পরিবেশ বিষয়ক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনে অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘জাতীয় পরিবেশ পদক ২০২৫’ সম্মাননায় ভূষিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) ও রসায়ন বিভাগের অধ্যাপক ড. আবদুস সালাম।
আজ বৃহস্পতিবার (৯ জুলাই) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত বিশ্ব পরিবেশ দিবস ২০২৬-এর জাতীয় অনুষ্ঠানমালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর হাতে এ পদক তুলে দেন।
এর আগে গত ৭ জুন এক প্রজ্ঞাপনের মাধ্যমে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবন ক্যাটাগরিতে অধ্যাপক ড. আবদুস সালামকে ‘জাতীয় পরিবেশ পদক ২০২৫ ’-এর জন্য মনোনীত করে।
ঢাকা বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, পরিবেশ, বায়ু দূষণ, অ্যাটমোসফেরিক সায়েন্স, জলবায়ু পরিবর্তন এবং জনস্বাস্থ্য বিষয়ে গত প্রায় ২৫ বছর ধরে গবেষণা করে আসছেন অধ্যাপক ড. আবদুস সালাম। তাঁর গবেষণার মাধ্যমে বাংলাদেশের বায়ুদূষণের উৎস শনাক্তকরণ, বায়ুর মানোন্নয়ন এবং পরিবেশবান্ধব প্রযুক্তি উদ্ভাবনে গুরুত্বপূর্ণ অবদান রাখা হয়েছে।
এ পর্যন্ত তাঁর অসংখ্য গবেষণা প্রবন্ধ দেশ-বিদেশের খ্যাতিমান আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে। এ ছাড়া তিনি দেশ-বিদেশের বিভিন্ন সম্মেলন ও কর্মশালায় অংশগ্রহণের পাশাপাশি ১৫০টিরও বেশি গবেষণা থিসিস তত্ত্বাবধান করেছেন।
জাতীয় পরিবেশ পদক অর্জনের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা অধ্যাপক ড. আবদুস সালামকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
উল্লেখ্য, পরিবেশ সংরক্ষণ, পরিবেশ বিষয়ক শিক্ষা ও প্রচার এবং গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর তিনজন ব্যক্তি ও তিনটি প্রতিষ্ঠানকে ‘জাতীয় পরিবেশ পদক ২০২৫’ প্রদান করা হয়েছে।