ব্যতিক্রম ধাঁচের গান দিয়ে নিজস্ব পরিচিতি তৈরি করেছে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড মেঘদল। অন্যদিকে, ভিন্ন আমেজের গান নিয়ে ওপার বাংলায় জনপ্রিয় হয়েছে ব্যান্ড চন্দ্রবিন্দু। শুধু পশ্চিমবঙ্গেই নয়, চন্দ্রবিন্দু সমান জনপ্রিয় বাংলাদেশের শ্রোতাদের কাছেও। এবার চন্দ্রবিন্দুর সঙ্গে প্রথমবার একমঞ্চে কনসার্ট করতে যাচ্ছে মেঘদল। আগামী ৫ সেপ্টেম্বরে কলকাতায় অনুষ্ঠিত হবে এই কনসার্ট।
গতকাল ফেসবুক পেজে কনসার্টের পোস্টার শেয়ার করে এই কনসার্টের খবর জানায় মেঘদল। সেই পোস্টারে লেখা, ‘মেঘের সঙ্গে চাঁদের দেখা। সেভ দ্য ডেট ৫ সেপ্টেম্বর, ২০২৬।’ এই কনসার্টের বিস্তারিত জানতে মেঘদলের গায়ক ও গীতিকার শিবু কুমার শীল শিবুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, কলকাতার আয়োজক প্রতিষ্ঠান ট্যালেন্ট ওয়াল আয়োজন করছে এই কনসার্ট। শিগগির ভেন্যুসহ কনসার্টের বিস্তারিত জানিয়ে দেওয়া হবে।
শিবু কুমার শীল বলেন, ‘এই প্রথমবার চন্দ্রবিন্দুর সঙ্গে একই কনসার্টে পারফর্ম করবে মেঘদল। দুই বাংলার এই দুটি ব্যান্ড জনরার দিক থেকেও অনেকটা কাছাকাছি। কবীর সুমন, মহীনের ঘোড়াগুলির যে লিগ্যাসি সেটা কিন্তু চন্দ্রবিন্দু ও মেঘদল ব্যান্ড দুটির মধ্যে আছে। দুই দেশে থাকলেও বাংলা গানের সূত্রে আমরা এক আত্মার আত্মীয়। যদিও চন্দ্রবিন্দু আমাদের আগের সময়ের ব্যান্ড। ছাত্রজীবনে তাঁদের গান আমরা অনেক শুনেছি। অনেক সময় আমাদের অনুপ্রেরণা জুগিয়েছে। খুব সম্মানিত বোধ করছি, একসঙ্গে আমরা স্টেজ শেয়ার করব।’
শিবু কুমার শীল জানান, এবারের পশ্চিমবঙ্গ সফরে আরও কিছু কনসার্ট নিয়ে কথা হচ্ছে তাঁদের। চূড়ান্ত হয়ে গেলে জানিয়ে দেওয়া হবে মেঘদলের ফেসবুক পেজে। কলকাতায় কনসার্টের অভিজ্ঞতা জানিয়ে শিবু কুমার শীল বলেন, ‘মেঘদল কলকাতায় ভীষণ জনপ্রিয়। অতীতে সেখানে কনসার্ট করতে গিয়ে আমরা সেটা টের পেয়েছি। পশ্চিমবঙ্গে বাংলাদেশের ব্যান্ডের অনেক কদর। বাচ্চু ভাই, জেমস ভাই, মাইলসের লিগ্যাসি ধরে আমরা যখন সেখানে শো করতে যাই, তখন দেখেছি তারা মেঘদলকে ভীষণ সেলিব্রেট করে। আমাদের গান প্রত্যেকের মুখে মুখে, আমাদের সঙ্গে তাল মিলিয়ে গাইছে। এটা অনেক আশার জায়গা যে, কোনো ধরনের রাজনীতি শিল্পের ক্ষেত্রে কোনো বাধা বা দেয়াল নয়। বরং গান, কবিতা, সিনেমা কিংবা সাহিত্য—শিল্পের বিভিন্ন মাধ্যম যেকোনো বাধা বা দেয়ালকে ভেঙে দেয়।’
নতুন গানের খবর জানতে চাইলে শিবু কুমার জানান, মেঘদলের সদস্য মেজবাউর রহমান সুমনের ‘রইদ’ সিনেমার জন্য একটি গান করেছেন তাঁরা। গানটি নিয়ে এখনই বিস্তারিত না বললেও জানালেন, আগামী মাসের প্রথম সপ্তাহে প্রকাশ করা হবে গানটি। এর আগে সুমনের ‘হাওয়া’ সিনেমাতেও ছিল মেঘদলের হাওয়া গানটি।
শিবু কুমার শীল আরও জানান, শিগগির প্রকাশ পাবে মেঘদলের তৃতীয় অ্যালবাম ‘অ্যালুমিনিয়ামের ডানা’র শেষ তিন গান ‘কার্নিভ্যাল’, ‘বাঘ’ এবং ‘তারে কোথায় খুঁজে পাই’। বাঘ ও তারে কোথায় খুঁজে পাই গানের কথা, সুর ও কণ্ঠ দিয়েছেন মেজবাউর রহমান। এরপরেই প্রকাশ করা হবে কার্নিভ্যাল গানটি। এতে কণ্ঠ দিয়েছেন শিবু কুমার শীল। গানের কথা ও সুরও তাঁর।
এদিকে পয়লা বৈশাখে রাজধানীর তেজগাঁওয়ের ইয়ামাহা ফ্ল্যাগশিপ সেন্টার মিলনায়তনে হয়ে গেল মেঘদলের একক কনসার্ট। শিগগিরই দেশের বিভিন্ন স্থানে একক কনসার্টের পরিকল্পনা করছে দলটি। শিবু কুমার শীল বলেন, ‘২০২৩ সালে সর্বশেষ মুক্তিযুদ্ধ জাদুঘরে আমরা সলো কনসার্ট করেছিলাম। এরপর নানা কারণে সলো শো করার সুযোগ হয়নি। পয়লা বৈশাখে একক কনসার্ট করলাম। আমরা পরিকল্পনা করছি দেশের বিভাগীয় শহর ও বিভিন্ন জেলায় একক কনসার্ট আয়োজনের। ঢাকার বাইরে কনসার্ট করতে গেলে আমরা হয়তো এক ঘণ্টা পারফর্ম করার সুযোগ পাই। কিন্তু দর্শকেরা আমাদের সব গান শুনতে চায়। বরিশাল দিয়ে একক কনসার্ট শুরু করার ইচ্ছা আছে। এরপর রাজশাহী, চট্টগ্রাম, খুলনা এভাবে চলতে থাকবে। শেষ হবে ঢাকায়।’