প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
দ্য কনজুরিং: লাস্ট রাইটস (ইংরেজি সিনেমা)
- মুক্তি: জিওহটস্টার (১৩ ফেব্রুয়ারি)
- অভিনয়: ভেরা ফারমিগা, প্যাট্রিক উইলসন, বেন হার্ডি
- গল্পসংক্ষেপ: জনপ্রিয় হরর ফ্র্যাঞ্চাইজি কনজুরিংয়ের এই শেষ পর্বের গল্প দুই ভূত বিশেষজ্ঞ এড ও ওয়ারেনকে ঘিরে। একটি অভিশপ্ত আয়নাকে ঘিরে জুডি ও তার পরিবার যে জটিলতায় পড়েছে, সেটার তদন্ত করতে যায় এড ও ওয়ারেন। ঘটনার সঙ্গে জড়িয়ে যায় তাদের একমাত্র মেয়ে। ১৯৮০-এর দশকে পেনসিলভেনিয়ার একটি বাস্তব ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে সিনেমাটি।
কোহরা সিজন ২ (পাঞ্জাবি সিরিজ)
- মুক্তি: নেটফ্লিক্স (১১ ফেব্রুয়ারি)
- অভিনয়: বরুণ সাবতি, র্যাচেল শেলি, হারলিন শেঠি
- গল্পসংক্ষেপ: সিরিজের গল্প শুরু হয়েছিল জাগরানা থেকে, দ্বিতীয় সিজনের গল্প গড়িয়েছে দালেরপুরা নামের নতুন এক জায়গায়। এসিআই অমরপালকে দালেরপুরা বদলি করে নতুন টিমের সঙ্গে দেওয়া হয়েছে। এক নারীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে সেখানে, নতুন বসের অধীনে সেটার তদন্ত করতে হবে তাকে। ঘটনার যত গভীরে যায় তারা, একে একে উন্মোচিত হতে থাকে নতুন নতুন দিক।
প্রিডেটর: ব্যাডল্যান্ডস (ইংরেজি সিনেমা)
মুক্তি: জিওহটস্টার (১২ ফেব্রুয়ারি)
অভিনয়: এলি ফ্যানিং, দিমিট্রিয়াস শুস্টার-কোলোমাটাঙ্গি
গল্পসংক্ষেপ: জনপ্রিয় সাই-ফাই অ্যাডভেঞ্চার ফ্রাঞ্চাইজি প্রিডেটরের সপ্তম সিনেমা ‘প্রিডেটর: ব্যাডল্যান্ডস’। ডেক নামের এক নির্বাসিত তরুণ প্রিডেটর তার হারানো সম্মান ফিরে পেতে একটি প্রতিকূল গ্রহে মারাত্মক শিকারের মুখোমুখি হয়। এই মিশনে সে থিয়া নামের এক রোবটের সঙ্গে বন্ধুত্ব করে। তারা একসঙ্গে কেলিস্ক নামের এক ভয়ংকর দানবকে শিকার করার চেষ্টা করে।
বেবি গার্ল (মালয়ালম সিনেমা)
- মুক্তি: সনি লিভ (১২ ফেব্রুয়ারি)
- অভিনয়: নিভিন পাওলি, লিজোমোল জোসে, অরুণ ভার্মা
- গল্পসংক্ষেপ: একটি হাসপাতালে অ্যাটেনডেন্টের চাকরি করে ম্যাথিউ। বড়দিনের আগের রাতে হাসপাতালের মেটারনিটি ওয়ার্ড থেকে এক কন্যাশিশু নিখোঁজ হয়। পুলিশের সন্দেহের তির যায় ম্যাথিউয়ের দিকে। নিজেকে নির্দোষ প্রমাণ করতে ম্যাথিউ নিজেই তদন্তে জড়িয়ে পড়ে।
এটারনিটি (ইংরেজি সিনেমা)
- মুক্তি: অ্যাপল টিভি প্লাস (১৩ ফেব্রুয়ারি)
- অভিনয়: এলিজাবেথ অলসেন, মাইলস টেলার, ক্যালাম টার্নার
- গল্পসংক্ষেপ: জোয়ান ও ল্যারি নামের এক দম্পতিকে ঘিরে সিনেমাটির গল্প শুরু হয়। মৃত্যুর পর তারা এমন এক জায়গায় পৌঁছায়, যেখানে তাদের সিদ্ধান্ত নিতে হবে যে তারা চিরকালের জন্য কোথায় এবং কার সঙ্গে থাকতে চায়। এ সিনেমায় মূলত দেখানো হয়েছে, মৃত্যুর পর মানুষ তাদের জীবনের সবচেয়ে সুখের সময়টা আবার ফিরে পায়।