নতুনভাবে ফিরছে দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কে-পপ বয় ব্যান্ড ‘এনহাইপেন’। লাইনআপে বড় পরিবর্তনের পর এবার সাত জনের বদলে ছয় সদস্যের গ্রুপ হিসেবে নতুন গান নিয়ে ফিরতে যাচ্ছে ব্যান্ডটি। আগামী ২১ আগস্ট প্রকাশ পাবে পরিবর্তিত এনহাইপেনের নতুন মিনি অ্যালবাম ‘দ্য সিন: ব্লিস’। আগের সফল অ্যালবাম ‘দ্য সিন: ভ্যানিশ’-এর প্রায় সাত মাস পর এই নতুন প্রজেক্ট নিয়ে আসছে দলটি।
২০২০ সালে জনপ্রিয় সারভাইভাল রিয়েলিটি শো ‘আই ল্যান্ড’-এর মাধ্যমে সাত সদস্য নিয়ে যাত্রা শুরু করেছিল এনহাইপেন। ওই বছরের নভেম্বরে আসে তাদের প্রথম ইপি অ্যালবাম ‘বর্ডার: ডে ওয়ান’। এরপর থেকে একের পর এক হিট গান উপহার দিয়ে কে-পপ ইন্ডাস্ট্রির শীর্ষ তালিকায় জায়গা করে নেয় ব্যান্ডটি।
তবে এনহাইপেনের সাফল্যের পালে প্রথম ধাক্কা আসে এ বছরের মার্চে। দল ত্যাগ করেন ব্যান্ডটির অন্যতম মূল সদস্য হিসুং। তাঁর আকস্মিক দলত্যাগের খবরে বিশ্বজুড়ে ভক্তদের মাঝে তীব্র অসন্তোষ তৈরি হয়। পরিস্থিতি এতটাই উত্তপ্ত রূপ নেয় যে প্রতিবাদ সমাবেশ করার পাশাপাশি তাঁর দলত্যাগের পেছনের প্রকৃত কারণ জানতে চেয়ে ১০ লাখের বেশি ভক্ত গণ-পিটিশনে স্বাক্ষর করেন।
অবশেষে সম্প্রতি এনহাইপেনের ম্যানেজমেন্ট এজেন্সি বিলিফট ল্যাব নিশ্চিত করেছে হিসুংয়ের বিদায়ের বিষয়টি। তারা জানিয়েছে, একক ক্যারিয়ার গড়ার উদ্দেশ্যে দল ছেড়েছেন হিসুং। এখন থেকে বাকি ছয় সদস্য জংউন, জে, জ্যাক, সংহুন, সনু ও নিকিকে নিয়ে এগিয়ে যাবে এনহাইপেনের কার্যক্রম।
নতুন অ্যালবাম দ্য সিন: ব্লিস নিয়ে ব্যান্ডের অন্যতম সদস্য জ্যাক ইতিমধ্যে ভক্তদের আভাস দিয়ে জানিয়েছেন, এটি সম্পূর্ণ ‘অন্য লেভেলের’ একটি প্রজেক্ট হতে যাচ্ছে। আগস্টে নতুন অ্যালবাম প্রকাশের পাশাপাশি আগামী বছর পর্যন্ত ‘ব্লাড সাগা ওয়ার্ল্ড ট্যুর’ নামে বিশ্বব্যাপী সংগীতসফরে ব্যস্ত সময় কাটাবেন এই ৬ সদস্য। এই ট্যুরে ২১টি শহরে মোট ৩৩টি কনসার্টে পারফর্ম করবেন তাঁরা।
অন্যদিকে, হিসুং ভক্তদের জন্য সুখবর হলো, তিনি নিজের নাম পরিবর্তন করে ‘ইভান’ হিসেবে নতুনভাবে আত্মপ্রকাশ করেছেন। ২২ জুন ইভান হিসেবে প্রকাশ পাবে তাঁর প্রথম একক গান ‘রাইড অর ডাই’।