হোম > শিক্ষা > ক্যাম্পাস

রাবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন, র‍্যাগিং হলে ব্যবস্থা

রাবি প্রতিনিধি  

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস। ছবি: আজকের পত্রিকা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগে এই ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়।

ক্যাম্পাস ঘুরে দেখা যায়, সকাল থেকেই নতুন শিক্ষার্থীদের প্রাণচাঞ্চল্যে যেন নতুন রূপ নেয় বিশ্ববিদ্যালয় আঙিনা। শহীদ মিনার, প্যারিস রোড, টুকিটাকি চত্বর, আম চত্বর, পরিবহন মার্কেট, ইবলিশ চত্বরসহ বিভিন্ন স্থানে নবীনদের আড্ডা, পরিচিতি পর্ব ও ফটোসেশনে ব্যস্ত সময় কাটাতে দেখা যায়। তাঁদের সঙ্গে অভিভাবকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।

নবীনবরণ অনুষ্ঠান শেষে একাডেমিক ভবন থেকে বের হতেই পুরো ক্যাম্পাসে ছড়িয়ে পড়ে উৎসবের আবহ। কারও হাতে ফুল, কেউ নতুন বন্ধুদের সঙ্গে পরিচয়ে মেতে উঠেছেন। কোথাও ছোট ছোট দলে জমে উঠেছে প্রাণবন্ত আড্ডা, আবার কেউ গেয়ে উঠেছেন প্রিয় গান। হাসি, গল্প আর উচ্ছ্বাসে মুহূর্তেই পুরো ক্যাম্পাস পরিণত হয় প্রাণচঞ্চল এক মিলনমেলায়।

প্রথম দিনের অনুভূতি জানিয়ে ফলিত গণিত বিভাগের শিক্ষার্থী সুষ্মিতা দাস বলেন, ‘আজ বিশ্ববিদ্যালয়জীবনের প্রথম দিন। নবীনবরণ অনুষ্ঠানে শিক্ষকদের দেওয়া বক্তব্য আমাদের জন্য অনেক অনুপ্রেরণামূলক ছিল। সবার সঙ্গে পরিচিত হতে পেরে খুব ভালো লাগছে।’

অর্থনীতি বিভাগের শিক্ষার্থী তানভীর ইসলাম বলেন, সময়টা অনেক আনন্দঘন ছিল। কেন্দ্রীয়ভাবে নবীনবরণ আয়োজন হলেও বিভাগভিত্তিক অনুষ্ঠানগুলো সত্যিই প্রশংসনীয়। উপ-উপাচার্যের উপস্থিতি অনুষ্ঠানটিকে আরও বিশেষ করে তুলেছে।

ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সালমান আহমেদ বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের নতুন পরিবেশ আমাদের জন্য অনেক আনন্দ আর উচ্ছ্বাসের। তবে এখানে আসার পথটা সহজ ছিল না। প্রথমবার ভর্তি পরীক্ষায় সুযোগ না পাওয়ায় ভীষণ হতাশ হয়েছিলাম। পরে আবার চেষ্টা করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পাই।’

এদিকে বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিংয়ের ঘটনা ঘটলে যথাযথ ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, এই ক্যাম্পাস সম্পূর্ণ র‍্যাগিংমুক্ত। অতীতে এ ধরনের ঘটনায় জড়িত অনেক শিক্ষার্থীকে শাস্তির আওতায় আনা হয়েছে। ভবিষ্যতেও কেউ র‍্যাগিংয়ের সঙ্গে জড়িত হলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

হাসপাতাল থেকে ফের সার্কিট হাউসে চুয়েট ভিসি, শাটডাউনে ফাঁকা ক্যাম্পাস

জবি ক্যাম্পাসে পশু জবাই থেকে বিরত থাকার নির্দেশ প্রশাসনের

ইস্টার্ন ইউনিভার্সিটিতে ফল সেমিস্টারের নবীনবরণ অনুষ্ঠিত

ঢাকায় অনুষ্ঠিত হলো ‘ডেটাডেভেলপ প্রাইজ ২০২৬’ প্রতিযোগিতা, বিজয়ী দল যাচ্ছে হংকং

উত্তরায় এজেসিসি ল্যাঙ্গুয়েজ স্কুলের আনুষ্ঠানিক যাত্রা শুরু

ঢাবির ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি

আল-আজহারে পড়তে চাইলে আরবি ভাষায় ভালো দখল থাকতে হবে: সুয়াইবুর রহমান

আন্তর্জাতিক গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াড: প্রথমবার ১ স্বর্ণসহ ১৫ পদক জয়

সীমানা পেরিয়ে বাংলার সংস্কৃতি

বগুড়ায় পাঠকবন্ধুর বৃক্ষরোপণ কর্মসূচি