হোম > শিক্ষা > ক্যাম্পাস

নববর্ষের রঙে রঙিন গণ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

তাহমিদ হাসান

বর্ণিল আয়োজনে গণ বিশ্ববিদ্যালয়ে নববর্ষ উদযাপন। ছবি: লেখক

বাঙালি সংস্কৃতির প্রাণবন্ত আবহে বাংলা নববর্ষ-১৪৩৩ উদ্‌যাপনে দিনব্যাপী বৈশাখী মেলা ও সাংস্কৃতিক আয়োজনে উৎসবমুখর হয়ে ওঠে সাভারের গণ বিশ্ববিদ্যালয় (গবি) ক্যাম্পাস। নাচ, গান, বিতর্ক আর ঐতিহ্যবাহী খাবারের সমারোহে ক্যাম্পাসজুড়ে তৈরি হয় এক আনন্দঘন পরিবেশ, যেখানে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মেতে ওঠেন শিক্ষার্থীরা।

গতকাল মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের ট্রান্সপোর্ট চত্বরে গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) আয়োজিত এ উৎসবের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন।

মেলায় দেখা যায়, আলপনায় রাঙানো ট্রান্সপোর্ট চত্বর যেন রূপ নেয় এক টুকরো গ্রামবাংলায়। শিক্ষার্থীরা রঙিন শাড়ি ও পাঞ্জাবিতে সেজে তুলে ধরেন বাঙালির ঐতিহ্যবাহী সাজ। মঞ্চজুড়ে পরিবেশিত হয় বাংলা সংস্কৃতির নানা নৃত্য ও সংগীত, যা দর্শকদের মুগ্ধ করে রাখে। মেলার স্টলগুলোতে ছিল উপচে পড়া ভিড়। পান্তা-ইলিশসহ নানা মুখরোচক খাবার, পাশাপাশি হাতে তৈরি চুড়ি, গয়না ও কারুশিল্পের সমাহার দর্শনার্থীদের আকর্ষণ করে।

মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন। তিনি বলেন, ‘গ্রামবাংলার মেলার ঐতিহ্য শহরে হয় না বললেই চলে। বাঙালি হিসেবে এই ঐতিহ্যকে গ্রাম থেকে শহরে সর্বত্র চর্চা করতে হবে।’ তিনি আরও বলেন, ‘এ ধরনের আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের মাঝে বাঙালি সংস্কৃতির চর্চা বাড়বে এবং অতীতের গ্লানি মুছে সবাই একসঙ্গে শান্তি ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।’

বর্ণিল আয়োজনে গণ বিশ্ববিদ্যালয়ে নববর্ষ উদযাপন। ছবি: লেখক

গকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো. মারুফ বলেন, ‘আমরা খুবই আনন্দিত যে এমন একটি অনুষ্ঠান আমাদের ক্যাম্পাসে আয়োজন করতে পেরেছি। কেন্দ্রীয় ছাত্র সংসদের পক্ষ থেকে উপাচার্য মহোদয়সহ এ আয়োজনের সার্বিক সহযোগিতায় যাঁরা ছিলেন, তাঁদের সবাইকে ধন্যবাদ জানাই। একই সঙ্গে সবাইকে স্বতঃস্ফূর্তভাবে মেলায় অংশ নিয়ে নতুন বছরকে সাদরে বরণ করে অনুষ্ঠানটি উপভোগ করার আহ্বান জানাই।’

বর্ণিল আয়োজনে গণ বিশ্ববিদ্যালয়ে নববর্ষ উদযাপন। ছবি: লেখক

গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সহসভাপতি (ভিপি) ইয়াসিন আল মৃদুল দেওয়ান বলেন, ‘আধুনিকতার ভিড়ে আমাদের সংস্কৃতি ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। সেই হারিয়ে যাওয়া ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করা এবং শিক্ষার্থীদের শৈশবের স্মৃতিকে ফিরিয়ে আনতেই আমাদের এই উদ্যোগ।’

বর্ণিল আয়োজন, প্রাণবন্ত অংশগ্রহণ আর ঐতিহ্যের ছোঁয়ায় নববর্ষ উদ্‌যাপন যেন নতুন প্রজন্মের কাছে বাঙালিয়ানা চর্চার এক অনন্য মঞ্চ হয়ে উঠেছে।

মহাবিশ্ব প্রসারণের নির্ভুল হার পরিমাপ করলেন আইইউবি শিক্ষকসহ ৪০ বিজ্ঞানী

এআইইউবিতে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব ১৪৩৩ উদ্‌যাপিত

বৈশাখের উৎসবে রঙিন আরপিএসইউ ক্যাম্পাস

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য আয়োজনে পয়লা বৈশাখ উদ্‌যাপন

জবিতে বর্ণিল আয়োজনে নববর্ষ উদ্‌যাপন

পাঠকবন্ধুর বর্ষ সমাপন উৎসব: বিদায়ের আলোয় নতুনের গান

হল পুনরুদ্ধারে প্রশাসনকে আল্টিমেটাম জবি ছাত্রদলের

বাংলা বর্ষবরণে প্রস্তুত হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়

রাজশাহী পলিটেকনিকে স্কিলস অ্যান্ড ইনোভেশন কমপিটিশনের আঞ্চলিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

জ্ঞানসন্ধানী এক তরুণের বৈশ্বিক যাত্রা: মো. আবদুর রউফ