হোম > শিক্ষা > ক্যাম্পাস

রঙিন ছাতায় বর্ষা উৎসব

লামিয়া ঈমাম

ছবি: সংগৃহীত

বর্ষা এলে আকাশের রং বদলায়। বাতাসে মিশে যায় সোঁদা গন্ধ। প্রকৃতিও যেন একটু বেশি সবুজ হয়ে ওঠে। তবে সম্প্রতি ইডেন মহিলা কলেজে বর্ষা এসেছিল অন্য রকম সাজে। রঙিন ছাতার নিচে, গানের সুরে, নাচের ছন্দে আর তরুণীদের উচ্ছ্বাসে সেজেছিল পুরো ক্যাম্পাস। উপলক্ষ—‘বর্ষাবরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা’।

দুপুর থেকে শুরু হয় উৎসবের আমেজ। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে কলেজ প্রাঙ্গণে বাড়তে থাকে শিক্ষার্থীদের আনাগোনা। শাড়ির রং, হাসির শব্দ আর উৎসবের প্রস্তুতিতে চেনা ক্যাম্পাসও বদলে যেতে থাকে। মাথার ওপর সারি সারি রঙিন ছাতা। কোথাও কমলা, কোথাও বেগুনি। লাল, সবুজ কিংবা নীল ছাতায় ভরে ওঠে চারপাশ।

এই নান্দনিক পরিবেশে শুরু হয় বর্ষা বরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা। বর্ষা বরণের পাশাপাশি আয়োজনটি হয়ে ওঠে বাংলা সংস্কৃতি ও তারুণ্যের প্রাণবন্ত মিলনমেলা। মঞ্চে একে একে পরিবেশিত হয় গান ও নৃত্য। কখনো গানের সুরে ফুটে ওঠে বর্ষার কোমলতা। কখনো নৃত্যের ছন্দে ধরা দেয় তার চঞ্চল রূপ। শিল্পীদের পরিবেশনা আর দর্শকদের করতালিতে মুখর হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ। মঞ্চের আলো যত উজ্জ্বল হয়, উৎসবের আবহও তত জমে ওঠে।

তবে আয়োজনের সৌন্দর্য শুধু মঞ্চেই সীমাবদ্ধ ছিল না। মঞ্চের সামনে রঙিন শাড়িতে সেজে থাকা শিক্ষার্থীরা যেন উৎসবেরই অংশ হয়ে উঠেছিলেন।

কেউ বন্ধুদের সঙ্গে ছবি তুলছেন, কেউ আড্ডায় মেতে উঠেছেন। কেউ আবার মঞ্চের পরিবেশনা উপভোগ করছেন। হাসি, গল্প আর আনন্দে দিনটি হয়ে ওঠে ক্যাম্পাসজীবনের বিশেষ এক স্মৃতি।ধীরে ধীরে ফুরিয়ে আসে দিনের আলো। নামে রাত। একসময় শেষ হয় অনুষ্ঠানও। নিভে যায় মঞ্চের আলো। কমে আসে ভিড়। সবাই ফেরেন নিজ নিজ ঠিকানায়।