জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অছাত্রদের রাজনীতি বন্ধে প্রশাসনকে কঠোর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ড. বিলাল হোসাইন। যাঁরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক পদে থেকেও যথাযথ দায়িত্ব পালন করেন না, তাঁদের ব্যাপারে পদক্ষেপ নেওয়ার কথাও বলেন তিনি।
আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অধ্যাপক ড. বিলাল হোসাইন এসব কথা বলেন। তিনি বলেন, ‘ক্যাম্পাসকে সুস্থ ও সুন্দরভাবে পরিচালনা করতে হলে যাঁরা নিয়মিতভাবে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত, তাঁদেরই ক্যাম্পাসের কর্মকাণ্ডে অগ্রাধিকার দিতে হবে। অছাত্রদের ক্যাম্পাসে আসা-যাওয়া ও নিয়মিত শিক্ষার্থীদের সঙ্গে রাজনীতি করার প্রবণতা বন্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কঠোর হতে হবে।’
শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি করার যে অধিকার, সেটা শুধু নিয়মিত ছাত্রদের জন্য হওয়া দরকার। এটি শুধু শিক্ষার্থীদের মধ্যে সীমাবদ্ধ হওয়া উচিত। আপনাদের শিক্ষা জীবন শেষ হয়ে গেছে, আপনারা অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন করেন। অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন করে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সম্পর্ক বজায় রাখেন।’
গত মঙ্গলবার ক্যাম্পাসে সংঘর্ষের ঘটনায় প্রক্টরিয়াল বডির দায়িত্ব নিয়ে প্রশ্ন তুলে অধ্যাপক বিলাল বলেন, ‘মঙ্গলবার সারা দিন এখানে মারামারি ও সংঘর্ষ হলো। সন্ধ্যার পর হাসপাতালে আক্রমণ করা, একাধিকবার আক্রমণ করা। এটি ২৪-এর জুলাই বিপ্লবের পরবর্তী বাস্তবতার পর কখনোই মেনে নেওয়ার মতো নয়।’
শিক্ষক সমিতির এই নেতা আরও বলেন, ‘এই বিশ্ববিদ্যালয় আমাদের সবার। শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী সবাই মিলে বিশ্ববিদ্যালয়কে কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যেতে চাই। এই দেশের মানুষের করের টাকায় বিশ্ববিদ্যালয় চলে, আমাদের বেতন হয়। এই বিশ্ববিদ্যালয় যদি সুন্দরভাবে না চলে, সেটি অপ্রত্যাশিত বলে আমি মনে করি।’