হোম > বিনোদন

মুক্তির তালিকায় থাকা নির্বাচিত সিনেমা ও সিরিজ

বিনোদন ডেস্ক

ছবি: সংগৃহীত

প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।

⊲ অজেয়া (বাংলা সিরিজ)

  • মুক্তি: হইচই (২১ আগস্ট)
  • অভিনয়: সোহিনী সরকার, ইন্দ্রাশিস রায়, রুকমা রায়
  • গল্পসংক্ষেপ: সরকারি হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক দেবপর্ণার ধর্ষণ ও খুনের বিচার চেয়ে রাস্তায় নামে সাধারণ মানুষ। তদন্তে নামে এসিপি দামিনী ও তার টিম। প্রমাণ উধাও হয়ে যায়, সাক্ষীরা মুখ বন্ধ রাখে, আর প্রতিটি পদক্ষেপে বাধা হয়ে দাঁড়ায় অদৃশ্য এক শক্তি। এর মাঝেও সত্যের খোঁজে তদন্ত চালিয়ে যায় দামিনী।

⊲ ল্যানটার্নস (ইংরেজি সিরিজ)

  • মুক্তি: এইচবিও ম্যাক্স, জিওহটস্টার (১৭ আগস্ট)
  • অভিনয়: কাইল চ্যান্ডলার, অ্যারন পিয়ের, কেলি ম্যাকডোনাল্ড
  • গল্পসংক্ষেপ: দুই ইন্টার গ্যালাকটিক পুলিশ অফিসারের ওপর ভিত্তি করে এ সুপারহিরো ডিটেকটিভ সিরিজের কাহিনি। আমেরিকার কেন্দ্রস্থলে ঘটে যাওয়া একটি রহস্যময় খুনের ঘটনার তদন্ত শুরু করে তারা। প্রথম পর্বেই একটি চমকপ্রদ ঘটনা ঘটে, যা পুরো গল্পের গতিপথ বদলে দেয়।

⊲ জন নায়াগন (তামিল সিনেমা)

  • মুক্তি: জি ফাইভ (২১ আগস্ট)
  • অভিনয়: থালাপতি বিজয়, পূজা হেগড়ে, ববি দেওল
  • গল্পসংক্ষেপ: সাবেক পুলিশ অফিসার ভেত্রি তার মৃত বন্ধুর এতিম মেয়ে ভিজিকে বড় করার দায়িত্ব নেয়। ভিজিকে সেনাবাহিনীতে ভর্তি করাতে চায় সে। অন্যদিকে অমরীশ নামক এক অপরাধী দেশকে ধ্বংস করার চক্রান্ত করে। ভেত্রি ও ভিজি দুজন মিলে অমরীশের ষড়যন্ত্র নস্যাৎ করে দেয়।

⊲ ওয়েলকাম টু দ্য জঙ্গল (হিন্দি সিনেমা)

  • মুক্তি: জিওহটস্টার (২১ আগস্ট)
  • অভিনয়: অক্ষয় কুমার, সুনীল শেঠি, দিশা পাটানি, জ্যাকুলিন ফার্নান্দেজ
  • গল্পসংক্ষেপ: এক ব্যবসায়ী ফন্দি আঁটে, এমন একটি ফ্লপ সিনেমা বানাবে, যা বক্স অফিসে চরম ব্যর্থ হবে এবং তার লোকসান দেখিয়ে সব অবৈধ টাকা সাদা করা যাবে। এর জন্য একজন ফ্লপ নায়ক, অপেশাদার পরিচালক ও কিছু অদ্ভুত চরিত্রের মানুষকে অভিনয়শিল্পী হিসেবে নেওয়া হয়। শুটিং করার কথা বলে তাদের নিয়ে যাওয়া হয় এক দুর্গম জঙ্গলে।

⊲ স্টিলওয়াটার সিজন ৫ (অ্যানিমেশন সিরিজ)

  • মুক্তি: অ্যাপল টিভি (২১ আগস্ট)
  • গল্পসংক্ষেপ: কার্ল, অ্যাডি ও মাইকেল তিন ভাইবোন। নানা ধরনের সমস্যার মুখে পড়ে তারা। স্টিলওয়াটার নামের এক জ্ঞানী ও দয়ালু পান্ডা তাদের প্রতিবেশী। স্টিলওয়াটার কোনো কঠিন উপদেশ না দিয়ে নিজের জীবনের ছোট ছোট গল্প, রসবোধ এবং শান্ত আচরণের মাধ্যমে বাচ্চাদের মনের জটিল অনুভূতিগুলো বুঝতে সাহায্য করে।

⊲ আউটার ব্যাংকস সিজন ৫ (ইংরেজি সিরিজ)

  • মুক্তি: নেটফ্লিক্স (২০ আগস্ট)
  • অভিনয়: চেজ স্টোকস, ম্যাডেলিন ক্লাইন, ম্যাডিসন বেইলি, জোনাথন ডেভিস
  • গল্পসংক্ষেপ: বিখ্যাত পাইরেট ব্ল্যাকবেয়ার্ডের গুপ্তধন আবিষ্কারের চেষ্টা করে পোগস গ্যাং। কেবল গুপ্তধনের জন্য নয়, বন্ধু জেজের অকাল মৃত্যুর প্রতিশোধ নিতে এবং নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে একতাবদ্ধ হয় তারা। শেষ সিজনে শত্রুদের পাশাপাশি পোগসদের নিজেদের মধ্যকার অতীত বিশ্বাস ও সম্পর্কেরও চূড়ান্ত পরীক্ষা হয়।