ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান। আজ শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন, ২০২৬-এর ১১(১) ধারা অনুযায়ী অধ্যাপক মো. লুৎফর রহমানকে উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে।
যোগদানের তারিখ থেকে চার বছর এ পদে দায়িত্ব পালন করবেন তিনি। তবে চার বছর পূর্ণ হওয়ার আগে অবসর গ্রহণের বয়সসীমায় পৌঁছালে ওই সময় পর্যন্তই দায়িত্বে থাকতে পারবেন। উপাচার্য হিসেবে তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা এবং বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে উপাচার্যকে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করতে হবে। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।
অধ্যাপক মো. লুৎফর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ছিলেন। বর্তমানে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের দায়িত্ব পালন করছেন।
এর আগে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য ছিলেন অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম। তাঁকে ওই পদ থেকে অব্যাহতি দেওয়ার পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।