কলেজে পড়ার সময় বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন দেখেন সিরাজুম মুনিরা রিংকী। সেই স্বপ্নপূরণে পাড়ি দিতে হয়েছে দীর্ঘ পথ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে পড়ার সময় জার্মানিতে মাস্টার্সে ভর্তির প্রস্তুতি শুরু করেন তিনি। গবেষণা, ভাষা শিক্ষা, বিশ্ববিদ্যালয়ে আবেদন, কাগজপত্র তৈরি থেকে ভিসা-প্রক্রিয়া—বেশির ভাগ কাজই করেছেন নিজে।
অবশেষে দীর্ঘ ২৯ মাস অপেক্ষার পর হাতে এসেছে জার্মানির স্টুডেন্ট ভিসা। গন্তব্য ব্র্যান্ডেনবার্গ ইউনিভার্সিটি অব টেকনোলজি (বিটিইউ), কটবুস-জেনফটেনবার্গ। ২০২৬-২৭ শিক্ষাবর্ষের উইন্টার সেমিস্টারে বিশ্ববিদ্যালয়টির এমএ হেরিটেজ কনজারভেশন অ্যান্ড সাইট ম্যানেজমেন্ট (এইচসিএসএম) প্রোগ্রামে তিনি শুরু করবেন স্নাতকোত্তর। আগামী অক্টোবরে শুরু হচ্ছে নতুন অধ্যায়।
উচ্চশিক্ষার লক্ষ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে ভর্তি হন রিংকী। দ্বিতীয় বর্ষে তিনি জার্মানিতে পড়াশোনার সুযোগ সম্পর্কে জানতে পারেন। তখনই দেশটিতে স্নাতকোত্তর করার স্বপ্ন আরও দৃঢ় হয়। এরপর শুরু হয় তাঁর প্রস্তুতি।
আন্তর্জাতিক মানের শিক্ষা, গবেষণাকেন্দ্রিক পরিবেশ, দক্ষ শিক্ষক ও আধুনিক গবেষণার সুযোগ তাঁকে আকৃষ্ট করেছে। পাবলিক বিশ্ববিদ্যালয়ে কম খরচে পড়ার সুযোগও বড় বিষয় ছিল। আগ্রহ ছিল জার্মানির সংস্কৃতি ও বৈচিত্র্য নিয়েও। তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি হাতে-কলমে শেখার সুযোগ এবং ভবিষ্যতে সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের সম্ভাবনাও তাঁকে এতে উৎসাহ জুগিয়েছে।
ইতিহাসের শিক্ষার্থী হিসেবে স্নাতকোত্তরে বিষয় নির্বাচন সহজ ছিল না। দীর্ঘ সময় ধরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কোর্স ও প্রোগ্রাম নিয়ে খোঁজ করেছেন রিংকী।
মাস্টার্সের ভাষা ইংরেজি। তবু জার্মান ভাষা শেখাকে গুরুত্ব দিয়েছেন রিংকী। বর্তমানে জার্মান ভাষার A2 লেভেলের প্রস্তুতি নিচ্ছেন। নিয়মিত শব্দ শেখা, ব্যাকরণ অনুশীলন ও কথোপকথনের মাধ্যমে ভাষাটি আয়ত্তের চেষ্টা করছেন।