হোম > শিক্ষা > ক্যাম্পাস

ডিআইইউর সবুজ ক্যাম্পাসে নবীনবরণ

ক্যাম্পাস ডেস্ক 

সবুজে ঘেরা ক্যাম্পাস। নতুন মুখে প্রাণচাঞ্চল্য। ফুল উপহারে নবীনদের স্বাগত। এমন আনন্দঘন পরিবেশে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ‘ফল ২০২৬’ সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

আশুলিয়ার ‘ড্যাফোডিল স্মার্ট সিটি’ ক্যাম্পাসে দিনব্যাপী এই আয়োজনে নবীনদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রম, সুযোগ-সুবিধা ও বিভিন্ন সেবার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়।

সকালে স্বাধীনতা সম্মেলন কেন্দ্রে বিএনসিসি, এয়ার রোভার স্কাউট ও শিক্ষার্থী স্বেচ্ছাসেবকেরা ফুল এবং স্মারক উপহার দিয়ে নবীনদের বরণ করেন। বিভিন্ন ক্লাব, আন্তর্জাতিক বিষয়ক দপ্তর, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারসহ বিভিন্ন প্রতিষ্ঠানের বুথে সেবা ও কার্যক্রম সম্পর্কে ধারণা দেওয়া হয়।

পবিত্র কোরআন ও গীতাপাঠের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিক পর্ব। এরপর জাতীয় সংগীত ও ডিআইইউর থিম সং পরিবেশন করা হয়। দেখানো হয় বিশ্ববিদ্যালয়ের তথ্যচিত্র।

নবীনদের উদ্দেশে বক্তব্য দেন উপাচার্য অধ্যাপক এম আর কবির। ভিডিও বার্তায় শুভেচ্ছা জানান বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মো. সবুর খান।

প্রধান অতিথি জাতীয় ক্রিকেট দলের তারকা ও সাবেক অধিনায়ক মোহাম্মদ মুশফিকুর রহিম নিজের অভিজ্ঞতা তুলে ধরে নবীনদের অনুপ্রাণিত করেন।

মুশফিকুর রহিম বলেন, ‘চ্যালেঞ্জ সেটিই, যেটি আপনি কঠিনভাবে মোকাবিলা করে অর্জন করতে পারেন। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া একটি বড় প্রতিযোগিতামূলক ক্যারিয়ারের শুরু। তাই আপনারা সঠিক সিদ্ধান্ত নেবেন। পড়াশোনা আপনাদের করতেই হবে। কেউ না চাইলেও এর কোনো বিকল্প নেই।’ তিনি আরও বলেন, ‘যদিও আমি একজন পেশাদার ক্রিকেটার, কিন্তু পড়াশোনা সব সময় আমার কাছে প্রাধান্য পেয়েছে। ব্যক্তিগতভাবে আমি জানি, ক্রিকেটজীবনে পড়াশোনা আমাকে কতটা সাহায্য করেছে। তাই আমি আপনাদের বলব, বিশ্ববিদ্যালয়জীবন অনেক বড় চ্যালেঞ্জ। তবে এই সময়টাকে পরিপূর্ণভাবে উপভোগ করুন। আপনাদের যে দক্ষতা আছে, তা যদি পরিপূর্ণভাবে কাজে লাগাতে পারেন, তাহলে আপনারা একটি ভালো ভবিষ্যৎ পাবেন।’