হোম > বিনোদন

আলোচিত নির্মাতার নতুন সিরিজে নতুন জুটি

বিনোদন ডেস্ক

কিম গো উন এবং খাং দোং ওন । ছবি: ইনস্টাগ্রাম

‘সিগন্যাল’, ‘মাই মিস্টার’ এবং ‘হোয়েন লাইফ গিভস ইউ ট্যানজেরিন্স’-এর মতো দর্শকপ্রিয় সিরিজের নির্মাতা কিম ওন সক। চরিত্রের মনস্তাত্ত্বিক গভীরতা নিখুঁতভাবে পর্দায় তুলে ধরতে তাঁর জুড়ি মেলা ভার। নতুন সিরিজ নির্মাণ করছেন তিনি। ‘দ্য টোয়াইলাইট বিটুইন আস’ নামের সিরিজটি মুক্তি পাবে নেটফ্লিক্সে। এই পিরিয়ড অ্যাকশন-রোমান্স ড্রামায় প্রথমবারের মতো জুটি বেঁধেছেন কোরিয়ান তারকা খাং দোং ওন এবং কিম গো উন।

সিরিজটির চিত্রনাট্য লিখেছেন পার্ক জি উন, যাঁর ঝুলিতে রয়েছে ‘কুইন অব টিয়ার্স’ ও ‘ক্র্যাশ ল্যান্ডিং অন ইউ’-এর মতো সুপারহিট সব কাজ।

দ্য টোয়াইলাইট বিটুইন আস সিরিজের গল্প আবর্তিত হয়েছে শতাব্দীপ্রাচীন শত্রুভাবাপন্ন দুটি পরিবারের উত্তরাধিকারী মু ইয়োং এবং সু রিয়োনকে ঘিরে। বংশপরম্পরায় চলে আসা এই শত্রুতার অবসান ঘটাতে রাজা তাদের বিয়ে দেওয়ার নির্দেশ দেয়। কিন্তু রাজকীয় আদেশে হওয়া এই বিয়ে পরিকল্পনা অনুযায়ী এগোয় না, বরং পরিস্থিতি এমন এক দিকে মোড় নেয়, যা কেউ আগে থেকে কল্পনাও করতে পারেনি।

সিরিজে কাং পরিবারের সন্তান মু ইয়োং চরিত্রে অভিনয় করছেন খাং দোং ওন। অসাধারণ মার্শাল আর্ট দক্ষতা ও ভালো মনের অধিকারী হওয়া সত্ত্বেও ‘উত্তরের শয়তান’ নামের এক ভয়ংকর অপবাদের কারণে সে নিজেকে সবার আড়ালে রাখে।

অন্যদিকে হান পরিবারের একমাত্র মেয়ে সু রিয়োন চরিত্রে দেখা যাবে কিম গো উনকে। ক্রাউন প্রিন্সেস হতে ব্যর্থ হওয়ার পর রাজকীয় বিবাহ নিষেধাজ্ঞায় আটকা পড়ে সে। মু ইয়োংয়ের সঙ্গে এই বিয়ে তার ভাগ্যকে এক অপ্রত্যাশিত বাঁকে নিয়ে যায়। তবে শত্রু পরিবারে বিয়ে হলেও দমে যাওয়ার পাত্রী নয় সু রিয়োন।

কোরিয়ান কনটেন্টপ্রেমীদের কাছে খাং দোং ওন এবং কিম গো উন বেশ জনপ্রিয় নাম। খাং দোং ওন তাঁর ক্যারিয়ারে ‘পেনিনসুলা’ (ট্রেন টু বুসানের সিকুয়েল), ‘ব্রোকার’, ‘আ ভায়োলেন্ট প্রসিকিউটর’, ‘দ্য প্রিস্টস’-এর মতো ব্যবসাসফল সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন। অন্যদিকে কিম গো উন ‘গবলিন’, ‘দ্য কিং: এটারনাল মোনার্ক’, ‘লিটল উইমেন’-এর মতো হিট সিরিজের পাশাপাশি বেশ কিছু সিনেমায় অভিনয় করে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। তাঁদের প্রথম যুগলবন্দী দেখার জন্য মুখিয়ে আছেন দর্শকেরা। দ্য টোয়াইলাইট বিটুইন আস সিরিজটি শিগগির মুক্তি পাবে বলে জানিয়েছে নেটফ্লিক্স।