হোম > বিনোদন

পাঁচ শিল্পীর কণ্ঠে নতুন সংগীত আয়োজনে ‘মানুষ বড়ই স্বার্থপর’

বিনোদন প্রতিবেদক, ঢাকা

(বাঁ থেকে) জারিন, সালমা, রোহান রাজ, সুমী শবনম ও তসিবা। ছবি: সংগৃহীত

নতুন করে তৈরি হচ্ছে জনপ্রিয় গান ‘মানুষ বড়ই স্বার্থপর’। গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী রোহান রাজের লেখা ও সুর করা গানটি প্রথম প্রকাশিত হয় সুকুমার বাউলের কণ্ঠে। তাঁর কণ্ঠেই বিভিন্ন প্ল্যাটফরমে গানটির ভিউ হয়েছে ২০ কোটিরও বেশি। পরবর্তী সময়ে একই গান গেয়ে আলোচনায় আসেন এই প্রজন্মের শ্রোতাপ্রিয় শিল্পী তসিবা। তাঁর গাওয়া গানটিও প্রায় ৯০ লাখ ভিউ পেয়েছে। এবার নতুন সংগীতায়োজনে গানটিতে কণ্ঠ দিয়েছেন পাঁচজন শিল্পী। সুমী শবনম, সালমা, তসিবা ও জারিনের সঙ্গে গানটিতে কণ্ঠ দিয়েছেন রোহান রাজ নিজে।

এরই মধ্যে সম্পন্ন হয়েছে মানুষ বড়ই স্বার্থপর গানের ভয়েস রেকর্ডিং। ৮ সেপ্টেম্বর রাজধানীর একটি লোকেশনে শুটিং হয়েছে মিউজিক ভিডিওর। ভিডিও নির্মাণ করেছেন মাসুম খান। নকিব সোহাগের ই-সাউন্ড মিউজিক নামের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হবে ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার।

মানুষ বড়ই স্বার্থপর গানটি নতুন করে তৈরি করা প্রসঙ্গে সুরকার ও গীতিকার রোহান রাজ বলেন, ‘তসিবা আগেই গেয়েছেন গানটি। তাঁর গাওয়া গানটি জনপ্রিয়ও হয়েছে। সুমী শবনম ও সালমা আমাকে অনেক দিন ধরেই বলছিলেন গানটি তাঁরা গাইতে চান। তাই সবাইকে নিয়ে নতুন করে গানটি তৈরি করলাম। আমি নিজেও গেয়েছি। গানটি এরই মধ্যে একক কণ্ঠে ব্যাপক জনপ্রিয় হয়েছে। এবার পাঁচ শিল্পীর কণ্ঠে নতুন চ্যালেঞ্জ নিলাম। আমি খুবই আশাবাদী, আমাদের এই ভার্সনটাও শ্রোতা দর্শককে মুগ্ধ করবে।’

সুমী শবনম বলেন, ‘গানটি প্রথম শুনে খুব কেঁদেছিলাম। রোহান ভাইকে বলেছিলাম, গানটি আমি গাইতে চাই। যেদিন শুনলাম এটা আবার তৈরি হচ্ছে, নিজেই আবদার করি গানটির সঙ্গে যুক্ত থাকার জন্য। অবশেষে আমার স্বপ্ন পূরণ হলো।’

সালমা বলেন, ‘এই গান যখন প্রথম রিলিজ হয়, তখনই গানের কথা ও সুর আমার হৃদয় ছুঁয়ে গিয়েছিল। এরপর প্রায়ই রোহান ভাইকে অভিমানের সুরে বলতাম, এই গানটি কেন আমাকে দিলেন না। অবশেষে আমিও গাইলাম গানটি। মানুষ বড়ই স্বার্থপরের সঙ্গে যুক্ত রাখার জন্য রোহান ভাইকে ধন্যবাদ। এর আগে অন্য শিল্পীর গান হিসেবে গাইতাম, এখন থেকে নিজের গান হিসেবেই গানটি গাইতে পারব।’

তসিবা বলেন, ‘এটা আমার খুব পছন্দের একটি গান। আমার বিশ্বাস, নতুন আয়োজনে আমাদের কণ্ঠে গানটি আরও অনেক দূরে যাবে।’

জারিন বলেন, ‘আমার গানের ধারাটা যদিও আলাদা, তারপরও রোহান রাজ ভাইয়ের অনুপ্রেরণায় গানটির সঙ্গে যুক্ত হলাম। আশা করছি, নতুন আয়োজনে নতুন ভালো লাগার জন্ম দেবে গানটি।’