হোম > বিনোদন

‘মিস্টার বিন’ নিয়ে আবারও মঞ্চে রোয়ান অ্যাটকিনসন

বিনোদন ডেস্ক

রোয়ান অ্যাটকিনসন

লন্ডনের ওয়েস্ট এন্ডের মঞ্চে দীর্ঘ ৪০ বছর পর নিজের আইকনিক চরিত্রগুলো নিয়ে ফিরছেন বিশ্বখ্যাত ব্রিটিশ কমেডিয়ান রোয়ান অ্যাটকিনসন। ‘রোয়ান লাইভ’ নামের এই শোর মাধ্যমে ‘মিস্টার বিন’, ‘ব্ল্যাকঅ্যাডার’-এর পাশাপাশি ‘নট দ্য নাইন ওক্লক নিউজ’-এর মতো তাঁর ক্যারিয়ারের বিখ্যাত সব পরিবেশনা নতুন করে উপভোগের সুযোগ পাবেন দর্শক।

আগামী বছরের ৮ ফেব্রুয়ারি থেকে ১৩ মার্চ পর্যন্ত লন্ডনের গিলিয়ান লিন থিয়েটারে চলবে এই শো। মাত্র ৩০টি প্রদর্শনীর এই আয়োজনে পুরোনো ক্লাসিকের পাশাপাশি নতুন পরিবেশনাও থাকছে। এর জন্য রিচার্ড কার্টিস, বেন এলটনের মতো প্রখ্যাত লেখক এবং সুরকার হাওয়ার্ড গুডালের সঙ্গে আবারও জুটি বেঁধেছেন অ্যাটকিনসন।

দীর্ঘ চার দশক পর ওয়েস্ট এন্ডে ফেরা নিয়ে এই অভিনেতা বলেন, ‘ওয়েস্ট এন্ডে আমার সর্বশেষ কমেডি স্কেচ শো করার পর ৪০ বছর পেরিয়ে গেছে। যেসব পরিবেশনা দিয়ে রিচার্ড কার্টিস ও আমার পথচলা শুরু হয়েছিল, সেগুলো আবারও মঞ্চে পারফর্ম করা দারুণ মজার হবে বলে মনে হচ্ছে। এর সঙ্গে বিশেষ কিছু নতুন পরিবেশনাও থাকছে।’

অ্যাটকিনসনের ক্যারিয়ারের শুরু হয়েছিল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে কার্টিস ও গুডালের সঙ্গে। ১৯৮১ সালে মাত্র ২৬ বছর বয়সে ওয়েস্ট এন্ডে তাঁর প্রথম একক শো মঞ্চস্থ হয়। আশির দশকে ‘মিস্টার বিন’ চরিত্রটিকে প্রথম মঞ্চে এনেছিলেন অ্যাটকিনসন, যা পরে নব্বইয়ের দশকে টিভি ও সিনেমায় তুমুল জনপ্রিয়তা পায়।

অন্যদিকে, আশির দশকের তুমুল জনপ্রিয় টিভি সিরিজ ‘ব্ল্যাকঅ্যাডার’-এর চরিত্রটিকেও ২০১২ সালে একটি বিশেষ চ্যারিটি শোতে মঞ্চে হাজির করেছিলেন রোয়ান অ্যাটকিনসন। সেই পুরোনো জাদুকরি মুহূর্তগুলোই এবার ফিরে আসবে রোয়ান লাইভে।