হোম > শিক্ষা > ক্যাম্পাস

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ‘১২তম বেল্টা-ইডব্লিউইউ আন্তর্জাতিক সম্মেলন ২০২৬’ অনুষ্ঠিত

ক্যাম্পাস ডেস্ক

বেল্টা-ইডব্লিউইউ আন্তর্জাতিক সম্মেলনে বক্তব্য দিচ্ছেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। ছবি: সংগৃহীত

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ইংরেজি বিভাগ এবং বাংলাদেশ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচার্স অ্যাসোসিয়েশন (বেল্টা)-এর যৌথ উদ্যোগে দুই দিনব্যাপী ‘১২তম বেল্টা-ইডব্লিউইউ আন্তর্জাতিক সম্মেলন ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। ২০ ও ২১ নভেম্বর রাজধানীর আফতাবনগরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে ১৩টি দেশের প্রায় ৬৫০ জন শিক্ষক, গবেষক ও ভাষা প্রশিক্ষক অংশ নেন। সম্মেলনের সহযোগী সংস্থা হিসেবে ছিল ব্রিটিশ কাউন্সিল এবং ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

‘ইংলিশ ল্যাঙ্গুয়েজ এডুকেশন ইন আ ফ্র্যাকচারড ওয়ার্ল্ড: পোস্টহিউম্যানিস্ট পারসপেক্টিভস অ্যান্ড প্র্যাকটিসেস’ শীর্ষক সম্মেলনে বৈশ্বিক সংঘাত, প্রযুক্তির পরিবর্তন, কৃত্রিম বুদ্ধিমত্তা, পরিবেশগত চ্যালেঞ্জ এবং ক্রমবর্ধমান বৈষম্যের প্রেক্ষাপটে ইংরেজি ভাষা শিক্ষার প্রভাব ও করণীয় নিয়ে আলোচনা হয়।

২০ নভেম্বর সকালে বিশ্ববিদ্যালয়ের মঞ্জুর এলাহী অডিটোরিয়ামে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপারসন এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. এম. আশিক মোসাদ্দিক, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস এবং ঢাকায় মার্কিন দূতাবাসের পাবলিক এনগেজমেন্ট ডিরেক্টর স্কট হার্টম্যান।

সম্মেলনের আহ্বায়কের দায়িত্ব পালন করেন বেল্টার সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক আহমেদ বশির এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ও চেয়ারপারসন ড. আখতার জাহান।

সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন তিনজন খ্যাতিমান শিক্ষাবিদ। তাঁরা হলেন যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ওয়ারউইকের ড. জেসন অ্যান্ডারসন, মার্কিন পররাষ্ট্র দপ্তরের ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্পেশালিস্ট ড. মলি ম্যাকহার্গ এবং অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব কুইন্সল্যান্ডের ড. ওবায়দুল হামিদ।

দুই দিনের এ আয়োজনে কিনোট, প্লেনারি ও ফিচার্ড সেশন, প্যারালাল পেপার প্রেজেন্টেশন, কর্মশালা, কলোকিয়াম, প্যানেল আলোচনা এবং শিক্ষার্থীদের পোস্টার উপস্থাপনাসহ বিভিন্ন একাডেমিক অধিবেশন অনুষ্ঠিত হয়।