হোম > বিনোদন
রিয়েলিটি শো

পাঁচ বছর পর শুরু হচ্ছে মীরাক্কেল, মীরকে নিয়ে ধোঁয়াশা

বিনোদন ডেস্ক

মীর আফসার আলী। ছবি: সংগৃহীত

মীরাক্কেল মানেই হাসির রোল। মীর আফসার আলীর সঞ্চালনা, প্রতিযোগীদের মজার মজার কৌতুক, বিচারকদের সঙ্গে তাঁদের খুনসুটি—সব মিলিয়ে পশ্চিমবঙ্গের এই কমেডিবিষয়ক রিয়েলিটি শোটি বেশ জনপ্রিয়। ২০২০ সালে শুরু হয়েছিল মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার্স সিজন ১০-এর প্রচার। শেষ হয়েছে ২০২১ সালে। এত দিন বন্ধ ছিল আয়োজনটি। দীর্ঘ পাঁচ বছর পর আবার শুরু হচ্ছে মীরাক্কেল।

গত বুধবার মীরাক্কেল সিজন ১১-এর আনুষ্ঠানিক ঘোষণা দেয় জি বাংলা। অডিশনে অংশ নেওয়ার জন্য সব বয়সের কমেডি শিল্পীদের আহ্বান জানানো হয়েছে। পাঁচ বছরের ঊর্ধ্বে যেকোনো ব্যক্তি নিজের বলা জোকসের ভিডিও পাঠিয়ে অডিশনে অংশ নিতে পারবেন। বাছাই পর্ব শেষে শুরু হবে মূল পর্বের লড়াই। তবে এবারের সিজনে সঞ্চালকের আসনে মীর আফসার আলী থাকবেন কি না তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। কারণ, চ্যানেলটির পক্ষ থেকে সঞ্চালকের নাম প্রকাশ করা হয়নি।

অন্যদিকে, নতুন সিজনের আনুষ্ঠানিক ঘোষণার পরেও চুপ হয়ে আছেন মীর। বিভিন্ন সংবাদমাধ্যম তাঁর কাছে এ বিষয়ে জানতে চাইলে প্রসঙ্গ এড়িয়ে গেছেন মীর। তাই সঞ্চালকের আসনে মীরের থাকা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

মীরাক্কেল বন্ধ থাকাকালীন একাধিক সাক্ষাৎকারে মীর জানিয়েছিলেন, তিনি আর এই অনুষ্ঠানে ফিরতে চান না। মূলত মীরাক্কেলে নানা বিধিনিষেধ জুড়ে দেওয়ায় বিরক্ত ছিলেন মীর। মীরাক্কেলের পরিচালক শুভঙ্কর চট্টোপাধ্যায়ও এখনো সঞ্চালকের বিষয়টি পরিষ্কার করেননি। তবে সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, মীরাক্কেলের নতুন সিজন সাজানো হয়েছে নতুন ফরম্যাটে। সবকিছু ঠিক থাকলে আগামী বছর ফেব্রুয়ারিতে মীরাক্কেল সিজন ১১ শুরু হবে।

সঞ্চালকের মতো অনুষ্ঠানের বিচারকদেরও নাম প্রকাশ করেনি টিভি চ্যানেলটি। আগের বেশ কয়েকটি সিজনে বিচারক প্যানেলে থাকা শ্রীলেখা মিত্র, রজতাভ দত্ত ও পরাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, মীরাক্কেলের নতুন সিজন নিয়ে তাঁদের সঙ্গে কোনো প্রকার যোগাযোগ করা হয়নি। তবে নতুন সিজনের ঘোষণার পর সোশ্যাল মিডিয়ায় দর্শকেরা দাবি জানাচ্ছে, পুরোনো টিমকে ফিরিয়ে আনতে হবে।

মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার্স অনুষ্ঠানটি ভারতীয় টিভি চ্যানেল জি বাংলায় প্রচারিত হলেও বাংলাদেশে বেশ জনপ্রিয়। বাংলাদেশের প্রতিযোগীরা নিয়মিত অংশ নিয়েছেন এই শোতে। জিতেছেন সেরার পুরস্কারও। এই প্ল্যাটফর্ম থেকে উঠে এসেছেন আবু হেনা রনি, ইশতিয়াক নাসের, আনোয়ারুল আলম সজল, জামিল হোসেন, আরমান, পাভেল, হৃদয় প্রমুখ।