হোম > বিনোদন

রিয়েলিটি শো

রিয়েলিটি শো নিয়ে তর্কে জড়ালেন সুনিধি-নেহা

বিনোদন ডেস্ক

সুনিধি চৌহান ও নেহা কক্কর। ছবি: সংগৃহীত

সংগীতবিষয়ক রিয়েলিটি শো ভারতে বেশ জনপ্রিয়। প্রতিবছর একাধিক শো দেখা যায় বিভিন্ন টেলিভিশনে। তবে সেই রিয়েলিটি শোতে দেখানো প্রতিযোগীদের চোখের জল আর হাজারও প্রতিকূলতা পেরিয়ে উঠে আসার গল্প কতটুকু সত্যি—এই বিতর্ক বিনোদনজগতে বহু পুরোনো। এবার রিয়েলিটি শোর এসব বিষয় নিয়ে তর্কে জড়ালেন ভারতের জনপ্রিয় দুই সংগীতশিল্পী সুনিধি চৌহান ও নেহা কক্কর।

সুনিধি ও নেহা দুজনেরই অভিজ্ঞতা আছে গানের রিয়েলিটি শোতে বিচারকের দায়িত্ব পালন করার। সম্প্রতি এক সাক্ষাৎকারে সুনিধি দাবি করেন, বর্তমান রিয়েলিটি শোগুলোতে আগের চেয়ে নাটকীয়তা বেশি দেখা যায়। ক্যামেরার সামনে দেখানো আবেগের অনেকটাই নকল বা পূর্বপরিকল্পিত। টিআরপির জন্য দর্শকদের আবেগ নিয়ে খেলা করা এবং শো-নির্মাতারা আগে থেকেই নির্দিষ্ট কোনো প্রতিযোগীকে প্রশংসা করার নির্দেশ দেন বলেই এসব রিয়েলিটি শোয়ের বিচারকের আসন থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন বলে জানান সুনিধি।

সুনিধির এই বিস্ফোরক মন্তব্যের পরই কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন নেহা কক্কর। সম্প্রতি ‘আই-পপস্টার ভলিউম ২’ রিয়েলিটি শোর প্রচারে সুনিধির মন্তব্য প্রসঙ্গে নেহাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আঙুর ফলের নাগাল যারা পায় না, তাদের কাছে তো সেটা টক লাগবেই। যে যা খুশি বলতে পারে, কিন্তু এই শো কোনোভাবেই স্ক্রিপ্টেড নয়। মানুষ যখন নিজের মনের মতো কিছু পায় না, তখন তারা ওভাবে বলে। কারও জীবনের কষ্ট বা ব্যাকগ্রাউন্ড শুনে আমি যদি আবেগপ্রবণ হয়ে পড়ি, তবে সেটা একদম খাঁটি ও স্বাভাবিক।’

এরপর রিয়েলিটি শোর এসব ঘটনার বিষয়ে নিজের মতামত পরিষ্কার করেন নেহা। তিনি বলেন, ‘প্রতিযোগীদের জীবনের সংগ্রাম বা বিচারকদের কান্না কোনো নাটকের অংশ হতে পারে না। প্রত্যন্ত অঞ্চল ও ছোট শহর থেকে আসা তরুণ-তরুণীদের উঠে আসার গল্পগুলো বাস্তব। কারও জীবনের দুঃখের গল্প কিংবা কষ্টের কথা শুনে কেঁদে ফেলাটা আবেগ, কোনো চিত্রনাট্য নয়।’

অন্যদিকে, সুনিধি চৌহানের মতো শিল্পীকে কটাক্ষ করায় সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের মুখে পড়েছেন নেহা কক্কর। নেটিজেনরা নানা বিরূপ মন্তব্য করছেন নেহাকে নিয়ে।