হোম > শিক্ষা > ক্যাম্পাস

উত্তরা ইউনিভার্সিটিতে ভর্তি মেলা

নিজস্ব প্রতিবেদক

বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, শিক্ষার পরিবেশ, একাডেমিক সুযোগ-সুবিধা এবং সহশিক্ষা কার্যক্রম সম্পর্কে শিক্ষার্থী ও অভিভাবকদের সরাসরি ধারণা দিতে ‘ফিউচার ইজ ইয়োর্স’ প্রতিপাদ্যে ১৬ দিনব্যাপী এডুকেশন অ্যান্ড অ্যাডমিশন ফেয়ার (স্প্রিং ২০২৭) শুরু করেছে উত্তরা ইউনিভার্সিটি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের স্মার্ট ক্যাম্পাসের মাল্টিপারপাস হলে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ইয়াসমীন আরা লেখা। মেলা চলবে আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, ‘ফিউচার ইজ ইয়োর্স’ প্রতিপাদ্যটি মানসম্মত শিক্ষা, ব্যবহারিক জ্ঞান ও ক্যারিয়ার গঠনের মাধ্যমে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণে বিশ্ববিদ্যালয়ের অঙ্গীকার তুলে ধরে। শিক্ষার্থী ও অভিভাবকদের ক্যাম্পাস ঘুরে দেখার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সুযোগ-সুবিধা সম্পর্কে জানার আমন্ত্রণ জানান তিনি। অভিভাবকদের যেকোনো পরামর্শ ও মতামত গ্রহণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রস্তুত বলেও জানান।

বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য নাবিদ আজিজ বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে মানসম্মত শিক্ষা, ব্যবহারিক দক্ষতা ও আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে উত্তরা ইউনিভার্সিটি। উচ্চশিক্ষা, গবেষণা ও উদ্ভাবনে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হিসেবে গড়ে ওঠাও তাদের লক্ষ্য।

অফিস অব অ্যাডমিশনের পরিচালক কাজী তারেক উল্যাহ বলেন, আধুনিক ও কর্মমুখী শিক্ষার প্রসারে বিশ্ববিদ্যালয়টি কাজ করছে। স্থায়ী ক্যাম্পাসের পরিবেশ, আধুনিক সুযোগ-সুবিধা ও যুগোপযোগী কারিকুলাম সম্পর্কে নতুন প্রজন্মকে জানানোই এই আয়োজনের উদ্দেশ্য। একই ছাদের নিচে ভর্তি-সংক্রান্ত সব কার্যক্রম সম্পন্নের ব্যবস্থাও রাখা হয়েছে।

আয়োজকেরা জানান, মেলায় বিশ্ববিদ্যালয়ের পাঁচটি স্কুলের অধীনে ১৪টি বিভাগের পৃথক স্টল রয়েছে। রয়েছে বিএনসিসি, রোভার স্কাউটসহ বিভিন্ন ক্লাবের স্টল। মেলায় ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বৃত্তি, তাৎক্ষণিক ভর্তি-সেবা এবং আকর্ষণীয় উপহারসামগ্রীর ব্যবস্থা রয়েছে।

মেলায় শিক্ষার্থী ও অভিভাবকেরা শিক্ষকদের সঙ্গে সরাসরি কথা বলে স্নাতক এবং স্নাতকোত্তর প্রোগ্রাম, গবেষণার সুযোগ, সহশিক্ষা কার্যক্রমসহ ক্যাম্পাসের সামগ্রিক পরিবেশ সম্পর্কে জানতে পারছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য, উপদেষ্টা, ট্রেজারার, রেজিস্ট্রার, কন্ট্রোলার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।