হোম > বিনোদন

শুরু হবে পরবর্তী ধাপের চিকিৎসা

কাল সকালে লন্ডনে ফিরছেন ইলিয়াস কাঞ্চন

বিনোদন প্রতিবেদক, ঢাকা

ইলিয়াস কাঞ্চন । ছবি: মো. সামছুল হুদা

ব্রেন টিউমারের পরবর্তী ধাপের চিকিৎসা নিতে আগামীকাল ১২ আগস্ট চিকিৎসার জন্য লন্ডনে ফিরে যাচ্ছেন অভিনেতা ও নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। সকাল ১০টার ফ্লাইটে তিনি লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়বেন বলে জানিয়েছেন তাঁর ছেলে মিরাজুল মইন জয়। এ সময় সঙ্গে থাকবেন অভিনেতার স্ত্রী ও জামাতা আরিফুল ইসলাম কলিন্স। লন্ডন পৌঁছানোর পর এক সপ্তাহ বিশ্রামে থাকবেন ইলিয়াস কাঞ্চন। এরপর শুরু হবে চিকিৎসা। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে পরবর্তী চিকিৎসার পদ্ধতি ঠিক করা হবে।

জয় জানিয়েছেন, পূর্ব লন্ডনে টেমস নদীতীরবর্তী শহর বার্কিংয়ে থাকেন তাঁর বোন ইমা ইসলাম। লন্ডনে ফিরে সেখানেই উঠবেন ইলিয়াস কাঞ্চন। ব্রেন টিউমারে আক্রান্ত হওয়ার পর হাসপাতাল ও মেয়ে ইমা ইসলামের বাসায় থেকে চিকিৎসা নিয়েছেন অভিনেতা। এবার লন্ডনে ফেরার পর মাউন্ট ভার্নন হাসপাতালে আবারও চিকিৎসা শুরু হবে তাঁর।

গত বছর আগস্টে লন্ডনের একটি হাসপাতালে ইলিয়াস কাঞ্চনের মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকেরা টিউমারের বড় একটি অংশ অপসারণ করতে সক্ষম হলেও ঝুঁকির কারণে পুরো টিউমার সরানো সম্ভব হয়নি। শুরু হয় দীর্ঘ চিকিৎসা। টানা তিন মাস কেমোথেরাপি নেওয়ার পাশাপাশি চলে ওরাল থেরাপি। সে সময় সপ্তাহে পাঁচ দিন করে ১২ সপ্তাহের চিকিৎসায় ৬০টির বেশি কেমোথেরাপি নিতে হয়েছে ইলিয়াস কাঞ্চনের। এরপর তিন মাসের প্রথম ধাপের ওরাল থেরাপি শেষ করে আরও তিন মাসের দ্বিতীয় ধাপের ওরাল থেরাপি নেন তিনি।

জয় জানিয়েছেন, চিকিৎসকেরা ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থা নিয়ে সন্তুষ্ট। টিউমারটি অনেক ছোট হয়ে এসেছে। যেহেতু এখনো টিউমার পুরোপুরি অপসারণ করা সম্ভব হয়নি এবং কেমোথেরাপি শেষ করা গেছে। তাই নতুন চিকিৎসা শুরুর কথা ভাবছেন চিকিৎসকেরা। অভিনেতার লন্ডনে ফেরার পর সিটি স্ক্যান, এমআরআইসহ প্রয়োজনীয় পরীক্ষা শেষে চিকিৎসাপদ্ধতি নির্ধারণ করবেন চিকিৎসকেরা।

উল্লেখ্য, ৩ আগস্ট পরিবার ও ঘনিষ্ঠজনদের সঙ্গে সময় কাটানোর জন্য দেশে ফেরেন ইলিয়াস কাঞ্চন। দেশে আসার পর তাঁর সঙ্গে দেখা করেছেন চলচ্চিত্র অভিনেতা আলমগীর, মিশা সওদাগর অভিনেত্রী শবনম, আনোয়ারা, সুচন্দা, রোজিনা, চম্পা, মুক্তিসহ অনেকে। ৭ আগস্ট রাজধানীর শিল্পকলা একাডেমিতে আয়োজিত নিসচার ১১তম মহাসমাবেশে যোগ দেন ইলিয়াস কাঞ্চন। আজ কিশোরগঞ্জে গ্রামের বাড়িতে যাওয়ার কথা তাঁর।

৯ আগস্ট রাতে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘দেশে আসার পর আজ একটু বেশি আরাম বোধ করছি। ঘুমটা খুব ভালো হয়েছে। অনেকেই আসছেন, দেখা করছেন, কথা বলছি, খুব ভালো লাগছে। জীবনের এই পর্যায়ে এসে শুধু একটাই চাওয়া—আমার জন্য সবাই দোয়া করবেন, যেন দ্রুত চিকিৎসা শেষে দেশে ফিরতে পারি। আমার দেশে থাকতেই ভালো লাগে।’

জয় বলেন, ‘আব্বুর মুখের হাসিটাই আমার প্রাণ। আব্বুকে হাসিখুশি দেখে আমারও ভালো লাগছে। সবাই আমার প্রাণপ্রিয় আব্বুর জন্য দোয়া করবেন।’

বনানীর যাত্রাবিরতিতে থিয়েট্রিক্যাল কোম্পানির নাটক ‘মলুয়া’

ভ্রমণে বের হলে কাফনের কাপড় সঙ্গে রাখেন লাকি আলী

রবীন্দ্রনাথ স্মরণে মানিকগঞ্জে বিশেষ আয়োজন

মৈমনসিংহ গীতিকার মলুয়া নারীর অদম্য শক্তির আখ্যান

গাড়ি দুর্ঘটনায় আহত এ আর রহমানের ছেলে আমিন

গানে-গল্পে নিউইয়র্ক মাতালেন অপূর্ব

পরিচালক বদলে আসছে ‘অসুর’ সিরিজের তৃতীয় সিজন

পালাকারের নতুন নাটক ‘এককোটি মনোয়ারা’

‘মোয়ানা’র ব্যর্থতা নিয়ে চিন্তিত নন ডোয়াইন জনসন

হাসান মাসুদের বদলে যাওয়া