চীনের সাংহাইভিত্তিক ইস্ট চায়না বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা দল ‘এআই প্লাস পলিমারস ভি৩.০’ নামে একটি নতুন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক গবেষণা প্ল্যাটফর্ম চালু করেছে। এই গবেষণা প্ল্যাটফর্ম চালু করার মধ্য দিয়ে পলিমার উপাদান গবেষণায় প্রচলিত ট্রায়াল-অ্যান্ড-এরর পদ্ধতির পরিবর্তে নির্ভুল এআই-নির্ভর নকশা প্রক্রিয়ার দিকে অগ্রসর হচ্ছে চীন।
গবেষকদের মতে, নতুন এই প্ল্যাটফর্ম পলিমার উপাদানের গবেষণা ও উন্নয়নের বিভিন্ন চাহিদা পূরণের লক্ষ্য নিয়ে তৈরি করা হয়েছে। এতে ডেটা, মডেল ও অ্যালগরিদম—এই তিনটি স্তরেই উল্লেখযোগ্য উন্নয়ন যুক্ত করা হয়েছে।
প্ল্যাটফর্মটিতে রয়েছে প্রায় ৭৬ লাখ বিশেষায়িত তথ্যসমৃদ্ধ ডেটাবেইস, ৮০টির বেশি এআই মডেল এবং ১০টির বেশি উন্নত অ্যালগরিদম। এসব প্রযুক্তির সমন্বয়ের মধ্য দিয়ে উচ্চ কর্মক্ষমতার রেজিন, জৈব অপটোইলেকট্রনিক উপাদান এবং বিভিন্ন ধরনের কম্পোজিট উপাদান আরও দক্ষভাবে নকশা করা সম্ভব হবে বলে গবেষকেরা আশাবাদ ব্যক্ত করেছেন।
গবেষণা দলটি ২০১৩ সালে পলিমার গবেষণায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার শুরু করে। পরবর্তী সময়ে তারা ‘এআই ফর পলিমারস’ নামে একটি নতুন গবেষণা কাঠামো গড়ে তোলে, যার পূর্ণ মেধাস্বত্ব তাদের নিজস্ব।
গবেষকদের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের মার্চ মাসে প্ল্যাটফর্মটির প্রথম সংস্করণ চালু করার পর এটি চীনের ১০টির বেশি মহাকাশ গবেষণা প্রতিষ্ঠানে এবং ৬০টির বেশি নতুন রাসায়নিক উপাদান উৎপাদনকারী প্রতিষ্ঠানে ব্যবহৃত হচ্ছে।
সূত্র: সিএমজি