হোম > শিক্ষা > ক্যাম্পাস

যুক্তিতর্কের আয়োজনে মুখর মাইলস্টোন কলেজ

ক্যাম্পাস ডেস্ক

একটি যুক্তিবাদী সমাজ গড়ার প্রত্যয়ে রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজে অনুষ্ঠিত হয়েছে ২২তম আন্তশ্রেণি বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। কলেজের ডিবেটিং ক্লাব আয়োজিত এই প্রতিযোগিতায় বাংলা ও ইংরেজি ভাষায় অংশ নেয় নবম থেকে দ্বাদশ শ্রেণির ছয় শতাধিক শিক্ষার্থী।

১৯ নভেম্বর উত্তরার দিয়াবাড়িতে কলেজের স্থায়ী ক্যাম্পাসের কামালউদ্দিন মিলনায়তনে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। এতে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম। বিশেষ অতিথি ছিলেন উপদেষ্টা কর্নেল নুরন নবী (অব.) ও উপাধ্যক্ষ (প্রশাসন) মো. মাসুদ আলম।

প্রতিযোগিতার সার্বিক পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন কলেজের পরিচালক (শিক্ষা) এবং ডিবেটিং ক্লাবের মডারেটর মোহাম্মদ শাফায়েত উদ্দিন।

অনুষ্ঠানের শেষ পর্বে চ্যাম্পিয়ন দল এবং সেরা বিতার্কিকদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন প্রধান অতিথি।

অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম বলেন, ‘বিতর্ক হলো একটি জীবনদর্শন, যা আমাদের যুক্তির আলোকে বিশ্লেষণ, সহিষ্ণুতা এবং অন্যের মতামতকে শ্রদ্ধা করতে শেখায়।’ তিনি অংশগ্রহণকারী সব বিতার্কিকের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। একই সঙ্গে যুক্তিবাদী ও মানবিক মানুষ হিসেবে গড়ে উঠে দেশের কল্যাণে নিজেদের যোগ্য করে তোলার আহ্বান জানান।