হোম > বিনোদন

স্টার সিনেপ্লেক্সে একটি টিকিট কিনলে আরও একটি ফ্রি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

পথচলার ২২ বছর উপলক্ষে দর্শকদের জন্য বিশেষ অফার ঘোষণা করেছে স্টার সিনেপ্লেক্স। আগামীকাল বৃহস্পতিবার (৮ অক্টোবর) প্রতিষ্ঠানটির যেকোনো শাখায় যেকোনো সিনেমার শোর জন্য কাউন্টার থেকে একটি টিকিট কিনলে আরও একটি টিকিট বিনা মূল্যে পাওয়া যাবে।

স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ জানিয়েছে, অফারটি শুধু ৮ অক্টোবর প্রযোজ্য হবে।

দর্শকদের জন্য বিনা মূল্যে মুভি ভাউচার জেতার সুযোগও থাকছে। স্টার সিনেপ্লেক্সে সিনেমা দেখতে গিয়ে সবচেয়ে সুন্দর স্মৃতি ফেসবুক পেজে শেয়ার করে এই ভাউচার জেতা যাবে। এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে দেওয়া আছে।

দেশের প্রথম মাল্টিপ্লেক্স সিনেমা হল স্টার সিনেপ্লেক্স যাত্রা শুরু করে ২০০৪ সালের ৮ অক্টোবর। বর্তমানে ঢাকার বসুন্ধরা সিটি শপিং মল, সীমান্ত সম্ভার ধানমন্ডি, এসকেএস টাওয়ার মহাখালী, সামরিক জাদুঘর, সনি স্কয়ার মিরপুর, সেন্টার পয়েন্ট উত্তরা ও সীমান্ত টাওয়ার নারায়ণগঞ্জে প্রতিষ্ঠানটির শাখা রয়েছে।

চট্টগ্রামের বালি আর্কেড ও ফিনলে স্কয়ারেও স্টার সিনেপ্লেক্সের শাখা রয়েছে। এ বছর বগুড়া ও রাজশাহীতে নতুন শাখা চালুর প্রক্রিয়া চলছে। ঢাকার বিভিন্ন এলাকায় আরও শাখা চালুর পরিকল্পনা রয়েছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

২২ বছর পূর্তিতে দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে স্টার সিনেপ্লেক্সের মুখপাত্র মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘এই পথচলা নিঃসন্দেহে আনন্দের। সময়ের সঙ্গে অনেক নতুনত্ব আসে। সেটি যখন মানুষ ভালোভাবে গ্রহণ করে, তখনই তার সার্থকতা তৈরি হয়। স্টার সিনেপ্লেক্স আজ যে জায়গায় এসেছে, তার পেছনে মূল শক্তি দর্শকদের ভালোবাসা। দর্শকেরা সঙ্গে ছিলেন বলেই এই পথচলা সার্থক হয়েছে। এ জন্য দর্শকদের প্রতি আমাদের অশেষ কৃতজ্ঞতা।’

মেসবাহ উদ্দিন আহমেদ আরও বলেন, ‘ভালো সিনেমার জন্য দর্শকেরা সব সময় উদ্‌গ্রীব থাকেন। শুধু বিদেশি ছবির ওপর নির্ভরতা নয়, আমরা চাই আমাদের দেশে নিয়মিত ভালো ভালো ছবি নির্মিত হোক। বাংলাদেশের সিনেমা দেখার জন্য সব সময় হলে ভিড় লেগে থাকুক।’