হোম > বিনোদন

এ সপ্তাহের ওটিটি: মুক্তির তালিকায় থাকা নির্বাচিত সিনেমা ও সিরিজ

বিনোদন ডেস্ক

প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।

মিশন ডিডিএলজে (বাংলা ওয়েব ফিল্ম)

  • মুক্তি: আইস্ক্রিন (২৫ সেপ্টেম্বর)
  • অভিনয়: সাদ সালমি নাওভি, লাবণ্য চৌধুরী, মাসুদ মহিউদ্দিন
  • গল্পসংক্ষেপ: ধ্রুব ও দিয়া নব্বইয়ের দশকের ক্লাসিক রোমান্টিক সিনেমা, বিশেষ করে শাহরুখ খান ও কাজল অভিনীত ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ সিনেমার প্রেমকাহিনি দ্বারা গভীরভাবে অনুপ্রাণিত। বর্তমান সময়ের লাইফস্টাইল ও সম্পর্কের জটিলতার সঙ্গে নব্বইয়ের দশকের সেই মিষ্টি, নিঃস্বার্থ প্রেমের সংযোগ ঘটাতে গিয়ে বিপাকে পড়ে তারা।

মায়ার জঞ্জাল (বাংলা সিনেমা)

  • মুক্তি: চরকি (২৪ সেপ্টেম্বর)
  • অভিনয়: অপি করিম, ঋত্বিক চক্রবর্তী, সোহেল মণ্ডল
  • গল্পসংক্ষেপ: কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের দুটি ছোটগল্প ‘বিষাক্ত প্রেম’ ও ‘সুবালা’ অবলম্বনে মায়ার জঞ্জাল বানিয়েছেন ইন্দ্রনীল রায়চৌধুরী। দুটি ভিন্ন গল্প হলেও সামাজিক বাস্তবতায় তারা যেন একই সূত্রে গাঁথা।

ডোন্ট বি শাই (হিন্দি সিনেমা)

  • মুক্তি: আমাজন প্রাইম ভিডিও (২৬ সেপ্টেম্বর)
  • অভিনয়: আরুষি বাজাজ, পীযূষ খাতি, বিয়াঙ্কা অরোরা ও অংশ দুগ্গল
  • গল্পসংক্ষেপ: ২০ বছর বয়সী শ্যামিলি শাই দাসের সাজানো জীবন ওলটপালট হয়ে যায়, যখন তার প্রেমিক ময়াঙ্ক তাকে ছেড়ে চলে যায়। প্রতিশোধ নিতে গিয়ে শ্যামিলি জানতে পারে, তারা নামের এক মেয়ের সঙ্গে সম্পর্ক গড়েছে ময়াঙ্ক। তারার সঙ্গে গভীর বন্ধুত্ব গড়ে তোলে শ্যামিলি। সম্পর্ক আর মানসিক দ্বন্দ্ব নিয়ে এগিয়ে চলে কাহিনি।

শক: ট্রাস্ট নো ওয়ান (হিন্দি সিরিজ)

  • মুক্তি: নেটফ্লিক্স (২৪ সেপ্টেম্বর)
  • অভিনয়: পরিণীতি চোপড়া, জেফার উইঙ্গেট, সোনি রাজদান
  • গল্পসংক্ষেপ: সন্তান হারানো এক মাকে ঘিরে সিরিজের গল্প। ৯ বছর ধরে নিখোঁজ সন্তানকে খুঁজে পাওয়ার জন্য লড়াই করে যাচ্ছে এই মা। একপর্যায়ে সে বুঝতে পারে সবচেয়ে কাছের মানুষেরা কোনো না কোনো গোপন রহস্য লুকিয়ে রেখেছে।

টক্সিক (কন্নড় সিনেমা)

  • মুক্তি: জি ফাইভ (২৫ সেপ্টেম্বর)
  • অভিনয়: ইয়াশ, কিয়ারা আদভানি, নয়নতারা, হুমা কুরেশি
  • গল্পসংক্ষেপ: শৈশবের ক্ষত, ভালোবাসা, বিশ্বাসঘাতকতা এবং পারিবারিক অভিশাপের বিরুদ্ধে লড়াই করতে করতে রায়া জড়িয়ে পড়ে সালভাদর কার্টেলের মতো বড় মাফিয়া চক্রের সঙ্গে। একসময় হয়ে ওঠে মাফিয়া জগতের ডন।

আ ডিফারেন্ট ওয়ার্ল্ড (ইংরেজি সিরিজ)

  • মুক্তি: নেটফ্লিক্স (২৪ সেপ্টেম্বর)
  • অভিনয়: ম্যালিয়া জয় মুন, আলিজা জাই, কর্নেল ইয়ং
  • গল্পসংক্ষেপ: ১৯৮০ ও ১৯৯০-এর দশকের সিটকম ‘আ ডিফারেন্ট ওয়ার্ল্ড’-এর গল্পের রেশ ধরে আধুনিক প্রেক্ষাপটে নির্মিত হয়েছে সিরিজটি। ডোয়েন ওয়েন এবং হুইটলি গিলবার্টের মেয়ে ডেবোরাকে কেন্দ্র করে ঘটনা এগিয়ে যায়। হিলম্যান কলেজে প্রথম বর্ষে ভর্তি হয় ডেবোরা। মা-বাবার ছায়া থেকে বেরিয়ে কীভাবে নিজের পরিচিতি তৈরি করবে, সেই লড়াইয়ে নেমে জীবনের রকমারি জটিলতার মুখোমুখি হয় ডেবোরা।