কনসার্টের মঞ্চে ফিলিস্তিনের সমর্থনে বক্তব্য দেওয়ায় এড শিরানের চলমান সংগীতসফর লুপ ট্যুরের উত্তর আমেরিকা শিডিউল থেকে বাদ দেওয়া হয়েছে মার্কিন র্যাপার ম্যাকলেমোরকে। তবে বিষয়টি কেবল একজন শিল্পীর বিদায়েই থেমে থাকেনি; এর জেরে অন্য পারফর্মারদের আকস্মিক সরে দাঁড়ানোর কারণে বড় ধরনের অনিশ্চয়তার মুখে পড়েছে শিরানের এই মেগা কনসার্ট সিরিজ।
এক বিবৃতিতে শিরান দাবি করেন, ম্যাকলেমোরকে ট্যুর থেকে সরানোর সিদ্ধান্ত তাঁর নয়, বরং এটি এসেছে কনসার্টের আয়োজক ও ভেন্যু কর্তৃপক্ষের পক্ষ থেকে। ম্যাকলেমোরের সাহসিকতাকে শ্রদ্ধা করলেও গানের মঞ্চকে রাজনৈতিক বিতর্কের বাইরে রাখার পক্ষে যুক্তি তুলে ধরেন তিনি।
শিরানের এই ব্যাখ্যার কয়েক ঘণ্টার মধ্যেই তাঁর ট্যুরে বড় ধরনের ধস নামে। ম্যাকলেমোরকে বাদ দেওয়ায় প্রতিবাদ জানিয়ে ট্যুর বর্জনের ঘোষণা দেন বাকি সব শিল্পী। এই তালিকায় আছেন আইরিশ গায়ক অ্যারন রো, গ্র্যামিজয়ী শিল্পী ফিনিয়াস এবং ডেনিশ পপ ব্যান্ড লুকাস গ্রাহাম। কনসার্ট থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে মঞ্চে শিরানের সঙ্গে নিয়মিত বাজানো আইরিশ ফোক ব্যান্ড বিওগা। ফলে আগামী শোগুলোতে মঞ্চ মাতানোর মতো বিকল্প নাম খুঁজে পেতে এখন হিমশিম খাচ্ছে শিরানের টিম।
পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, এই সফরের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে সেপ্টেম্বর মাসে আরও ৩টি, অক্টোবরে ৬টি ও নভেম্বরে একটি কনসার্টে অংশ নেওয়ার কথা শিরানের। কিন্তু শেষ মুহূর্তে এতজন শিল্পীর সরে দাঁড়ানোর পর তাঁদের বিকল্প হিসেবে কারা মঞ্চে উঠবেন, তা নিশ্চিত করতে পারেনি আয়োজক প্রতিষ্ঠান।
বিলবোর্ডের প্রতিবেদন অনুযায়ী, এমন পরিস্থিতিতে শিরানের দল এখন একাধিক চ্যালেঞ্জের মুখোমুখি। এত বড় আয়োজনে শেষ মুহূর্তে পরিচিত শিল্পীদের যুক্ত করা ভীষণ কঠিন। ফিলিস্তিনপন্থী অবস্থান নিয়ে রাজনৈতিক বিভাজন যে পর্যায়ে পৌঁছেছে, তাতে অনেক শীর্ষস্থানীয় শিল্পীই এই বিতর্কের রেশ মাথায় নিয়ে মঞ্চে দাঁড়াতে দ্বিধাবোধ করছেন।
ম্যাকলেমোরের সমর্থক এবং যুদ্ধবিরোধী সাধারণ তরুণ শ্রোতাদের একটি অংশ আয়োজকদের ওপর ক্ষুব্ধ। কিছু ভেন্যুতে বয়কটের ডাক দেওয়া হলেও শিরানের নিজস্ব ফ্যানবেজের কারণে সার্বিক টিকিটের চাহিদা হয়তো বজায় থাকবে, তবে ট্যুরের ইতিবাচক ভাবমূর্তি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ পরিস্থিতিতে আয়োজকদের সামনে এখন মূলত তিনটি পথ খোলা আছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে বিলবোর্ড—তুলনামূলক কম পরিচিত শিল্পীদের যুক্ত করে শূন্যস্থান পূরণ করা, কোনো ওপেনিং অ্যাক্ট না রেখে শুধু শিরানের পারফরম্যান্স দিয়ে পুরো শো শেষ করা অথবা কনসার্টের তারিখ পিছিয়ে দিয়ে নতুন করে লাইনআপ সাজানো।
সব মিলিয়ে বিতর্ক আর বর্জনের এই ধাক্কা সামলে এড শিরান তাঁর যুক্তরাষ্ট্রের কনসার্টগুলো কীভাবে সফলভাবে শেষ করেন, আপাতত সেদিকেই নজর সবার।