১২ জুন সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় বাংলাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী সৈয়দ আব্দুল হাদীকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। ওই দিন সন্ধ্যা ৬টায় রাজধানীর শিল্পকলা একাডেমির মূল মিলনায়তনে বিশেষ অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে শিল্পীর হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। এবার সৈয়দ আব্দুল হাদীর প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁকে নিয়ে একটি বিশেষ সাক্ষাৎকারধর্মী প্রামাণ্যচিত্র নির্মাণ করলেন গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ। প্রামাণ্যচিত্রটির নাম দেওয়া হয়েছে ‘গল্প আছে এখানে...’। এতে উঠে এসেছে শিল্পীর জীবন, কর্ম, সংগ্রাম, শিল্পভাবনা এবং সংগীতযাত্রার নানা জানা-অজানা অধ্যায়।
এর আগে শাইখ সিরাজ নায়করাজ রাজ্জাকের জীবন ও কর্ম নিয়ে ‘রাজাধিরাজ রাজ্জাক’, শিল্পী সাবিনা ইয়াসমীনকে নিয়ে ‘জুঁইফুল সাবিনা’সহ বেশকিছু প্রামাণ্যচিত্র নির্মাণ করেছেন। সেগুলোতেও শিল্পীদের সঙ্গে নানা কথোপকথনের মাধ্যমে তিনি তুলে ধরার চেষ্টা করেছেন একজন শিল্পীর জীবনের পরিপূর্ণ জীবনগাথা, বলা না-বলা কথা। এবার একই পন্থায় তিনি তুলে ধরেছেন কণ্ঠশিল্পী সৈয়দ আব্দুল হাদীকে। অনুষ্ঠানে খোলামেলা আলাপচারিতায় সৈয়দ আব্দুল হাদী স্মৃতিচারণা করেছেন তাঁর শৈশব, সংগীতজীবনের সূচনা, বাংলাদেশের সংগীতের বিবর্তন, সমকালীন শিল্পচর্চা এবং আগামী প্রজন্মের শিল্পীদের প্রতি তাঁর প্রত্যাশা। একই সঙ্গে উঠে এসেছে তাঁর কালজয়ী গানগুলোর পেছনের গল্প, সময় ও সমাজের সঙ্গে সংগীতের সম্পর্ক এবং একজন শিল্পীর দীর্ঘ পথচলার নানা অভিজ্ঞতা।
প্রামাণ্যচিত্রটি নিয়ে শাইখ সিরাজ বলেন, ‘সৈয়দ আব্দুল হাদী যেমন একজন জনপ্রিয় শিল্পী, তেমনি তিনি বাংলাদেশের সাংস্কৃতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তাঁর গান আমাদের ব্যক্তিগত স্মৃতি, সামাজিক পরিবর্তন এবং জাতির আবেগের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। গল্প আছে এখানে... নামের প্রামাণ্যচিত্রে আমরা সৈয়দ আব্দুল হাদীর সাফল্যের গল্প যেমন তুলে ধরার চেষ্টা করেছি, সেই সঙ্গে একজন শিল্পীর চিন্তা, দর্শন, মূল্যবোধ এবং সময়কে ধারণ করার চেষ্টা করেছি। নতুন প্রজন্মের জন্যও এটি হবে একজন জীবন্ত কিংবদন্তির অভিজ্ঞতার আলোকে তৈরি একটি মূল্যবান দলিল।’
আগামী ১ জুলাই সৈয়দ আব্দুল হাদীর জন্মদিন। ওই দিন শিল্পীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে চ্যানেল আই প্রচার করবে বিশেষ অনুষ্ঠান। সেই অনুষ্ঠানমালার অংশ হিসেবে বিকেল ৫টা ১৫ মিনিটে প্রচার করা হবে গল্প আছে এখানে...।