নতুন স্বপ্ন আর সম্ভাবনার হাতছানি নিয়ে বিশ্ববিদ্যালয়জীবন শুরু করলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ফল ২০২৬ সেমিস্টারের নবীন শিক্ষার্থীরা। তাঁদের বরণ করে নিতে ২৭ নভেম্বর ২০২৬, এলিট কনভেনশন হলে আয়োজন করা হয় সেন্ট্রাল ওরিয়েন্টেশন অনুষ্ঠান। বর্ণিল এই আয়োজনে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও অতিথিরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক মো. আব্দুল মান্নান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের প্রিন্সিপাল অ্যাডভাইজার অধ্যাপক মো. আনোয়ারুল কবীর।
ওরিয়েন্টেশন পর্বে নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাঠামো, পরীক্ষা পদ্ধতি, শিক্ষার্থী সহায়তা সেবা, লাইব্রেরি ও ল্যাবরেটরি সুবিধা সম্পর্কে ধারণা দেওয়া হয়। পাশাপাশি বিভিন্ন ক্লাব ও সংগঠনের কার্যক্রম তুলে ধরা হয়। এর মধ্য দিয়ে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পরিবেশ ও সহশিক্ষা কার্যক্রমের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পান।
আনুষ্ঠানিক পরিচিতির পর সাংস্কৃতিক আয়োজনে মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। অফিস অব দ্য স্টুডেন্ট অ্যাফেয়ার্সের সহযোগিতায় আয়োজিত এই পর্বের প্রধান আকর্ষণ ছিল জনপ্রিয় ব্যান্ড অ্যাশেজের সংগীত পরিবেশনা। ব্যান্ডটির গানে উচ্ছ্বাসে মেতে ওঠেন শিক্ষার্থী, শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের কালচারাল ক্লাবের মনোজ্ঞ নৃত্য পরিবেশনা আয়োজনটিতে যোগ করে বাড়তি প্রাণ।