হোম > বিনোদন

নিউইয়র্কে অপূর্বর মিউজিক্যাল নাইট

বিনোদন প্রতিবেদক, ঢাকা

অপূর্ব। ছবি: সংগৃহীত

অভিনয়ের পাশাপাশি গানটাও ভালো করেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। সুযোগ পেলে যেকোনো আড্ডায় গিটার বাজিয়ে গান গেয়ে মাতিয়ে রাখেন বন্ধুদের। স্টেজেও পারফর্ম করতে দেখা গেছে তাঁকে। টিভি নাটক ও টেলিফিল্মেও গান করেছেন তিনি। এবার একক কনসার্টে গান শোনাবেন অপূর্ব। তবে দেশে নয়, ‘অপূর্ব মিউজিক্যাল নাইট’ শিরোনামের কনসার্টটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে।

এ মাসের শুরু থেকে শোনা যাচ্ছিল যুক্তরাষ্ট্রে অপূর্বর কনসার্টের খবর। ফেসবুকে কয়েকটি গ্রুপে ছড়িয়ে পড়েছিল এই কনসার্টের খবরের ফটোকার্ড। তবে এ নিয়ে কোনো কথা বলেননি অপূর্ব। খোঁজ নিয়ে জানা গিয়েছিল কনসার্ট নিয়ে আলাপ হলেও তা চূড়ান্ত হয়নি তখন। অবশেষে গতকাল সোশ্যাল মিডিয়ায় কনসার্টের খবর নিশ্চিত করলেন অপূর্ব। ২৫ জুলাই নিউইয়র্ক সিটিতে বসবে অপূর্বর গানের আসর। অনুষ্ঠানে প্রায় দুই ঘণ্টা গানে গানে দর্শক মাতাবেন তিনি। আজ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে অপূর্বর একক গানের এই কনসার্টের ভেন্যু ও টিকিটের দাম।

কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্রে আছেন অপূর্ব। ২০২১ সালে যুক্তরাষ্ট্রপ্রবাসী শাম্মা দেওয়ান তৃষাকে বিয়ের পর থেকে বছরের বেশির ভাগ সময় যুক্তরাষ্ট্রে কাটান অপূর্ব। সেখানেই স্থায়ীভাবে বসবাস করেন তাঁর স্ত্রী ও কন্যা।

যুক্তরাষ্ট্রে থাকার কারণে আগের মতো নিয়মিত অভিনয়ে দেখা যায় না অপূর্বকে। তবে দেশে ফিরলে ব্যস্ত হয়ে পড়েন লাইট, ক্যামেরা, অ্যাকশনে। সবশেষ তাঁকে দেখা গেছে সালেহ সোবহান অনীম পরিচালিত ‘হেডলাইন’ ওয়েব সিরিজে। এতে সাংবাদিক জহির চরিত্রে প্রশংসিত হয়েছে অপূর্বর অভিনয়।

গত জুনে মুক্তি পাওয়া হেডলাইন দিয়ে দুই বছর পর ওটিটিতে ফিরেছেন অপূর্ব। এর আগে তাঁকে পাওয়া গেছে ২০২৪ সালে, ‘গোলাম মামুন’ নামের ওয়েব সিরিজে। জানা গেছে, দেশে ফিরে অপূর্ব শুরু করবেন ‘গোলাম মামুন ২’ সিরিজের কাজ। এবার সিরিজটি পরিচালনা করবেন তানিম রহমান অংশু। এর আগে তিনি পরিচালনা করেছিলেন ‘বুকের মধ্যে আগুন’, যে সিরিজে প্রথমবার পর্দায় পুলিশ কর্মকর্তা গোলাম মামুন হয়ে দর্শকের সামনে আসেন অপূর্ব।

খুরশীদ আলমকে নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’

শিল্পকলায় চার দিনব্যাপী ‘নজরুল নাট্যোৎসব’

১৮ বছর পর নতুন অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে মৌলিক গানের প্রতিযোগিতা

দুই দিনে চার মঞ্চায়ন, শিল্পকলায় ফিরছে ‘আদম সুরত’

বিচারকের আসনে পাঁচ শিল্পী

আসছে থিয়েট্রিক্যাল কোম্পানির প্রথম প্রযোজনা ‘মলুয়া’

ঢাকায় স্থগিত হওয়া অনুপম রায়ের কনসার্ট হবে ১ আগস্ট

বক্স অফিসে নোলানের ‘দ্য ওডিসি’র রাজকীয় অভিষেক

নোলানের ‘ওডিসি’র মহাকাব্যিক সূচনা, ৩ দিনেই উঠে এল নির্মাণ ব্যয়