হোম > শিক্ষা > ক্যাম্পাস

নটর ডেম কলেজে শুরু হচ্ছে ‘এআর এডুকেশন প্রেজেন্টস ইকোনো কার্নিভাল বাংলাদেশ সিজন-০১’

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

নটর ডেম কলেজ প্রাঙ্গণে নটর ডেম সোসিও-ইকোনমিক ক্লাবের উদ্যোগে এই আসর বসবে। ছবি: বিজ্ঞপ্তি

শিক্ষার্থীদের অর্থনীতি ও ব্যবসা বিষয়ে দক্ষ করে তুলতে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে ‘এআর এডুকেশন প্রেজেন্টস ইকোনো কার্নিভাল বাংলাদেশ সিজন-০১’। নটর ডেম কলেজ প্রাঙ্গণে নটর ডেম সোসিও-ইকোনমিক ক্লাবের উদ্যোগে ১৫ থেকে ১৭ অক্টোবর এই আয়োজন হতে যাচ্ছে।

এই কার্নিভালে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা দুই ডজনেরও বেশি সেগমেন্টে অংশ নিতে পারবে। প্রতিযোগিতাকে তিনটি প্রধান ভাগে ভাগ করা হয়েছে—সোলো সেগমেন্ট, সিগনেচার সেগমেন্ট এবং টিম সেগমেন্ট।

সোলো সেগমেন্ট: এককভাবে অংশ নেওয়ার প্রতিযোগিতার মধ্যে রয়েছে কুইজবোউল; যেখানে ইকোনমিকস অলিম্পিয়াড, ফাইন্যান্স অ্যান্ড বিজনেস অলিম্পিয়াড, জেনারেল নলেজ অলিম্পিয়াড এবং অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি কুইজ থাকবে।

এ ছাড়া ডিজিটাল পোস্টার ডিজাইন, ফটোভার্স, ইকোনস্পিক, আর্টভার্স, মেমেক্রাফট এবং ফিউচার্স বাংলাদেশের মতো সৃজনশীল ও মননশীল ইভেন্ট রয়েছে।

এর মধ্যে মেমেক্রাফট সেগমেন্টে অংশগ্রহণের জন্য কোনো ফি রাখা হয়নি। অন্য ইভেন্টগুলোতে অংশ নিতে ১০০-১৫০ টাকা করে লাগবে।

সিগনেচার ও টিম সেগমেন্ট: সিগনেচার সেগমেন্টের মূল আকর্ষণ হলো দ্য পিপলস পার্লামেন্ট। এটি শুধু মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত।

এই সেগমেন্টে অংশ নিতে দেড় শ টাকা লাগবে।

অনুষ্ঠানের আয়োজকেরা জানান, দ্য পিপলস পার্লামেন্ট সেগম্যন্টে অংশগ্রহণকারীদের সংসদ সদস্যের মতো ভূমিকা পালন করতে হবে। একজন স্পিকার থাকবেন এবং কোনো একটি সমস্যা নিয়ে সংসদ সদস্যের মতো ৬০ সেকেন্ডের বক্তব্যে মতামত দিতে হবে। সেরা মতামতটি বিজয়ী ঘোষিত হবে।

এ ছাড়া দলগত অংশগ্রহণের জন্য রয়েছে প্রজেক্ট ডিসপ্লে, ওয়াল ম্যাগাজিন, গেস দ্য আইকন, ইকোনকেস এবং ওভিসি নির্মাণ প্রতিযোগিতা।

এসব সেগমেন্টে অংশ নিতে ফি রাখা হয়েছে ২০০ টাকা।

এসবের বাইরে কার্নিভালে কালচারাল সেশন, ওয়ার্কশপ ও সেমিনার এবং সেলিব্রিটি শো আয়োজন করা হবে। অংশগ্রহণকারীদের উপহার এবং সনদ দেওয়া হবে। এই কার্নিভালে বিনোদনমূলক অনুষ্ঠানের ব্যবস্থাও রাখা হয়েছে।

নটর ডেম কলেজ প্রাঙ্গণে নটর ডেম সোসিও-ইকোনমিক ক্লাবের উদ্যোগে এই আসর বসবে। ছবি: বিজ্ঞপ্তি

এই আয়োজনে তিনটি শ্রেণিতে শিক্ষার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে। জুনিয়র শ্রেণিতে ষষ্ঠ থেকে অষ্টম, মাধ্যমিক শ্রেণিতে নবম ও দশম এবং উচ্চমাধ্যমিক শ্রেণিতে একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই মেগা কার্নিভাল দেশের তরুণ প্রজন্মের মাঝে অর্থনৈতিক সচেতনতা বৃদ্ধি, সৃজনশীলতার বিকাশ এবং নেতৃত্বের গুণাবলি তৈরিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীদের অংশগ্রহণ এই উৎসবকে আরও মুখর ও বর্ণিল করে তুলবে বলে আয়োজকেরা আশা করছেন।

আয়োজকদের একজন বলেন, ‘অর্থনীতিপ্রেমী শিক্ষার্থীদের জন্য এটি একটি দুর্দান্ত প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। আমরা আশা করি, কার্নিভালে অংশ নেওয়া শিক্ষার্থীরা তাদের যোগ্যতা, সৃজনশীলতা ও গুণের বহিঃপ্রকাশ করে নিজের সৃজনশীলতাকে আরও বাড়িয়ে তুলবে।’

এই কার্নিভালে অংশ নিতে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীদের আগেই নিবন্ধন করতে হবে। নিবন্ধনের লিংক- https://tickify.live/event/econo-carnival-bangladesh-season-01/

এই আয়োজনে মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দৈনিক আজকের পত্রিকা।