বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসে শুক্রবার সকালটি ছিল অন্য রকম এক উদ্দীপনায় ভরপুর। জাতীয় সংগীতের সুরে হেলিপ্যাডে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড ২০২৬ উপলক্ষে ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক জীববিজ্ঞান উৎসব। সকাল সাড়ে ৮টায় উদ্বোধনের পর ক্যাম্পাসে ছড়িয়ে পড়ে তরুণ শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতি ও বিজ্ঞানচর্চার উচ্ছ্বাস।
উদ্বোধনী ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা ড. মো. শহীদুল হক।
জানা যায়, জীববিজ্ঞান অলিম্পিয়াডের আঞ্চলিক এই পর্বের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিভাবান শিক্ষার্থীদের বাছাই করা হবে, যারা পরবর্তী ধাপে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।
বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াডের ময়মনসিংহ আঞ্চলিক কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. সবিবুল হক জানান, এবারের ৩৭তম আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে লিথুয়ানিয়ার ভিলনিয়াসে। সেখানে বাংলাদেশের হয়ে অংশ নেবে চারজন প্রতিযোগী। সেই দল গঠনের লক্ষ্যে দেশের ১১টি অঞ্চলে একযোগে বাছাইপর্ব চলছে। আঞ্চলিক প্রতিযোগিতা শেষে জাতীয় পর্যায় এবং বায়োক্যাম্পের মাধ্যমে চূড়ান্ত দল নির্বাচন করা হবে।
বিশ্ববিদ্যালয়ের সাতটি কক্ষে সকাল ১০টা থেকে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা
ও কিশোরগঞ্জ জেলার বিভিন্ন স্কুল ও কলেজ থেকে চার শতাধিক শিক্ষার্থী এতে অংশ নেয়। জুনিয়র (৬ষ্ঠ-৮ম), সেকেন্ডারি (৯ম-১০ম) এবং হায়ার সেকেন্ডারি (একাদশ-দ্বাদশ)—এই তিনটি ক্যাটাগরিতে পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রতিটি ক্যাটাগরিতে শীর্ষ ২০ শতাংশ শিক্ষার্থী জাতীয় পর্বে অংশ নেওয়ার সুযোগ পাবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক ড. মো. শহীদুল হক। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. কাজী ফরহাদ কাদির। আরও উপস্থিত ছিলেন ফসল উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড.
আ খ ম গোলাম সারওয়ার, অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান প্রামাণিক, সহকারী প্রক্টর অধ্যাপক ড. সোনিয়া সেহেলী প্রমুখ।