হোম > বিনোদন

প্রীতিলতা ওয়াদ্দেদারের স্মরণে ‘ট্রায়াল অব সূর্য সেন’

মার্সেল মার্সোর প্রয়াণ দিবসে আলোচনা ও নাট্য প্রদর্শনী

বিনোদন প্রতিবেদক, ঢাকা

মূকনাট্য ‘ম্যাকবেথ’-এর দৃশ্য। ছবি: সংগৃহীত

মূকাভিনয়শিল্পকে বিশ্বমঞ্চে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন ফরাসি শিল্পী মার্সেল মার্সো। বিশ্বজুড়ে মাস্টার অব মাইম হিসেবে আখ্যায়িত করা হয় তাঁকে। আজ মার্সেল মার্সোর ১৯তম প্রয়াণ দিবস। এ উপলক্ষে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে নাটকের দল স্বপ্নদল আয়োজন করেছে মূকনাট্য ‘ম্যাকবেথ’-এর প্রদর্শনী। এ ছাড়া এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে থাকছে আলোচনা ও মূকাভিনয় প্রদর্শনী।

উইলিয়াম শেক্‌সপিয়ারের রচনা অবলম্বনে জুয়েনা শবনমের কাহিনি পুনর্বিন্যাসে নির্মিত ম্যাকবেথের নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। স্বার্থপরতা-ক্ষমতালিপ্সা-অতি উচ্চাকাঙ্ক্ষায় সাহসী সেনাপতি ম্যাকবেথের রাজা ডানকানকে হত্যাসহ ক্ষমতা দখল ও শাসন টিকিয়ে রাখার জন্য একের পর এক হত্যাকাণ্ড চালায় এবং পরিশেষে তারও একই পরিণতির শিকার হওয়ার বিশ্বখ্যাত ট্র্যাজেডি ম্যাকবেথ। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জুয়েনা, হাসান, সুমাইয়া, নিশক, শিশির, শ্যামল, জেবু, সোনালী, অনিন্দ্য, অর্ক, নিসর্গ প্রমুখ।

এক্সপেরিমেন্টাল হলে সন্ধ্যা ৭টায় শুরু হবে বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশন আয়োজিত আলোচনা অনুষ্ঠান। এরপর মূকাভিনয় পরিবেশন করবে শাওন মাইম একাডেমি, দ্য মামার্স, মূকবলাকা, রঙ্গণ মাইম একাডেমি, মাইম ফেইস, সাইলেন্ট থিয়েটার ও প্যান্টোমাইম মুভমেন্ট।

অন্যদিকে, ২৪ সেপ্টেম্বর বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের আত্মাহুতি দিবস উপলক্ষে আজ রাজধানীর মহিলা সমিতিতে প্রদর্শিত হবে ঢাকা পদাতিকের মঞ্চনাটক ‘ট্রায়াল অব সূর্য সেন’। ব্রিটিশবিরোধী আন্দোলনের বীর সেনানী মাস্টারদা সূর্য সেনের প্রহসনমূলক বিচার ও হত্যাকাণ্ডের বিয়োগান্তক বিষয়বস্তুকে উপজীব্য করে নাটকটি মঞ্চে আনে ঢাকা পদাতিক।

ট্রায়াল অব সূর্য সেন নাটকটির রচনা ও নির্দেশনা দিয়েছেন মাসুম আজিজ। তাঁর মৃত্যুর পর নাটকটির নবনির্দেশনা দিয়েছেন নাদের চৌধুরী। প্রয়োজন অনুযায়ী, নাটকটির কিছু অংশে অলংকরণ ও মঞ্চ-পরিকল্পনায় নতুন মাত্রা যোগ করেছেন তিনি। নাটক প্রদর্শনীর পাশাপাশি সংগীতানুষ্ঠান ও শিশুদের অঙ্কিত প্রতিকৃতি প্রদর্শনীর আয়োজন করেছে ঢাকা পদাতিক। সন্ধ্যা ৬টায় মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে শুরু হবে এই অনুষ্ঠান।