হোম > শিক্ষা > ক্যাম্পাস

তোমাকে ভালোবাসি মা

শিক্ষা ডেস্ক

প্রতীকী ছবি

‘মা’—ভালোবাসা, যত্ন আর নিঃস্বার্থ মমতার আরেক নাম। মায়ের আদরে বড় হয়ে একসময় সন্তান জীবনের প্রয়োজনে দূরে চলে যায়। সেই সন্তানের খাওয়া, ঘুম, শরীর কিংবা প্রতিদিনের ছোট ছোট বিষয় নিয়েও তাঁর অফুরন্ত ভাবনা। এমন কোনো দিন নেই, যেদিন মা সন্তানের খোঁজ নেন না। সেই অকৃত্রিম ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা জানাতে মা দিবসে তাঁদের আবেগের কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছয় সন্তান।

আসিফ মোক্তাদির

আম্মুকে সত্যিকারের লৌহমানবী মনে করি

আমাকে ‘প্রথম হতেই হবে’—মা কখনো এমন চাপ দেননি; বরং তিনি আমাকে শিখিয়েছেন সততার সঙ্গে নিজের সর্বোচ্চ চেষ্টা করতে। স্কুলের সভায় অংশ নেওয়া থেকে শুরু করে প্রতিদিনের পড়াশোনার খোঁজ রাখা। এ ছাড়া বন্ধু নির্বাচনের ক্ষেত্রেও মায়ের ছিল গভীর নজর। আমরা যখন আমেরিকায় চলে আসি, আম্মু তখন একটি চকলেট ফ্যাক্টরিতে কাজ করতেন। ভোরে বাসে করে কাজে চলে যেতেন, কিন্তু কখনো আমার ঘুম ভাঙাতেন না। কারণ, তিনি জানতেন, আমি রাত জেগে পড়াশোনা করেছি। তাঁর সেই ছোট ছোট ত্যাগই আজ আমার জীবনের সবচেয়ে বড় শক্তি। ব্রিটেনের প্রথম নারী প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারকে কেন ‘লৌহমানবী’ বলা হয়, জানি না। তবে জীবনের সব প্রতিকূলতার মধ্যেও চার সন্তানকে আগলে রাখা আম্মুকে নিঃসন্দেহে একজন সত্যিকারের লৌহমানবী মনে করি।

আসিফ মোক্তাদির, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়

হুমাইরা খানম জেরীন।

মায়ের প্রতি ভালোবাসা বেঁচে থাকুক

খুব ছোটবেলায় যখন কথা বলতে পারতাম না, তখন একজন মানুষই আমার মনের কথা বুঝতে পারতেন। এরপর যখন কথা বলতে শিখলাম, তখনো আমার অস্পষ্ট শব্দগুলো তিনি বুঝে নিতেন। যখন কান্না করতাম, সেই কান্নার কারণ ঠিকই বুঝে ফেলতেন—তিনি আমার মা। তিনি আমাকে খাইয়ে বড় করেছেন, নিজের হাতে ধরে খেতে শিখিয়েছেন। তাঁর হাত ধরেই আমি হাঁটা শিখেছি, পরে শিখেছি গুছিয়ে কথা বলতে, আর মানুষের মাঝে নিজেকে প্রকাশ করতে। আজ যখন দেশ আর সমাজ নিয়ে ভাবতে শিখেছি, তার পেছনে সবচেয়ে বড় অবদান মায়ের। একজন মা সন্তানের জন্ম থেকে শুরু করে সারা জীবন যে আত্মত্যাগ, কষ্ট ও পরিশ্রমের ভেতর দিয়ে যান, তা নিঃসন্দেহে পৃথিবীর সবচেয়ে নিঃস্বার্থ ভালোবাসার উদাহরণ। ভালোবাসি মা।

হুমাইরা খানম জেরীন, শিক্ষার্থী, চট্টগ্রাম কলেজ

সাবরিন সুলতানা উর্বরা।

মায়ের ভালোবাসা অনুভবে ভরা

সবাই যখন জিজ্ঞেস করে, তুমি ভবিষ্যতে কার মতো হতে চাও? আমার একটাই উত্তর—মায়ের মতো। কারণ, মানবিকতা, সহনশীলতা আর ভালোবাসার দিক থেকে মা-ই আমার কাছে সবচেয়ে বড় আদর্শ। মায়ের প্রতি সবচেয়ে বড় অভিমান—মা কখনো আমার জন্মদিনে শুভেচ্ছা জানান না। তবে আমি জানি, তিনি মুখে না বললেও প্রতিটি মুহূর্তে আমার জন্য তাঁর দোয়া ও ভালোবাসা অটুট থাকে। কারণ, মায়ের ভালোবাসা অনুভবে ভরা। হয়তো সব কথা বলা হয় না, তবে তুমি আমার সেই নিরাপদ আশ্রয়, যেখানে জীবনের সব ক্লান্তি এসে থেমে যায়। বিশেষ দিনে শুধু একটাই চাওয়া—তুমি সব সময় সুস্থ থেকো, মা। আর এভাবেই আমার পাশে থেকো। তোমার উপস্থিতিই আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ।

সাবরিন সুলতানা উর্বরা, শিক্ষার্থী, আর পি সাহা বিশ্ববিদ্যালয়, নারায়ণগঞ্জ

মো. তাহমিদ আল মাহবুব খান এলিন।

তুমি শুধু মা নও, আমার পৃথিবী

নিজের স্বপ্ন, আরাম-আয়েশ ত্যাগ করে আমার সুন্দর ভবিষ্যৎ গড়ার স্বপ্ন বুনেছেন, তিনি আমার মা। নিজের প্রয়োজন ভুলে আমার যত্ন নিয়েছেন। কখনো নিজে না খেয়ে আমাকে খাইয়েছেন, আবার নিজের জন্য কিছু না কিনে আমার মুখে হাসি ফুটিয়েছেন। আজ আমি বিশ্ববিদ্যালয়ে পড়ছি। এই পথচলার প্রতিটি ধাপে জড়িয়ে আছে আমার মায়ের নিঃশর্ত ভালোবাসা, পরিশ্রম ও আত্মত্যাগ। শত মাইল দূরে থেকেও তিনি প্রতিদিন ফোন করে খোঁজ নেন, আমি কী খাচ্ছি, ক্লাস কেমন চলছে, শরীর ভালো আছে কি না। ছুটিতে বাড়ি গেলে তাঁর মুখে যে প্রশান্তির হাসি দেখি, সেটিই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। আর ঢাকায় ফেরার সময় ভালোবাসায় মোড়া খাবারের পোঁটলা হাতে দিয়ে বলেন, ‘তুই ভালো থাকলে আমি ভালো থাকি।’

মা দিবসে মাকে বলতে চাই, তুমি শুধু মা নও, আমার পৃথিবী।

মো. তাহমিদ আল মাহবুব খান এলিন, শিক্ষার্থী, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ঢাকা

সামসুন্নাহার পিংকি।

নিঃস্বার্থ ভালোবাসার আরেক নাম ‘মা’

পৃথিবীর সবকিছু যখন ধীরে ধীরে বদলে যায়, তখনো একজন মানুষ নিঃস্বার্থভাবে আমাদের পাশে থেকে যায়—মা। ছোটবেলায় আমার হাত ধরে হাঁটা শেখানো থেকে শুরু করে আজ পর্যন্ত প্রতিটি ভয়, প্রতিটি কষ্ট এবং প্রতিটি স্বপ্নের পাশে তুমি ছিলে। আমি হয়তো সব সময় তা বলতে পারি না, কিন্তু আমার প্রতিটি হাসির পেছনে তোমার অসংখ্য ত্যাগ লুকিয়ে আছে। তুমি ক্লান্ত হও, তবু আমাদের জন্য হাসো। তুমি কষ্ট পাও, তবু আমাদের ভালো রাখার জন্য নিরন্তর চেষ্টা করো। পৃথিবীর সবচেয়ে সুন্দর অনুভূতি হলো—যেখানেই যাই না কেন, জানি একজন মানুষ সব সময় আমার জন্য দোয়া করে যাচ্ছে। মা, তোমাকে আমি কতটা ভালোবাসি, তা হয়তো ভাষায় প্রকাশ করতে পারি না। তবে এটুকু জানি, পৃথিবীতে যদি নিঃস্বার্থ ভালোবাসা বলে কিছু থাকে, তাহলে তার আরেক নাম ‘মা’।

সামসুন্নাহার পিংকি, শিক্ষার্থী, এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ঢাকা

ফাহমিদা আফরিন সূচনা।

দূরে থেকে মাকে পেতে বঞ্চিত শুধু আমি

আমি যত বড় হচ্ছি, মাকে ততই উপলব্ধি করতে শিখছি, গলার আওয়াজ শুনে বলে দিতে পারি, মায়ের মনটা ভালো নেই। আমি চাই, আমার মায়ের মন কখনোই যেন খারাপ না হয়। আরও চাই, এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে মাকে জড়িয়ে ধরে যেভাবে খুশিতে কেঁদেছিলাম, সেই আনন্দাশ্রু আমি অসংখ্যবার ভাগ করে নিতে চাই মায়ের সঙ্গে, প্রতিটি সাফল্যে। এখন চোখ বন্ধ করলে মায়ের অস্তিত্ব অনুভব করি। তবু মাঝে মাঝে মন খারাপ হয়, প্রাণহীন বাড়িটাও মাকে পায়, উঠোনের রোদ মাকে পায়, ঘরের সমস্ত আসবাব মাকে পায়, দূরে থেকে মায়ের সান্নিধ্য পেতে বঞ্চিত শুধু আমি। অপেক্ষায় থাকি, তোমার জন্য একগুচ্ছ গোলাপ নিয়ে বাড়ি ফিরব বলে। এই আশা আমাকে জীবন্ত রাখে। তোমাকে ভীষণ ভালোবাসি, মা। হৃদয়ের পুরোটা জুড়ে শুধু তুমিই আছ।

ফাহমিদা আফরিন সূচনা , শিক্ষার্থী, গণ বিশ্ববিদ্যালয়

‎ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে ইডেনে বিক্ষোভ

পাবিপ্রবি থেকে ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটিতে মীর জুবায়ের

বিশ্বমঞ্চে তিন তরুণের উদ্ভাবন ‘আকাশ পাঠাব’ দল

এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে দুই দিনব্যাপী ৪র্থ আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

ঢাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি

এডুর‍্যাঙ্কে মাইক্রোবায়োলজিতে শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় স্টামফোর্ড

উরি র‍্যাঙ্কিংয়ে ৬৪ ধাপ এগিয়েছে উত্তরা ইউনিভার্সিটি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গ্যারেজ থেকে শিক্ষার্থীর সাইকেল চুরি, থানায় অভিযোগ

ঢাবির হলে ‘ব্যানার টানানো’ ঘিরে মুখোমুখি ছাত্র সংসদ-ছাত্রদল

এইউবিতে ২৪ কলেজের অংশগ্রহণে আন্তকলেজ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন