জলবায়ু পরিবর্তন কারও কাছে তাপমাত্রা বৃদ্ধির পরিসংখ্যান, কারও কাছে নীতিনির্ধারণী আলোচনার বিষয়। তবে বাংলাদেশের উপকূলীয় মানুষের কাছে এর অর্থ ঘূর্ণিঝড়ে ঘর হারানো, নদীভাঙনে বসতভিটা বিলীন হওয়া, কৃষিজমিতে লবণাক্ততা ছড়িয়ে পড়া কিংবা সুপেয় পানির জন্য সংগ্রাম। এসব বাস্তবতা আন্তর্জাতিক জলবায়ু আলোচনায় তুলে ধরতে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এ বাংলাদেশের যুব প্রতিনিধি হিসেবে অংশ নিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী ও তরুণ স্বেচ্ছাসেবক সোহেল রানা। ৯ থেকে ২০ নভেম্বর তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত সম্মেলনে তাঁর অংশগ্রহণ স্থানীয় পর্যায়ের অভিজ্ঞতাকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার সুযোগ তৈরি করেছে।
বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি সামাজিক ও স্বেচ্ছাসেবী কার্যক্রমে যুক্ত থেকে প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম কাছ থেকে দেখেছেন সোহেল। বিশেষ করে বরিশাল অঞ্চলের মান্তা ও ভাসমান জনগোষ্ঠীর জীবন তাঁকে ভাবিয়েছে। অনিশ্চিত আবাসন, দারিদ্র্য ও জীবিকার চাপের কারণে এসব জনগোষ্ঠীর অনেক শিশু নিয়মিত শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত। তাঁর মতে, জলবায়ু পরিবর্তনের প্রভাব শুধু বসতভিটা হারানোয় সীমাবদ্ধ নয়; এটি মানুষের আয়, শিক্ষা, সামাজিক নিরাপত্তা ও ভবিষ্যৎকেও অনিশ্চিত করে তোলে।
২০২৩ সাল থেকে ভলান্টিয়ার ফর বাংলাদেশে (ভিবিডি) যুক্ত সোহেল। ২০২৬ সালের জুনে সংগঠনটির বরিশাল সিটি করপোরেশন বোর্ডের সভাপতি নির্বাচিত হন। শিক্ষা, পরিবেশ সংরক্ষণ, দুর্যোগ মোকাবিলা, স্বাস্থ্য সচেতনতা, রক্তদানসহ বিভিন্ন উদ্যোগে কাজ করছেন। তাঁর সম্পৃক্ততায় ৫০০-এর বেশি স্বেচ্ছাসেবী এবং ১০টির বেশি প্রকল্প ও উদ্যোগে কাজের অভিজ্ঞতা হয়েছে। এসব কার্যক্রমের মাধ্যমে ৬ শতাধিক মানুষের কাছে সহায়তা পৌঁছেছে।
মান্তা ও ভাসমান জনগোষ্ঠীর শিশুদের শিক্ষার সুযোগ বাড়াতে কাজ করছেন সোহেল। শিক্ষা উপকরণ সরবরাহ, শেখার সেশন আয়োজন এবং অভিভাবকদের সম্পৃক্ত করার মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার পরিবেশ গড়তে চান তিনি। এ লক্ষ্য বাস্তবায়নে শিখাইয়ের মাধ্যমে দীর্ঘমেয়াদি শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর।
সম্মেলনে জলবায়ু অর্থায়ন, অভিযোজন, ক্ষয়ক্ষতি মোকাবিলা, নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায়সংগত জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা হয়েছে। সোহেলের মতে, আন্তর্জাতিক অঙ্গীকারের পাশাপাশি জলবায়ু সহায়তা সবচেয়ে ঝুঁকিতে থাকা মানুষের কাছে পৌঁছাচ্ছে কি না, স্থানীয় জনগোষ্ঠীর মতামত নীতিনির্ধারণে প্রতিফলিত হচ্ছে কি না, তা নিশ্চিত করা জরুরি।
তরুণদের গবেষণা, নীতিনির্ধারণী আলোচনা এবং স্থানীয় উদ্যোগে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি। তাঁর বিশ্বাস, আন্তর্জাতিক অভিজ্ঞতাকে স্থানীয় মানুষের প্রয়োজনে কাজে লাগাতে পারলেই জলবায়ু মোকাবিলার প্রচেষ্টা অর্থবহ হবে। উপকূলের মানুষের অধিকার, মান্তা শিশুদের শিক্ষা এবং জলবায়ু ন্যায়বিচারের প্রশ্ন তুলে ধরাই তাঁর এই যাত্রার মূল প্রত্যয়।