হোম > শিক্ষা > ক্যাম্পাস

রাইজ অ্যাবাভ অল ১০ এক্স দশম আসর নিয়ে ফিরছে

ক্যাম্পাস ডেস্ক

ছোট্ট উদ্যোগ হিসেবে যাত্রা শুরু ৯ বছর আগে। সময়ের পরিক্রমায় সেটিই হয়ে উঠেছে দেশের তরুণদের পরিচিত একটি মঞ্চ। যেখানে সাফল্যের পাশাপাশি উঠে আসে ব্যর্থতা, কঠিন সময় পেরিয়ে ঘুরে দাঁড়ানোর গল্প। সেই ধারাবাহিকতায় ২৭ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘রাইজ অ্যাবাভ অল’-এর দশম আসর। এবার আরও বড় পরিসরে।

শুক্রবার সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) কমপ্লেক্সে বসবে এই আয়োজন। বরাবরের মতো এবারও আয়োজক ডন সামদানী ফ্যাসিলিটেশন অ্যান্ড কনসালট্যান্সি।

দিনব্যাপী আয়োজনে অভিজ্ঞতা ও ভাবনা তুলে ধরবেন বিভিন্ন খাতের করপোরেট ব্যক্তিত্ব ও শীর্ষস্থানীয় নেতারা। তাঁদের মধ্যে রয়েছেন মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জাকিয়া সুলতানা, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এমডি ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান, বাটা বাংলাদেশের এমডি ফারিয়া ইয়াসমিন, বিএসআরএম গ্রুপের এমডি আমের আলী হোসাইন, ওয়ান ব্যাংকের সিইও মুহিত রহমান, একমি ল্যাবরেটরিজের এমডি তাসনিম সিনহা, লংকাবাংলা ফাইন্যান্সের এমডি হুমায়রা আজম, এসএমসি এন্টারপ্রাইজের এমডি সায়েফ নাসির এবং ওরাকল বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর রুবাবা দৌলা।

এই প্রথম বক্তব্য দেবেন বাংলাদেশে নিযুক্ত তুর্কি বংশোদ্ভূত ইউনাইটেড আইগ্যাস এলপিজির প্রধান নির্বাহী কর্মকর্তা হারুন ওর্তাচ। থাকবেন অভিনেতা তৌসিফ মাহবুব ও অভিনেত্রী সাবিলা নূর। দিনব্যাপী আলোচনা শেষে সংগীত পরিবেশন করবে জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ।

এই আয়োজনে বক্তারা শুধু সাফল্যের গল্প নয়, জীবনের কঠিন সময়, ভুল সিদ্ধান্ত ও ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়ানোর অভিজ্ঞতাও তুলে ধরবেন। তাঁদের সরাসরি শোনা, প্রশ্ন করার সুযোগ তরুণদের জন্য হয়ে উঠবে ভিন্ন এক অভিজ্ঞতা।