একসময় শোবিজে কান পাতলেই শোনা যেত প্রেম করছেন ছোট পর্দার দুই অভিনয়শিল্পী খায়রুল বাসার ও সাদিয়া আয়মান। যদিও বারবার বিষয়টিকে গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছেন তাঁরা। অবশেষে একটি পডকাস্টে এসে খায়রুল বাসার স্বীকার করলেন সাদিয়ার সঙ্গে প্রেম ছিল তাঁর। তবে সেই সম্পর্ক ভেঙে গেছে কয়েক বছর আগেই।
খায়রুল বাসার জানান, নাটকে অভিনয়ের আগে বিজ্ঞাপনের কাজ করতে গিয়ে সাদিয়ার সঙ্গে তাঁর প্রথম পরিচয়। এরপর ধীরে ধীরে সেটা প্রেমে পরিণত হয়। তবে সেই প্রেম কেন ভেঙে গেল, তা নিয়ে কথা বলতে রাজি নন অভিনেতা।
খায়রুল বাসার বলেন, ‘তখন গুঞ্জন বলে উড়িয়ে দিতাম। কারণ ভালো কিছু ভালো থাকে না। ভালো রাখাটা কঠিন হয়ে যায়। এ কারণেই এড়িয়ে যেতাম। তবে সাদিয়ার সঙ্গে আমার প্রেম ছিল।’
করোনা-পরবর্তী সময়ে টিভি নাটকের নিয়মিত জুটি হয়ে উঠছিলেন খায়রুল বাসার ও সাদিয়া আয়মান। এই জুটির ‘ডুব সাঁতার’, ‘বাবুই পাখির বাসা’, ‘জলতরঙ্গ’, ‘দই ফুচকা’, ‘দ্য ফার্স্ট কেস’ নাটকগুলো বেশ জনপ্রিয়তা পায়। হঠাৎ করেই তাঁদের আর কোনো নাটকে একসঙ্গে দেখা যায় না। খায়রুল বাসার জানান, তিন বছর আগে প্রেম ভাঙার পর দুজন মিলে সিদ্ধান্ত নিয়েছেন একসঙ্গে কাজ না করার।
খায়রুল বাসার বলেন, ‘আমার কাছে মনে হয়েছে, আমাদের একসঙ্গে কাজ না করা ভালো। দুজনের জন্য ভালো বলেই আমরা কাজ করছি না। দর্শক আমাদের দেখতে চায় কিন্তু আমাকে তো স্বাভাবিক থেকে কাজটা করতে হবে। তাঁকেও স্বাভাবিক থাকতে হবে। সত্যি বলতে আমরা ওই জায়গাটি রাখিনি।’