হোম > বিনোদন

সঞ্জীব চৌধুরীকে উৎসর্গ করে কনসার্ট, গাইবেন চার শিল্পী

আজকের পত্রিকা ডেস্ক­

বাংলা গানের কিংবদন্তি শিল্পী, গীতিকার ও সুরকার সঞ্জীব চৌধুরীকে শ্রদ্ধা জানিয়ে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ ট্রিবিউট কনসার্ট ‘হেঁটে গেছি বিরান পথে’। আগামী ২০ নভেম্বর (শুক্রবার) সন্ধ্যা ৭টায় রাজধানীর বনানীর বাটারনোট জ্যাজ ক্যাফেতে বসবে এই আয়োজন।

কনসার্টে সঞ্জীব চৌধুরীর জনপ্রিয় গানের পাশাপাশি নিজেদের মৌলিক গান পরিবেশন করবেন চার সংগীতশিল্পী সভ্যতা, সাহস মোস্তাফিজ, ইলা লালালালা ও অনিন্দ্য বিশ্বাস। তাঁর গান ও সংগীতভাবনার প্রতি শ্রদ্ধা জানাতেই এই আয়োজন।

২০০৭ সালের ১৯ নভেম্বর মৃত্যুবরণ করেন সঞ্জীব চৌধুরী। তাঁর ১৯তম প্রয়াণবার্ষিকীর পরদিন, ২০ নভেম্বর, আজব কারখানার উদ্যোগে আয়োজন করা হচ্ছে এই বিশেষ কনসার্ট।

বাংলা গানের ভুবনে সঞ্জীব চৌধুরী এক স্বতন্ত্র ও স্মরণীয় নাম। ব্যান্ড দলছুটের অন্যতম প্রতিষ্ঠাতা ও ভোকালিস্ট হিসেবে বাংলা ব্যান্ড সংগীতে তৈরি করেছিলেন নিজস্ব পরিচয়। ব্যতিক্রমী কণ্ঠের পাশাপাশি গীতিকার হিসেবেও ছিল তাঁর স্বতন্ত্রতা। তাঁর লেখা ও গাওয়া ‘আমি তোমাকেই বলে দেব’, ‘স্বপ্নবাজি’, ‘সমুদ্রসন্তান’, ‘আমাকে অন্ধ করে দিয়েছিল চাঁদ’ ও ‘কথা বলব না’র মতো গান এখনো শ্রোতাদের কাছে জনপ্রিয়।

বাংলা লোকগানকে শহুরে জীবনের তরুণ শ্রোতাদের কাছে জনপ্রিয় করে তোলার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন সঞ্জীব চৌধুরী। দলছুটের পরিবেশনায় শাহ আবদুল করিমের ‘গাড়ি চলে না’ এবং ‘তোমার বাড়ির রঙের মেলায় দেখেছিলাম বায়োস্কোপ’ গান দুটি নতুন প্রজন্মের শ্রোতাদের কাছেও ব্যাপক পরিচিতি পেয়েছে। লোকগানের সঙ্গে আধুনিক সংগীতের মেলবন্ধনে তাঁর ভূমিকা বাংলা সংগীতে বিশেষভাবে স্মরণীয়।

গান, কবিতা ও জীবনবোধের মেলবন্ধনে সঞ্জীব চৌধুরী বাংলা সংগীতে রেখে গেছেন নিজস্ব স্বাক্ষর। তাঁর গান ও সৃষ্টিকে নতুন করে স্মরণ এবং বিভিন্ন প্রজন্মের শ্রোতার কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই আয়োজন করা হচ্ছে এই ট্রিবিউট কনসার্ট।

কনসার্টের আর্লি বার্ড টিকিটের মূল্য ৭০০ টাকা এবং অন-স্পট টিকিটের মূল্য ১ হাজার টাকা। ০১৫১১২৫৯৫২৫ অথবা ০১৩৩৯৭৬২১৭০ নম্বরে যোগাযোগ করে রেফারেন্সে নিজের নাম ও অনুষ্ঠানের তারিখ উল্লেখ করে বিকাশের মাধ্যমে মেক পেমেন্ট করে টিকিট কেনা যাবে।