ওটিটি প্ল্যাটফর্ম চালু হওয়ার পর থেকে প্রতি ঈদে দেশের ওয়েব প্ল্যাটফর্মেও থাকে নানা আয়োজন। তবে এবার খরা লেগেছে সেই আয়োজনে। ওটিটি প্ল্যাটফর্মগুলোতে নিজস্ব কনটেন্ট নেই বললেই চলে। সব প্ল্যাটফর্ম মিলিয়ে মাত্র দুটি ওয়েব ফিল্ম মুক্তি পাচ্ছে, আছে একটি বিদেশি মাইক্রোড্রামা এবং গত ঈদে দেশের হলে মুক্তি পাওয়া সিনেমা, তবে তালিকায় নেই কোনো নতুন সিরিজ।
সীমান্তের দুই প্রান্তের দুই মানুষের আবেগ, ভালোবাসা ও দূরত্বের গল্প নিয়ে নির্মাণ করা হয়েছে ওয়েব ফিল্ম ‘তাজমহল’। বানিয়েছেন ওয়াহিদ আনাম। নির্মাতা জানিয়েছেন, এটি শুধুই প্রেমের গল্প নয়, বরং সম্পর্ক, অপেক্ষা ও আবেগের এক মানবিক উপাখ্যান। তাজমহল দিয়ে বাংলাদেশের শোবিজ ইন্ডাস্ট্রিতে অভিষেক হচ্ছে পশ্চিমবঙ্গের সৃজা দত্তের। তাঁর অভিনীত চরিত্রের নাম মুমতাজ। সৃজার বিপরীতে তাজ চরিত্রে আছেন ফাইজুল ইয়ামিন। আরও অভিনয় করেছেন আ খ ম হাসান, মালিহা মেধা প্রমুখ। ঈদের দিন থেকে বঙ্গতে দেখা যাবে সিনেমাটি।
এ ছাড়া ঈদ উপলক্ষে মুক্তি পেয়েছে কাজল আরেফিন অমি পরিচালিত ‘ব্যাচেলর পয়েন্ট ৫’-এর চ্যাপ্টার ১২।
কাজী আনোয়ার হোসেনের লেখা উপন্যাস ‘আর্তনাদ’ অবলম্বনে ‘সারার সংসার’ নামের ওয়েব ফিল্ম বানিয়েছেন আকা রেজা গালিব। নামভূমিকায় অভিনয় করেছেন সাদিয়া ইসলাম মৌ। গল্পে দেখা যাবে, এক রাতে সারা খুন করে তার মেয়ের গোপন প্রেমিককে। তার মনে ভয় জাগে, পুলিশ জানতে পারলে মেয়ের দুর্নাম ছড়িয়ে যাবে। তাই সবকিছু চাপা দিতে চায় সে। সুযোগ বুঝে লাশ সরিয়ে ফেলে। কিন্তু পুলিশ নিখোঁজ ব্যক্তির সন্ধানে নামলে শুরু হয় বিপদ। এতে আরও আছেন গাজী রাকায়েত, রাশেদ মামুন অপু, নাফিস আহমেদ, নাফিসা মালিয়াত প্রমি, ইহতেশাম আহমেদ টিংকু প্রমুখ। ২৬ মে আইস্ক্রিনে মুক্তি পাবে সারার সংসার।
ঈদে দীপ্ত প্লেতে দেখা যাবে বাংলায় ডাবিং করা মাইক্রোড্রামা ‘গোপন সম্রাট’। অ্যাকশন, রহস্য, আবেগ ও প্রতিশোধের রোমাঞ্চকর কাহিনি নিয়ে তৈরি হয়েছে এটি। গল্পে দেখা যাবে, ২০ বছর আগে এক ভয়াবহ রাতে পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যা করে বন্দী করা হয় ড্রাগন স্পিয়ারের অধিপতিকে। অলৌকিকভাবে বেঁচে যায় ছোট্ট ইয়ে চেন। প্রতিশোধের আগুন বুকে নিয়ে বেড়ে ওঠে সে। দীর্ঘ ২০ বছরের যুদ্ধ ও সংগ্রামের পর যখন বিজয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে ইয়ে চেন, তখন সে জানতে পারে চমকে দেওয়ার মতো এক সত্য—তার পরিবারের হত্যাকারী আর কেউ নয়, তার নিজের পিতার পালিত কন্যা। মাইক্রোড্রামাটির প্রজেক্ট ডিরেক্টর খায়রুল আলম হিমুর তত্ত্বাবধানে বিভিন্ন চরিত্রে কণ্ঠ দিয়েছেন দীপ্ত টিভির কণ্ঠাভিনয় টিম।
রোজার ঈদে মুক্তি পাওয়া পাঁচ সিনেমার চারটি ওটিটিতে মুক্তি পাচ্ছে এই ঈদে। ২১ মে থেকে চরকিতে দেখা যাচ্ছে রেদওয়ান রনি পরিচালিত ‘দম’। অভিনয় করেছেন আফরান নিশো, পূজা চেরী, চঞ্চল চৌধুরী প্রমুখ। ২২ মে ‘প্রিন্স’ ও ‘রাক্ষস’ দিয়ে যাত্রা শুরু করেছে ওটিটি প্ল্যাটফর্ম উৎসব। শাকিব খান, তাসনিয়া ফারিণ, জ্যোতির্ময়ী কুণ্ডু অভিনীত প্রিন্স পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। রাক্ষস পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। অভিনয়ে সিয়াম আহমেদ, সুস্মিতা চট্টোপাধ্যায় প্রমুখ। আজ হইচইয়ে মুক্তি পাবে রোজার ঈদের সবচেয়ে সফল সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’। হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে এটি পরিচালনা করেছেন তানিম নূর। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, সাবিলা নূর, শরিফুল রাজ প্রমুখ।