হোম > বিনোদন > সিনেমা

হল না পেয়ে হতাশ নির্মাতা ইউটিউবে মুক্তি পাচ্ছে মৌসুমীর ‘অর্ধাঙ্গিনী’

বিনোদন প্রতিবেদক, ঢাকা

‘অর্ধাঙ্গিনী’ সিনেমায় মৌসুমী। ছবি: সংগৃহীত

প্রায় তিন বছর যুক্তরাষ্ট্রে আছেন চিত্রনায়িকা মৌসুমী। সেখানে এই অভিনেত্রীকে নিয়ে সৈয়দ আর ইমন বানিয়েছেন ‘অর্ধাঙ্গিনী’ নামের সিনেমা। যুক্তরাষ্ট্রের পাশাপাশি বাংলাদেশেও সিনেমাটি মুক্তি দিতে চেয়েছিলেন নির্মাতা। তবে কোনো দেশেই হলমালিকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাননি তিনি। হতাশ হয়ে তাই সিদ্ধান্ত নিয়েছেন ইউটিউবে অর্ধাঙ্গিনী মুক্তি দেওয়ার।

নির্মাতা সৈয়দ আর ইমন বলেন, ‘পরিকল্পনা করেছিলাম ২০২৪ সালে সিনেমাটি মুক্তি দেওয়ার। তখন জুলাই গণ-অভ্যুত্থান হয় এবং বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা দেখা দেয়। তারপর নানা রকম জটিলতার কারণে আমাদের রিলিজ ডেট পেছাতে হয়েছে। যুক্তরাষ্ট্রেও আমরা হল পাচ্ছি না। কদিন পরেই রোজা শুরু হবে। আমাদের স্পনসররা আর অপেক্ষা করতে চাইছে না। তাই সিদ্ধান্ত নিয়েছি সিনেমাটি হলে রিলিজ না করে সরাসরি ইউটিউবে রিলিজ করে দেব।’

নির্মাতা জানান, বাংলাদেশের পরিবেশকদের সঙ্গে একাধিকবার যোগাযোগ করলেও কোনো ইতিবাচক সাড়া পাননি। তাই ঈদের আগেই সিনেমাটি বিডিফিল্মস ইউএসএ নামের ইউটিউব চ্যানেলে মুক্তির পরিকল্পনা করা হচ্ছে।

সামাজিক ও পারিবারিক গল্পে নির্মিত হয়েছে অর্ধাঙ্গিনী। গল্প এগিয়েছে মৌসুমীকে কেন্দ্র করে। সৈয়দ আর ইমন বলেন, ‘সময়ের সঙ্গে মানুষের জীবনের সংজ্ঞা পাল্টে যাচ্ছে। পাল্টে যাচ্ছে জীবনযুদ্ধের ধরনটাও। এখন মানুষের বিপদে মানুষ এগিয়ে আসে না। এমন ভাবনা থেকেই তৈরি হয়েছে সিনেমাটির গল্প।’

অর্ধাঙ্গিনীর শুটিং হয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও নিউ জার্সিতে। তীব্র শীতে কষ্ট করে শুটিং করতে হয়েছে সবার। নির্মাতা বলেন, ‘সবাই অনেক কষ্ট করে শুটিং করেছেন। বিশেষ করে মৌসুমী আপা যুক্তরাষ্ট্রের শীতে অভ্যস্ত নন। তবু মাইনাস ১৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শাড়ি পরে আট ঘণ্টা পাহাড়ের ওপর প্রচণ্ড বাতাসে কীভাবে শুটিং করেছেন, তা ভেবে এখনো অবাক হই।’

সৈয়দ ইমরান জানিয়েছেন, টেলিফিল্ম বানানোর পরিকল্পনা করেই শুটিং শুরু হয়েছিল অর্ধাঙ্গিনীর। নির্মাণ শেষে যুক্তরাষ্ট্রে অর্ধাঙ্গিনীর একটি প্রিমিয়ার শো করা হয়। সে সময় এর দৈর্ঘ্য ছিল ১ ঘণ্টা ২০ মিনিট। পরে সিদ্ধান্ত হয় হলে মুক্তি দেওয়ার। নতুন করে সংযোজন-বিয়োজন শেষে সিনেমাটির দৈর্ঘ্য দাঁড়িয়েছে ১ ঘণ্টা ৫৬ মিনিট।

মৌসুমী ছাড়া অর্ধাঙ্গিনী সিনেমায় আরও অভিনয় করেছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী তরিকুল ইসলাম মিঠু, জলি আহমেদ, সারোয়ার প্রেমেল, সুমিত চৌধুরী, নওশীন মৃদুলা, জয় চৌধুরীসহ অনেকে। সিনেমাটি প্রযোজনা করেছেন তরিকুল ইসলাম মিঠু। সংগীত আয়োজন করেছেন মেহেদী হাসান তামজিদ।

দেশের সিনেপ্লেক্সে মুক্তি পেল হলিউডের তিন সিনেমা

শেষ হলো আমার ভাষার চলচ্চিত্র উৎসব

প্লেব্যাকে অবসরের পর প্রথমবার মঞ্চে অরিজিৎ, গাইলেন নতুন গান

হাততালিটা যখন বাংলাদেশের জন্য হয়ে গেল, তখন খুব আনন্দ হচ্ছিল: আজমেরী হক বাঁধন

পরীমণির ক্ষোভ, সাবিলার সতর্কবার্তা

যাত্রাশিল্পের নিবেদিত প্রাণ মিলন কান্তি দের প্রয়াণ

৭৮তম ডিজিএ অ্যাওয়ার্ড: অস্কারের দৌড়ে এগিয়ে গেলেন পল থমাস অ্যান্ডারসন

কারাগারে বলিউডের জনপ্রিয় কমেডিয়ান রাজপাল যাদব

ডলি জহুরের সঙ্গে ভালোবাসা দিবসের নাটকে শিউলি শিলা

ভিসা জটিলতা কাটিয়ে ভারতে শাকিবের প্রিন্স সিনেমার শুটিং