হোম > বিনোদন

নজরুল প্রয়াণ দিবসের আয়োজন

বিনোদন প্রতিবেদক, ঢাকা

‘সকাল বেলার পাখি’ অনুষ্ঠানের দৃশ্য। ছবি: দুরন্ত টিভির সৌজন্যে

আগামীকাল ২৭ আগস্ট ১২ ভাদ্র জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস। এ উপলক্ষে টিভি চ্যানেলগুলোতে রয়েছে নানা আয়োজন। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতেও চলছে নানা অনুষ্ঠান।

এনটিভি

এনটিভিতে বুধবার বেলা ১টায় প্রচার হবে নাটক ‘গভীর নিশীথে’। নজরুলের গান অবলম্বনে নাটকটির নাট্যরূপ দিয়েছেন পান্থ শাহরিয়ার, পরিচালনা করেছেন নঈম ইমতিয়াজ নেয়ামূল। অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, বাঁধন প্রমুখ।

সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে প্রচার হবে সংগীতানুষ্ঠান ‘অন্তরে তুমি আছো চিরদিন’। হুমায়ূন ফরিদের প্রযোজনায় এ অনুষ্ঠানে নজরুলের বিভিন্ন ধর্মীয় সংগীত পরিবেশন করেছেন শিল্পী খায়রুল আনাম শাকিল, ইয়াকুব আলী খান, লীনা তাপসী খান, ইয়াসমীন মুশতারী, ফেরদৌস আরা ও এম এ মান্নান।

রাত ১১টা ৩০ মিনিটে প্রচারিত মিউজিক নাইট অনুষ্ঠানে গান শোনাবেন সংগীতশিল্পী ঋতুরাজ ও প্রিয়াঙ্কা বিশ্বাস।

দুরন্ত টিভি

দুরন্ত টিভিতে সকাল ৮টা ও দুপুর ১২টায় দেখা যাবে কাজী নজরুল ইসলাম রচিত জনপ্রিয় গান নিয়ে অনুষ্ঠান ‘গানের পাখি বুলবুল’। এই আয়োজনে গান গেয়েছে দেবষ্মিতা কুন্ডু, আনন্দী ঘোষ, আহনাফ নবী আরিক, তানচৈ বালা তিথী আর তাশফিয়া তাসনিম গুনগুন।

সকাল ৮টা ৩০ মিনিট ও বিকেল ৫টা ৩০ মিনিটে প্রচারিত হবে ‘সকাল বেলার পাখি’। এই আয়োজনে নজরুলের বিভিন্ন কবিতার নাটকীয় উপস্থাপনা করেছে কল্পরেখার ছোট্ট বন্ধুরা। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন ফরিদা লিমা।

শিল্পকলা একাডেমি

জাতীয় কবির ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে ২৫ আগস্ট সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে শিশু-কিশোর শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান ‘আমি হব সকাল বেলার পাখি’। সাংস্কৃতিক অনুষ্ঠানে সমবেত উদ্বোধনী সংগীত ‘দাও শৌর্য দাও ধৈর্য’, ‘শুকনো পাতার নূপুর পায়ে’ পরিবেশন করে ৫০ জন শিশু-কিশোর শিল্পী এবং সমবেত নৃত্য ‘প্রজাপতি, প্রজাপতি’ পরিবেশন করে ৫০ জন শিশু-কিশোর শিল্পী। অনুষ্ঠানে নাচ, গান, আবৃত্তিসহ নানা পরিবেশনা নিয়ে অংশ নিয়েছে রাফিদ জাহিন প্রাচ্য, সাবরিনা জাহান সেঁজুতি, রবিউল ইসলাম শান্তসহ অনেকে।

এ ছাড়া জাতীয় কবির কালজয়ী সৃষ্টিকর্মকে স্মরণ করতে ২৭ ও ২৮ আগস্ট ‘আমারে দেবো না ভুলিতে’ শীর্ষক দুই দিনব্যাপী আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।