কেউ সেখানে যেতে পারেননি। এটা নিশ্চয় খুব কষ্টদায়ক?

খুব দুঃখজনক। ইউরোপের এত বড় একটি উৎসবে অ্যানির প্রিমিয়ার হচ্ছে, তাই নির্মাতা থেকে শুরু করে আমরা সবাই যেতে চেয়েছিলাম। কিন্তু শেষ পর্যন্ত হলো না। মন খারাপ হলেও বাস্তবতা মেনে নেওয়া ছাড়া তো কিছু করার নেই।

২৫ জুন হইচইয়ে মুক্তি পাচ্ছে হেডলাইন। এতে আপনি অভিনয় করেছেন সাংবাদিক চরিত্রে। কেমন ছিল অভিজ্ঞতা?

কাকতালীয়ভাবে হেডলাইন সিরিজের আগেও ভালো প্রস্তুতি নেওয়ার সময় পেয়েছিলাম। শুটিংয়ের আগে পায়ের সমস্যার কারণে অনেক দিন অন্য কাজ করতে পারিনি। প্রায় এক মাস বেডরেস্টে ছিলাম। সেই অসুবিধাকে সুবিধা বানিয়ে নিয়েছিলাম। সব মিলিয়ে প্রায় দুই মাস হেডলাইন নিয়েই ছিলাম। দারুণ এক অভিজ্ঞতা। আসলে অ্যানি ও হেডলাইন দুটিই আমার ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ।

হেডলাইনে অপূর্বর সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা কেমন?

অপূর্ব ভাইয়ের সঙ্গে এটি আমার দ্বিতীয় কাজ। এর আগে ‘বুকের মধ্যে আগুন’ সিরিজে একসঙ্গে অভিনয় করেছিলাম। তাঁর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা এককথায় দারুণ। অপূর্ব ভাইয়ের মতো সহশিল্পী পাওয়া কঠিন। উনার মতো এত হেল্পফুল, এত ভালো মানুষ খুব কমই আছে ইন্ডাস্ট্রিতে। সে সময়েও বলেছিলাম, বুকের মধ্যে আগুনে আমি যতটুকু করেছি তার ৫০ শতাংশ অবদান অপূর্ব ভাইয়ের। অনেক জায়গায় আমাকে হেল্প করেছেন। এবারও তার ব্যতিক্রম হয়নি।

আপনাকে নিয়ে সবার একটি অভিযোগ, আপনাকে প্রচারে পাওয়া যায় না। এ বিষয়ে কী বলবেন?

আমি ভীষণ লজ্জা পাই। মূল ঝামেলাই হলো এটা। আমি ক্যামেরার সামনে যতটা স্বাচ্ছন্দ্য বোধ করি, মিডিয়ার মুখোমুখি হতে তার চেয়ে বেশি সংকোচ বোধ করি। সে কারণেই খুব বেশি সাক্ষাৎকার দেওয়া হয় না কিংবা আমাকে প্রচারে তেমন একটা পাওয়া যায় না।

আর ডি বর্মণের বায়োপিকে ফারহান আখতার

রেকর্ড গড়ে সংরাইটারস হল অব ফেমে টেইলর সুইফট

জুলাইয়ে জয়ার আলোচিত সিনেমার সিকুয়েল

এসভিএফ আলফা আইয়ের আরও তিন সিনেমায় নিশো

সংস্কৃতি খাতের প্রস্তাবিত বাজেট নিয়ে মিশ্র প্রতিক্রিয়া

মুক্তির তালিকায় থাকা নির্বাচিত সিনেমা ও সিরিজ

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে প্রতিদিনের ধারাবাহিক

মুক্তি পাচ্ছে দেশ-বিদেশের নতুন দুই সিনেমা

শিল্পকলায় ৮ দিনব্যাপী উৎসব শুরু হচ্ছে কাল, প্রথম নাটক ‘চোরের নাম চরণদাস’

বিশ্বকাপ উন্মাদনায় শোবিজ তারকারা